Ranbir Kapoor Sai Pallavi: অমিত শাহর সঙ্গে দেখা করলেন রণবীর-সাই পল্লবী, কেন ?
Ramayana Box Office Collection: ইতিমধ্যেই বিশ্বব্যাপী ছবিটির মোট আয় ১,৭৫০ কোটি টাকার গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। এই ঐতিহাসিক সাফল্যের আবহেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করলেন ‘রামায়ণ’-এর প্রযোজক নমিত মালহোত্রা, পরিচালক নীতেশ তিওয়ারি এবং ছবির দুই মুখ্য অভিনেতা রণবীর কাপুর ও সাই পল্লবী।

প্রেক্ষাগৃহে মুক্তির এক মাস পূর্ণ করার আগেই বিশ্বজুড়ে বক্স অফিসে নজির গড়েছে নমিত মালহোত্রা প্রযোজিত ছবি ‘রামায়ণ’। ইতিমধ্যেই বিশ্বব্যাপী ছবিটির মোট আয় ১,৭৫০ কোটি টাকার গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। এই ঐতিহাসিক সাফল্যের আবহেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করলেন ‘রামায়ণ’-এর প্রযোজক নমিত মালহোত্রা, পরিচালক নীতেশ তিওয়ারি এবং ছবির দুই মুখ্য অভিনেতা রণবীর কাপুর ও সাই পল্লবী।
এদিনের সাক্ষাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাতে পুষ্পস্তবক তুলে দেন প্রযোজক নমিত মালহোত্রা এবং পরিচালক নীতেশ তিওয়ারি তাঁকে একটি শাল উপহার দেন। ‘ওয়ার্ল্ড অফ রামায়ণ’-এর অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে এই সাক্ষাতের ছবি শেয়ার করে লেখা হয়েছে, “দেশজুড়ে এবং বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে ‘রামায়ণ’ বিপুল ভালোবাসা পাচ্ছে। এই আবহে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে পেরে ‘রামায়ণ’ টিম সম্মানিত।”
স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে স্নিগ্ধ ও ঐতিহ্যবাহী সাজে ধরা দেন সাই পল্লবী। ফ্ল্যামিঙ্গো-গোলাপি রঙের মোটিফ-যুক্ত একটি শাড়িতে দেখা গিয়েছে তাঁকে, যার পাড়ে ছিল সরু সবুজ নকশা। দূর থেকে ছবিটি তোলা হওয়ায় শাড়িটি সিল্ক নাকি সুতির, তা স্পষ্ট বোঝা যায়নি। সাজ সম্পূর্ণ করতে হাতে সোনার চুড়ি, গলায় চওড়া চেন নেকলেস, মানানসই কানের দুল (টেম্পল জুয়েলারি), একপাশে সিঁথি করা কোঁকড়ানো চুল এবং হালকা মেকআপের সঙ্গে ন্যুড-পিঙ্ক লিপস্টিক বেছে নিয়েছিলেন অভিনেত্রী।
অন্যদিকে, ছবিতে শ্রীরামের চরিত্রে অভিনয় করা রণবীর কাপুর এদিন ছিলেন বেশ ছিমছাম ও মার্জিত সাজে। তিনি পরেছিলেন বন্ধগলা, মানানসই প্যান্ট এবং বাদামি জুতো। সঙ্গে ছিল তাঁর চেনা কানের স্টাড, বুকপকেটে লাল রুমাল, স্বচ্ছ ফ্রেমের চশমা এবং হাতঘড়ি।
গত ৫ নভেম্বর মুক্তি পেয়েছে ‘রামায়ণ: পার্ট ১’। মুক্তির পর থেকেই একের পর এক নজির গড়ে চলেছে ছবিটি। ২১ দিনের মাথায় বিশ্বব্যাপী ছবিটির গ্রস আয় দাঁড়িয়েছে ১,৭৫৫.৬০ কোটি টাকা, আর ভারতের বাজারে নেট আয় পৌঁছে গিয়েছে প্রায় ১,০০০ কোটি টাকার দোরগোড়ায়।
নমিত মালহোত্রার এই মহাকাব্যিক ছবিটিই দ্রুততম ভারতীয় চলচ্চিত্র হিসেবে বিশ্বব্যাপী ১,৫০০ কোটি টাকার মাইলফলক ছুঁয়েছে এবং দেশে ১,০০০ কোটি টাকা নেট আয়ের পথে এগিয়ে চলেছে। ভারতীয় সিনেমার ইতিহাসে দ্বিতীয় সপ্তাহান্তে সর্বোচ্চ ১৯৬ কোটি টাকা আয়ের রেকর্ডও গড়েছে ছবিটি। এ ছাড়া বুকমাইশো-তে একদিনে সর্বাধিক ১৬.৬০ লক্ষ টিকিট বিক্রির নজির এবং ভারতীয় ছবি হিসেবে বিশ্বব্যাপী আইম্যাক্সে (IMAX) সর্বোচ্চ ৬ মিলিয়ন ডলার ওপেনিংয়ের রেকর্ডও রয়েছে ‘রামায়ণ’-এর ঝুলিতে।
ছবির দ্বিতীয় পর্ব মুক্তি পাওয়ার কথা ২০২৮ সালের দীপাবলির আশপাশে। এই ছবিতে সীতার ভূমিকায় সাই পল্লবী ও রামের ভূমিকায় রণবীর কাপুর ছাড়াও লক্ষ্মণের চরিত্রে রবি দুবে, হনুমানের চরিত্রে সানি দেওল, মন্থরার চরিত্রে শিবা চাড্ডা, রাবণের চরিত্রে যশ, মন্দোদরীর চরিত্রে কাজল আগরওয়াল, কৈকেয়ীর চরিত্রে লারা দত্ত এবং শূর্পণখার চরিত্রে রকুল প্রীত সিং-সহ একঝাঁক তারকা অভিনয় করেছেন।
