Ranbir Kapoor: এই দুই অভিনেতার চোখে চোখ রাখেন না রণবীর! একজন প্রয়াত, আরেকজন কে জানেন?
Ranbir Kapoor Interview: সেখানেই মহাতারকা অমিতাভ বচ্চনের সঙ্গে কথা বলার সময় নিজের জীবনের এক গভীর অভিজ্ঞতার কথা ভাগ করে নেন রণবীর। অভিনেতা জানান, তাঁর সারা জীবনে এমন দুজন মানুষ আছেন যাঁদের চোখে চোখ রেখে কথা বলার সাহস তিনি কখনই পাননি— একজন তাঁর প্রয়াত পিতা ঋষি কাপুর, আর অন্যজন স্বয়ং অমিতাভ বচ্চন।

সম্প্রতি অমিতাভ বচ্চনের বিখ্যাত রিয়্যালিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র মঞ্চে উপস্থিত হয়েছিলেন অভিনেতা রণবীর কাপুর। উপলক্ষ ছিল তাঁর আসন্ন মেগা বাজেট ছবি ‘রামায়ণ পার্ট ১’-এর প্রচার। আর সেখানেই মহাতারকা অমিতাভ বচ্চনের সঙ্গে কথা বলার সময় নিজের জীবনের এক গভীর অভিজ্ঞতার কথা ভাগ করে নেন রণবীর। অভিনেতা জানান, তাঁর সারা জীবনে এমন দুজন মানুষ আছেন যাঁদের চোখে চোখ রেখে কথা বলার সাহস তিনি কখনই পাননি— একজন তাঁর প্রয়াত পিতা ঋষি কাপুর, আর অন্যজন স্বয়ং অমিতাভ বচ্চন।
কী বললেন রণবীর?
শো- চলাকালীন বর্ষীয়ান অভিনেতার উদ্দেশ্যে রণবীর বলেন, “আমি একটা কথা বলতে চাই, আমার জীবনে কেবল দুজন মানুষ এসেছিলেন যাঁদের চোখের দিকে তাকিয়ে আমি কোনওদিন কথা বলতে পারিনি। একজন ছিলেন আমার বাবা, আর দ্বিতীয় জন আপনি।” রণবীরের এই কথা শুনে অবাক হয়ে অমিতাভ প্রশ্ন করেন, “তুমি এ সব কী বলছো?” জবাবে রণবীর নিজের শৈশবের স্মৃতির ঝাঁপি খুলে বলেন, “আমি আপনার চোখের সামনেই বড় হয়ে উঠেছি। ছোটবেলায় ‘আজুবা’ ছবির শুটিং সেটে যখন যেতাম… এমনকি সেই সময়কার একটি ছবি আপনি নিজের সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেছিলেন। তখন থেকেই আমি আপনাকে এতটাই সম্মান করি যে, চোখে চোখ রেখে কথা বলার সাহস পাই না।”
রামায়ণ ছবির প্রচারে রণবীর
অন্যদিকে, ‘রামায়ণ’ ছবির বিশ্বব্যাপী প্রচার আপাতত তুঙ্গে। জানা গিয়েছে, বিশ্বজুড়ে প্রায় ১০০টিরও বেশি দেশে মোট ৫০,০০০টি স্ক্রিনে একযোগে মুক্তি পেতে চলেছে এই ছবি। পরিচালক নীতিশ তিওয়ারির এই সিনেমাটির মূল উদ্দেশ্য পবিত্র মহাকাব্য, সমৃদ্ধ সংস্কৃতি এবং সভ্যতার শিকড়কে বিশ্ব দরবারে তুলে ধরা।
নমিত মালহোত্রার ‘প্রাইম ফোকাস স্টুডিওজ’, আটবার অস্কারজয়ী ভিজ্যুয়াল ইফেক্ট সংস্থা ‘ডিএনইজি’ (DNEG) এবং দক্ষিণী তারকা যশের ‘মনস্টার মাইন্ড ক্রিয়েশনস’-এর যৌথ প্রযোজনায় তৈরি হয়েছে এই ছবি। ভারতে হিন্দি সংস্করণের পরিবেশনার দায়িত্বে রয়েছে ‘ধর্মা প্রোডাকশনস’ এবং আন্তর্জাতিক স্তরে এটি বিতরণ করছে ‘সোনি পিকচার্স’।
মহাকাব্যিক এই ছবিতে প্রভু শ্রী রামের চরিত্রে রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী, রাবণের ভূমিকায় যশ, হনুমানজি হিসেবে সানি দেওল এবং লক্ষ্মণের চরিত্রে অভিনয় করেছেন রবি দুবে। দুই পর্বে নির্মিত এই ছবিটি হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ও মালয়ালম— এই পাঁচটি ভাষায় আইম্যাক্স (IMAX) ফরম্যাটেও মুক্তি পাবে। সূচি অনুযায়ী, ‘রামায়ণ পার্ট ১’ ২০২৬ সালের ৫ নভেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে আসবে এবং এর দ্বিতীয় পর্বটি মুক্তি পাবে ২০২৭ সালের দিওয়ালি উপলক্ষে।
প্রসঙ্গত, সম্প্রতি লস এঞ্জেলেসে আয়োজিত হয়েছিল এই ছবির একটি গ্র্যান্ড প্রিমিয়ার। প্রদর্শনী শেষে পাওয়া প্রাথমিক প্রতিক্রিয়া ইতিমধ্যেই ব্যাপক আশাব্যঞ্জক। দর্শকরা ছবির বিশাল ক্যানভাস, দুর্দান্ত ভিজ্যুয়াল ইফেক্টস, আবেগঘন মুহূর্ত এবং কলাকুশলীদের অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছেন। এই ইতিবাচক আন্তর্জাতিক রিভিউ ভারতে ছবিটির মুক্তিকে কেন্দ্র করে উন্মাদনা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।
