রাজপাল যাদবকে আর্থিক সাহায্য পাশে বলিউড তারকাদের? মুখ খুললেন অভিনেতার স্ত্রী
রাজপালের আইনি জটিলতা কাটাতে এবং বকেয়া মেটাতে সোনু সুদ, মিকা সিং এবং গুরমিত চৌধুরীর মতো ব্যক্তিত্বরা আর্থিক সাহায্যের প্রস্তাব দিয়েছেন। শুধু তাই নয়, সুপারস্টার সলমন খান, অজয় দেবগন এবং বরুণ ধাওয়ানও রাজপালের পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন এবং এই লড়াইয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

প্রায় ৯ কোটি টাকার ঋণ সংক্রান্ত মামলায় আত্মসমর্পণ করার পর বর্তমানে দিল্লির তিহাড় জেলে দিন কাটছে রাজপাল যাদবের। অভিনেতার এই দুর্দিনে বিনোদন জগত যে তাঁকে একা ছেড়ে দেয়নি, তা স্পষ্ট হয়ে গেল তাঁর স্ত্রী রাধা যাদবের বয়ানে। সলমন খান থেকে অজয় দেবগন— বলিউডের হেভিওয়েটরা যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
সংবাদসংস্থা পিটিআই (PTI)-কে দেওয়া এক সাক্ষাৎকারে রাধা যাদব বলেন, “ইন্ডাস্ট্রির প্রত্যেকে তাঁর পাশে দাঁড়িয়েছেন। এই কঠিন সময়ে সহকর্মীরা যেভাবে পরিবারের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। যারা এগিয়ে আসছেন, তাঁদের প্রত্যেককে বড়সড় ধন্যবাদ জানাই।”
সূত্রের খবর, রাজপালের আইনি জটিলতা কাটাতে এবং বকেয়া মেটাতে সোনু সুদ, মিকা সিং এবং গুরমিত চৌধুরীর মতো ব্যক্তিত্বরা আর্থিক সাহায্যের প্রস্তাব দিয়েছেন। শুধু তাই নয়, সুপারস্টার সলমন খান, অজয় দেবগন এবং বরুণ ধাওয়ানও রাজপালের পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন এবং এই লড়াইয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
রাজপালের ম্যানেজার গোল্ডি জানিয়েছেন, অভিনেতার আত্মসমর্পণের পর থেকেই ইন্ডাস্ট্রির তারকাদের ফোন আসা কয়েকগুণ বেড়ে গিয়েছে। সংকটের এই মুহূর্তে বলিউড যে একজোট হয়ে লড়াই করছে, তা রাজপালের পরিবারের জন্য বড় পাওনা।
আইনি বিপাকে থাকলেও পেশাদার জীবনে কিন্তু থেমে নেই রাজপাল। সম্প্রতি তাঁকে ওটিটি প্ল্যাটফর্মে ‘ইন্টারোগেশন’ ছবিতে দেখা গিয়েছে। এছাড়া ‘বেবি জন’, ‘ভুল ভুলাইয়া ২’, ‘চন্দু চ্যাম্পিয়ন’-এর মতো একাধিক বড় প্রজেক্টে তিনি নজর কেড়েছেন। আজ ১২ ফেব্রুয়ারি রাজপালের জামিনের আবেদনের শুনানি হওয়ার কথা। এখন দেখার, সহকর্মীদের এই প্রার্থনা আর আর্থিক সহায়তা তাঁকে জেলের অন্ধকার থেকে মুক্ত করে পুনরায় ক্যামেরার সামনে ফিরিয়ে আনতে পারে কি না।
