
২০ বছর পর একসঙ্গে ‘রং দে বসন্তী’ টিম। ছবির নাম উচ্চারণ হলেই আজও অনেকের গায়ে কাঁটা দেয়। বন্ধুত্ব, বিদ্রোহ, দেশপ্রেম সব মিলিয়ে এক প্রজন্মের আবেগ হয়ে উঠেছিল এই ছবি। আজকের যুগে দাঁড়িয়েও এই ছবি অনেকেরই বেশ পছন্দের। সম্প্রতি ছবির বিশেষ প্রদর্শনীতে আমির খান, সোহা আলি খান, কুণাল কাপুর, সরমন জোশি, সিদ্ধার্থদের একসঙ্গে দেখে সোশ্যাল মাধ্যমে স্মৃতিচারণ করছেন অনেকেই। কিন্তু আনন্দের মাঝেই প্রশ্ন আর মাধবন কোথায়? ছবিতে তাঁর চরিত্র ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে রি-ইউনিয়নের ছবিতে তাঁকে না দেখে অনেকেই হতাশ। কেউ লিখলেন, “দলটা অসম্পূর্ণ।” কেউ আবার সরাসরি জানতে চাইলেন, তাঁকে কি ডাকা হয়নি? আর সেই নিয়েই জোর জল্পনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
এই পরিস্থিতিতেই অবশেষে নীরবতা ভাঙলেন আর মাধবন। স্পষ্ট জানালেন, কোনও মনোমালিন্য বা বাদ পড়ার ঘটনাই ঘটেনি। তিনি সেই সময় দেশে ছিলেন না। বিদেশে একটি শুটিংয়ে ব্যস্ত থাকায় নির্দিষ্ট দিনে ফিরতে পারেননি। তাই অনুষ্ঠানে যোগ দেওয়া সম্ভব হয়নি তাঁর পক্ষে।
শুধু তাই নয়, তিনি এও জানান যে অনুষ্ঠানের তারিখও আগে অন্য সময় ভাবা হয়েছিল। পরে নানা পরিস্থিতির কারণে দিন বদলানো হয়। ফলে আগেই নির্ধারিত কাজের সঙ্গে সময় মেলানো যায়নি। তবে তাতে একেবারেই রাগ করেননি অভিনেতা। বরং ছিল আক্ষেপের সুর। তিনি বলেন, এই ছবির সঙ্গে তাঁর আবেগ জড়িয়ে আছে। সুযোগ পেলে তিনিও থাকতেন সেই বিশেষ মুহূর্তে।
উল্লেখ্য, ‘রং দে বসন্তী’ মুক্তির দুই দশক পূর্তি উপলক্ষে এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। পরিচালক রাকেশ ওমপ্রকাশ মেহরা-সহ ছবির একাধিক শিল্পী উপস্থিত ছিলেন। পুরনো দিনের গল্প, ফ্রেমবন্দি হওয়া, আনন্দ সব মিলিয়ে যেন আবার ফিরেছিল সেই তারুণ্যের দিনগুলো। তবু নেটিজেনদের একাংশের প্রশ্ন রয়ে গিয়েছিল “মাধবন থাকলে ছবিটা আরও সম্পূর্ণ হত।”