AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Moushumi Chatterjee Relationship: ‘বয়ফ্রেন্ড থাকুক, তাঁকেই বিয়ে করতে হবে না!’ কেন মৌসুমী মেয়েকে এমন নির্দেশ দিয়েছিলেন?

Moushumi Chatterjee Boyfriend Marriage Remark: হেমন্ত মুখোপাধ্যায়ের পুত্র জয়ন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন তিনি। এরপর ১৭ বছর বয়সে প্রথম সন্তান পায়েলের জন্ম দেন এবং পরবর্তীতে ১৯৯১ সালে জন্ম হয় তাঁর দ্বিতীয় কন্যা মেঘা মুখোপাধ্যায়ের। অল্প বয়সে সংসার ও মাতৃত্বের অভিজ্ঞতা সঞ্চয় করা সেই মৌসুমীই সম্পর্ক নিয়ে সোজাসাপটা কথা বলেছিলেন এক সাক্ষাৎকারে।

Moushumi Chatterjee Relationship: 'বয়ফ্রেন্ড থাকুক, তাঁকেই বিয়ে করতে হবে না!' কেন মৌসুমী মেয়েকে এমন নির্দেশ দিয়েছিলেন?
| Updated on: Nov 20, 2026 | 5:05 PM
Share

মাত্র ১৫ বছর বয়সে বিয়ে, আর ১৭ বছর বয়সেই মাতৃত্ব— কেরিয়ারের শুরুতেই সংসার ও দায়িত্বের বেড়াজালে জড়িয়েছিলেন অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়। ১৯৬৭ সালে বাংলা ছবি ‘বালিকা বধূ’-তে শিশুশিল্পী হিসেবে অভিনয় জীবন শুরু করার পর কিংবদন্তি সঙ্গীতশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের পুত্র জয়ন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন তিনি। এরপর ১৭ বছর বয়সে প্রথম সন্তান পায়েলের জন্ম দেন এবং পরবর্তীতে ১৯৯১ সালে জন্ম হয় তাঁর দ্বিতীয় কন্যা মেঘা মুখোপাধ্যায়ের। অল্প বয়সে সংসার ও মাতৃত্বের অভিজ্ঞতা সঞ্চয় করা সেই মৌসুমীই সম্পর্ক নিয়ে সোজাসাপটা কথা বলেছিলেন এক সাক্ষাৎকারে।

‘জাগরণ ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬’-এ নয়নদীপ রক্ষিতের সঙ্গে এক আলাপচারিতায় মেয়েকে দেওয়া নিজের পরামর্শের কথা প্রকাশ্যে আনেন মৌসুমী। অভিনেত্রী জানান, ডেটিং ও বিয়ে নিয়ে তিনি তাঁর মেয়েকে খোলামেলা ভাবনার কথাই বলেছেন। মৌসুমীর কথায়, “আমি আমার মেয়েকে বলি, ‘তোমার প্রেমিক থাকতেই পারে, কিন্তু সেই মানুষটাকেই বিয়ে করতে হবে, এমন কোনও বাধ্যবাধকতা নেই।’”

অনুষ্ঠানে উপস্থিত মহিলাদের উদ্দেশেও নিজেকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান অভিনেত্রী। সময়ের পরিবর্তনের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, “মেয়েরা, আজকের দিনে একটু সাবধান থেকো। নিজেকে নিয়ে একটু স্বার্থপর এবং আত্মকেন্দ্রিক হও, কারণ সময় এখন বদলে গিয়েছে। গীতাতেও লেখা আছে— ‘পরিবর্তনই সংসারের নিয়ম’।”

পুরনো দিনের মানসিকতা থেকে বেরিয়ে আসার কথা বলে মৌসুমী আরও বলেন, “এখন পরিবর্তন এসেছে এবং পুরনো দিনের তুলনায় আমরা অনেকটা এগিয়েছি। আমরা মেয়েদের শেখাই কীভাবে শ্বশুরবাড়ির দেখভাল করতে হবে, কিন্তু ছেলেদের তা শেখাই না। আমরা ধরেই নিই যে সংসারের কাজ কেবল মেয়েদেরই করতে হবে, ওটা পুরুষদের কাজ নয়। আজকের তরুণ প্রজন্ম ভীষণ মানসিক চাপে থাকে। তারা জীবনটা উপভোগ করতে পারছে না, নিজেদের জন্য তাদের কোনও সময়ই নেই।”

নিজের জীবনের অভিজ্ঞতা থেকে তরুণ প্রজন্মকে বার্তা দিয়ে মৌসুমী বলেন, অন্যকে কিছু প্রমাণ করার জন্য কোনও কাজ করা উচিত নয়। সত্তরের কোঠায় পা রাখা অভিনেত্রীর ভাষায়, “আমার এখন ৭০ বছর বয়স হল। যা ভালো লাগে তাই করো, কিন্তু সীমা ছাড়িয়ে যেও না। একবার ভুল করলে, সেই ভুলের পুনরাবৃত্তি করবে না। আমিও আমার জীবনে ভুল করেছি। কিন্তু একবার যখন বুঝেছি কাজটা ঠিক হয়নি, তখন আর তা দ্বিতীয়বার করিনি। আমরা মানুষ, আমাদের বিবেক আছে, কিন্তু আমরা তা বিশ্লেষণ করি না।”

উল্লেখ্য, মৌসুমী চট্টোপাধ্যায়ের বড় মেয়ে পায়েল দীর্ঘ কয়েক বছর ডায়াবেটিসের সঙ্গে লড়াই করার পর ২০১৯ সালে প্রয়াত হন। মৃত্যুর আগে প্রায় দু’বছর তিনি কোমায় ছিলেন। সম্প্রতি নিজের স্বামী জয়ন্তকেও হারিয়েছেন মৌসুমী।

Follow Us