Janhvi Kapoor luxury watch: অংশুলার অনুষ্ঠানে চমকে দিলেন জাহ্নবী! এই ঘড়ির দামেই কেনা যাবে বিলাসবহুল ফ্ল্যাট?
Janhvi Kapoor watch price: গয়নাগাটির চড়া জাঁকজমক নয়, বরং ছিমছাম সাজের আড়ালেই আসল চমক লুকিয়ে রেখেছিলেন জাহ্নবী কাপুর। বোন অংশুলার বিয়েতে কী এমন ঘড়ি পরলেন শ্রীদেবী-কন্যা? যার দাম শুনলে চোখ কপালে উঠবে।

শ্রীদেবী-কন্যা বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের (Janhvi Kapoor) স্টাইল স্টেটমেন্ট বরাবরই অনুরাগীদের নজর কাড়ে। তবে এবার বোন অংশুলা কাপুরের প্রাক-বিবাহ অনুষ্ঠানে তিনি এমন এক অবতারে ধরা দিয়েছিলেন, যা প্রথম ঝলকে অত্যন্ত স্নিগ্ধ মনে হলেও তার আড়ালে লুকিয়ে ছিল এক বিপুল চমক। সাজপোশাকের সবটুকু রহস্য অভিনেত্রী আটকে রেখেছিলেন তাঁর হাতের কবজিতেই। আর সেই জিনিসের যা বাজারমূল্য, তা দিয়ে ভারতের যে কোনও বড় শহরে একটি রাজকীয় বা বিলাসবহুল ফ্ল্যাট অনায়াসে কিনে ফেলা সম্ভব!
অংশুলার মেহেন্দি ও চূড়া অনুষ্ঠানের আসরে জাহ্নবী যখন পা রাখেন, তখন তাঁর পরনে ছিল প্যাস্টেল শেডের এক ব্লাশ পিঙ্ক ওয়ান-শোল্ডার গাউন। পুদিনা সবুজ, পাউডার ব্লু ও হালকা হলুদের সুক্ষ্ম সুতোর কাজ করা এই পোশাকে ছিল মডার্ন শাড়ির এক চমৎকার ফিউশন। কাঁধ থেকে নেমে যাওয়া ড্রেপের নিচে ঝুলছিল ক্যাস্কেডিং ট্যাসেল। কানে সাধারণ সবুজ ঝুমকো, হালকা রোজি মেকআপ আর খোলা চুলে ভারী মিষ্টি দেখাচ্ছিল কাপুর-কন্যাকে। কিন্তু ফ্যাশনবোদ্ধাদের জহুরি চোখ আটকে গিয়েছে অন্য এক জায়গায়, যা দেখে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে নেটপাড়ায়।
আসলে, আপাতদৃষ্টিতে অতি সাধারণ এই সাজের সঙ্গে জাহ্নবী বাঁ হাতে পরেছিলেন বিশ্বখ্যাত সুইস ব্র্যান্ড ‘প্যাটেক ফিলিপ’ (Patek Philippe)-এর একটি অতি দুর্লভ টাইমপিস। ‘গন্ডোলো ওট ক্লেয়ার পার্ল’ (Gondolo Haute Claire Pearl) মডেলের এই ঘড়িটি গয়নাও বটে। আর্ট ডেকো আমলের ভিন্টেজ ডিজাইন থেকে অনুপ্রাণিত হয়ে সম্পূর্ণ হাতে তৈরি এই বিলাসবহুল ঘড়িটির বাজারমূল্য শুনলে যে কারও মাথা ঘুরে যেতে বাধ্য। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, জাহ্নবীর হাতের এই একটি মাত্র অ্যাক্সেসরির দাম প্রায় আড়াই কোটি টাকা! যেই টাকা দিয়ে হয়ে যাবে বিলাসবহুল ফ্ল্যাট।
এই রাজকীয় ঘড়ির আসল ইউএসপি (USP) লুকিয়ে রয়েছে এর নিখুঁত কারুকার্যে। ঘড়িটির ডায়াল প্লেটটি ১৮ ক্যারেট সোনা দিয়ে তৈরি, যা মুড়ে দেওয়া হয়েছে ২৫১টি নিখুঁত হিরে দিয়ে। এখানেই শেষ নয়, ঘড়ির স্ট্র্যাপ বা ব্রেসলেট অংশটি তৈরি হয়েছে ৭৯টি অত্যন্ত মূল্যবান ‘আকোয়া পার্ল’ (Akoya pearls) এবং রাজকীয় প্রিন্সেস-কাট হিরে দিয়ে। পেশাগত জীবনের ব্যস্ততা কিংবা সিনেমার সাম্প্রতিক আলোচনা-সমালোচনাকে একপাশে সরিয়ে রেখে জাহ্নবী এখন পরিবারের সঙ্গে খুশির মেজাজে রয়েছেন।
