অবশেষে জামিন পেলেন রাজপাল যাদব? উত্তর দিলেন স্ত্রী রাধা, পাশে দাঁড়ালেন প্রিয়দর্শন

গোটা ঘটনার সূত্রপাত 'আতা পাতা লাপাতা' ছবি দিয়ে, যে ছবির পরিচালনা করেছিলেন রাজপাল নিজেই। বক্স অফিসে ছবিটি একেবারেই ভালো ফল করতে পারেনি। প্রযোজনার জন্য নেওয়া ঋণ সুদে-আসলে ফুলে ফেঁপে ওঠে। সেই অর্থ শোধ করতে না পারায় শুরু হয় আইনি লড়াই, যা আজও চলছে।

অবশেষে জামিন পেলেন রাজপাল যাদব? উত্তর দিলেন স্ত্রী রাধা, পাশে দাঁড়ালেন প্রিয়দর্শন

Feb 15, 2026 | 6:06 PM

পর্দায় যাঁর আগমন মানেই হাসির রোল ওঠে, সেই মানুষটাই রয়েছেন ঘোর বিপদে। বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজপাল যাদবের জীবন যেন আচমকাই সিনেমার চিত্রনাট্যের মোড় নিয়েছে। ৯ কোটি টাকার ঋণ মামলায় তিনি বর্তমানে তিহার জেলে। হঠাৎই খবর ছড়িয়ে পড়ে জামিন পেয়েছেন অভিনেতা। কিন্তু সেই জল্পনায় স্পষ্ট ইতি টানলেন তাঁর স্ত্রী রাধা যাদব। জানিয়ে দিলেন, “তিনি এখনও জেলের ভেতরেই আছেন।” আসলে অভিনেতার একটি পুরনো জামিনের ভিডিয়োকে ঘিরেই জল্পনা তৈরি হয়েছিল।

গোটা ঘটনার সূত্রপাত ‘আতা পাতা লাপাতা’ ছবি দিয়ে, যে ছবির পরিচালনা করেছিলেন রাজপাল নিজেই। বক্স অফিসে ছবিটি একেবারেই ভালো ফল করতে পারেনি। প্রযোজনার জন্য নেওয়া ঋণ সুদে-আসলে ফুলে ফেঁপে ওঠে। সেই অর্থ শোধ করতে না পারায় শুরু হয় আইনি লড়াই, যা আজও চলছে।

জামিনের শুনানির পর অনেকে ভেবেছিলেন, হয়ত এবার মুক্তি মিলবে। কিন্তু তা হয়নি। বরং সামনে এসেছে তাঁর আর্থিক সঙ্কটের বাস্তব চিত্র। ঘনিষ্ঠদের কাছে নাকি রাজপাল আক্ষেপ করে বলেছেন, টাকার অভাবে তিনি অসহায়, আর এই লড়াই তাঁকেই একা লড়তে হচ্ছে।

এই কঠিন সময়ে অবশ্য বলিউডের একাংশ তাঁর পাশে দাঁড়িয়েছেন। পরিচালক প্রিয়দর্শন, যাঁর সঙ্গে দুই দশকেরও বেশি সময়ের সম্পর্ক, খোলাখুলি সমর্থন জানিয়েছেন। ‘জঙ্গল’ ছবিতে রাজপালের অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলেন তিনি। এরপর ‘মালামাল উইকলি’, ‘ভাগম ভাগ’, ‘চুপ চুপ কে’, ‘দে দনা দন’-সহ একাধিক ছবিতে একসঙ্গে কাজ। বর্তমানে নতুন একটি ছবিতে আবারও রাজপালকে নিয়েছেন তিনি, যেখানে রয়েছেন পঙ্কজ ত্রিপাঠী। প্রযোজকদের তিনি অনুরোধ করেছেন, রাজপালের পরিস্থিতি বিবেচনা করে পারিশ্রমিক বাড়াতে। তাঁর কথায়, “আমরা ওকে বাঁচাতে চাই।” অভিনেতা গুরমীত চৌধুরী-ও আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছেন। সলমন খান ও সোনু সুদ-ও সাহায্যের হাত বাড়িয়েছেন। রাজপালের দীর্ঘদিনের সহযোগী পদম সিং জানিয়েছেন, সময় পেলে তিনি প্রতিটি টাকা শোধ করবেন। এখন সকলেই অভিনেতার জেল থেকে ফেরার অপেক্ষায় রয়েছেন।