Rahul Arunoday Banerjee: রিজেন্ট পার্ক থানায় প্রিয়াঙ্কা সরকার, রাহুলের মৃত্যুতে FIR, সঙ্গে প্রসেনজিৎ-ঋতুপর্ণা
Rahul Arunoday Banerjee's Wife Priyanka Sarkar at Police station for FIR: গত ২৯ মার্চ তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন মর্মান্তিক মৃত্যু হয় রাহুলের। সমুদ্রের জলে ডুবে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক পুলিশি রিপোর্টে জানা গেলেও, এর নেপথ্যে উঠে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। অভিযোগ উঠেছে, লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা নাকি পুলিশের কোনো আগাম অনুমতি ছাড়াই সেই বিপদসঙ্কুল এলাকায় শুটিং চালাচ্ছিল।

টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুর বিচার চেয়ে এবার সরাসরি আইনি লড়াইয়ে নামল টলিপাড়া। শনিবার দুপুরে একঝাঁক তারকাকে সঙ্গে নিয়ে রিজেন্ট পার্ক থানায় পৌঁছালেন অভিনেতার স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। সঙ্গে ছিলেন ইন্ডাস্ট্রির অভিভাবক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত ও চিরঞ্জিৎ চক্রবর্তী, কৌশিক গঙ্গোপাধ্যায়, চূর্ণী গঙ্গোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, সৌরভ দাস, দর্শনা বণিকের মতো ব্যক্তিত্বরা। অভিযুক্ত প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে দায়ের করা হল এফআইআর।
গত ২৯ মার্চ তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন মর্মান্তিক মৃত্যু হয় রাহুলের। সমুদ্রের জলে ডুবে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক পুলিশি রিপোর্টে জানা গেলেও, এর নেপথ্যে উঠে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। অভিযোগ উঠেছে, লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা নাকি পুলিশের কোনও আগাম অনুমতি ছাড়াই সেই বিপদসঙ্কুল এলাকায় শুটিং চালাচ্ছিল। এই বেআইনি পদক্ষেপ এবং শুটিং সেটে নিরাপত্তার চরম অভাবকেই রাহুলের মৃত্যুর মূল কারণ হিসেবে দেখছেন প্রিয়াঙ্কা ও আর্টিস্টস ফোরামের সদস্যরা।
শনিবার দুপুর আড়াইটে নাগাদ যখন প্রসেনজিৎ-ঋতুপর্ণারা থানায় পৌঁছান, তখন সেখানে এক থমথমে পরিবেশ তৈরি হয়। স্বামীর অকাল বিদায়ে ভেঙে পড়া প্রিয়াঙ্কা সরকার এদিন নিজেই অভিযোগনামায় স্বাক্ষর করেন। ইন্ডাস্ট্রির সিনিয়রেরা পাশে দাঁড়িয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যতক্ষণ না এই মৃত্যুর সঠিক কারণ এবং দায়বদ্ধতা নিশ্চিত হচ্ছে, ততক্ষণ তাঁরা এই লড়াই চালিয়ে যাবেন।
পুলিশ সূত্রে খবর, অনুমতি ছাড়া শুটিং করার বিষয়টি প্রমাণিত হলে বড়সড় আইনি বিপাকে পড়তে পারে প্রযোজনা সংস্থা। কেন প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা ছাড়াই গভীর সমুদ্রের ধারে শুটিংয়ের ঝুঁকি নেওয়া হলো, সেই প্রশ্নই এখন তাড়িয়ে বেড়াচ্ছে সকলকে। রাহুলের আকস্মিক বিদায়ে যে শূন্যতা তৈরি হয়েছে, তার বিচার চেয়ে এবার উত্তাল গোটা টালিগঞ্জ।
আর্টিস্টস ফোরামের এই কড়া পদক্ষেপের পর এখন সবার নজর পুলিশের তদন্তের দিকে। নিয়ম ভেঙে শুটিং করার মাশুল কি তবে একজন প্রতিভাবান অভিনেতার প্রাণ দিয়ে দিতে হল? উত্তর খুঁজছে টলিপাড়া।
