AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nushrratt: মেরুদণ্ডে গুরুতর আঘাতের পর অস্ত্রোপচার, কেমন আছেন নুসরত?

Nushrratt Bharuccha: বালিতে ছুটি কাটাতে গিয়ে ঘটে মারাত্মক বিপত্তি। মেরুদণ্ডে গুরুতর চোট পেয়ে সোজা হাসপাতালে ভর্তি হতে হয় নুসরত ভারুচাকে। মুম্বইয়ে সফল অস্ত্রোপচারের পর এখন কেমন আছেন বলিউড অভিনেত্রী? সম্প্রতি তাঁর একটি নতুন ভিডিয়ো প্রকাশ্যে আসতেই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন অনুরাগীরা।

Nushrratt: মেরুদণ্ডে গুরুতর আঘাতের পর অস্ত্রোপচার, কেমন আছেন নুসরত?
কেমন আছেন তিনি?
| Updated on: Oct 13, 2026 | 11:00 AM
Share

মারাত্মক এক দুর্ঘটনা আর তারপর জটিল অস্ত্রোপচার। এত কিছুর পরও মুখে হাসি অটুট বলিউড অভিনেত্রী নুসরত ভারুচার। সম্প্রতি হাসপাতাল থেকে তাঁর একটি নতুন ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আর সেই ভিডিয়ো দেখে বেশ স্বস্তিতে রয়েছেন অনুরাগীরা। সেখানে দেখা যাচ্ছে, বিছানায় উঠে বসে নার্সদের সঙ্গে রীতিমতো খোশমেজাজে গল্প করছেন অভিনেত্রী। এক নার্স তাঁকে পরম যত্নে খাবার খাইয়ে দিচ্ছেন। হাতে স্যালাইনের চ্যানেল, পরনে হাসপাতালের নির্দিষ্ট পোশাক। এত শারীরিক যন্ত্রণার মধ্যেও নায়িকার এই প্রাণবন্ত হাসি নিমেষে নজর কেড়েছে নেটিজেনদের।

হাসপাতালের চার দেওয়ালের একঘেয়েমি কাটাতে রোজকার মতো বিনোদনের সাহায্য নিচ্ছেন নুসরাত। ঘরের বড় পর্দায় তখন বাজছে রোহিত শেট্টির ২০১৫ সালের ‘দিলওয়ালে’ ছবির জনপ্রিয় রোম্যান্টিক গান ‘গেরুয়া’। পর্দায় কাজলকে দেখতে দেখতেই বেশ আনন্দ করে খাবার খাচ্ছিলেন নুসরত। অরিজিৎ সিং এবং অন্তরা মিত্রের গাওয়া এই মিষ্টি গানের সুরে যেন অনেকটাই ফিকে হয়ে গিয়েছে তাঁর শারীরিক কষ্ট।

ঠিক কী ঘটেছিল অভিনেত্রীর সঙ্গে?

চলতি মাসের শুরুর দিকে ইন্দোনেশিয়ার বালিতে গিয়েছিলেন নুসরত। কাজ আর ছুটি কাটানো, দুটোই উদ্দেশ্য ছিল সেখানে। কিন্তু সেখানেই হঠাৎ ঘটে যায় মারাত্মক বিপত্তি। মেরুদণ্ডে অত্যন্ত গুরুতর চোট পান তিনি। পরিস্থিতি বেগতিক বুঝে সেখানকার চিকিৎসকদের পরামর্শে গত ২ অক্টোবর একটি বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্সে করে তাঁকে তড়িঘড়ি মুম্বইয়ে আনা হয়। স্ট্রেচারে করে বিমানবন্দর থেকে সরাসরি মুম্বইয়ের এক হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। চিকিৎসকরা দ্রুত তাঁর মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার সম্পন্ন করেন। আপাতত তাঁকে সম্পূর্ণ বিশ্রামে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

কঠিন এই সময়ে পরিবারের পাশাপাশি অনুরাগীরাও তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন। এর আগেও নিজের স্বাস্থ্যের খবর দিয়েছিলেন নুসরাত নিজেই। সমাজমাধ্যমে সূর্যাস্তের দিকে মুখ করে রাখা একটি হুইলচেয়ারের ছবি পোস্ট করেছিলেন তিনি। ক্যাপশনে লেখা ছিল, “পিকচার অভি বাকি হ্যায় মেরে দোস্ত”। মনের জোর যে এতটুকুও কমেনি, তা তাঁর ওই পোস্টেই পরিষ্কার হয়ে গিয়েছিল। এবার নতুন ভিডিয়োতেও স্পষ্ট হয়ে উঠল অভিনেত্রীর সেই অদম্য মনোবল এবং ইতিবাচক চিন্তাভাবনা। খুব দ্রুত সুস্থ হয়ে তিনি শুটিং ফ্লোরে ফিরবেন, এমনটাই আশা করছেন সকলে।

Follow Us