Ranveer Singh: আইনি বিবাদে রণবীর-ফারহান, ‘ডন থ্রি’ পরিচালককে কোন হুঁশিয়ারি দিলেন ‘ধুরন্ধর’ নায়ক?
Don 3 movie controversy: গত ১৮ আগস্ট ‘ইন্ডিয়ান মোশন পিকচার প্রডিউসার্স অ্যাসোসিয়েশন’ (IMPPA)-এর একটি বৈঠকে রণবীর সিংয়ের আইনি দল সাফ জানিয়ে দিয়েছে যে, এই সংগঠন যেন এই বিবাদে হস্তক্ষেপ না করে। এমনকী, অভিনেতার বিরুদ্ধে কোনও প্রস্তাব পাশ করা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানির ছবি ‘ডন ৩’ থেকে রণবীর সিংয়ের সরে দাঁড়ানো নিয়ে তৈরি হওয়া আইনি বিতর্ক থামার কোনও লক্ষণই নেই। প্রজেক্ট থেকে অভিনেতার সরে আসার আট মাস পার হয়ে গেলেও দ্বন্দ্ব গড়িয়েছে চলচ্চিত্র প্রযোজক সংগঠন পর্যন্ত। গত ১৮ আগস্ট ‘ইন্ডিয়ান মোশন পিকচার প্রডিউসার্স অ্যাসোসিয়েশন’ (IMPPA)-এর একটি বৈঠকে রণবীর সিংয়ের আইনি দল সাফ জানিয়ে দিয়েছে যে, এই সংগঠন যেন এই বিবাদে হস্তক্ষেপ না করে। এমনকী, অভিনেতার বিরুদ্ধে কোনও প্রস্তাব পাশ করা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
সূত্রের খবর, প্রযোজক সংস্থা এক্সেল এন্টারটেইনমেন্টের পক্ষে ফারহান ও রিতেশ রণবীরের শেষ মুহূর্তে ছবি থেকে সরে আসার কারণে ৪৫ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে IMPPA-র দ্বারস্থ হয়েছিলেন। এর জবাবে রণবীরের আইনজীবী একটি নতুন চিঠি জমা দিয়ে যুক্তি দিয়েছেন যে, এই বিষয়টি মিটমাট বা সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ার IMPPA-র নেই।
এর আগে ১৪ আগস্ট এই বিষয়ে একটি শুনানির কথা থাকলেও রণবীরের আইনজীবীদের চিঠির পর তা স্থগিত হয়ে যায়। IMPPA-র এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, “রণবীরের আইনি দল চিঠিতে উল্লেখ করেছে যে এক্সেল এন্টারটেইনমেন্টের সঙ্গে তাঁর কোনও আনুষ্ঠানিক চুক্তি বা এগ্রিমেন্ট ছিল না; কেবল একটি মউ স্বাক্ষর হয়েছিল। এর পাশাপাশি ৪৫ কোটি টাকার দাবির বিরুদ্ধে উপযুক্ত লিখিত জবাবও দেওয়া হয়েছে। চিঠিতে আরও বলা হয়, কেবল আদালতই এই বিবাদের মীমাংসা করতে পারে।”
১৮ আগস্টের বৈঠকে উভয় পক্ষের প্রতিনিধিরা উপস্থিত থেকে নিজেদের মতামত ব্যক্ত করেন। তবে রণবীরের দল স্পষ্ট জানিয়ে দিয়েছে, যদি IMPPA অভিনেতার বিরুদ্ধে কোনও প্রস্তাব গ্রহণ করে, তবে তারা আদালতের দ্বারস্থ হবেন। অন্যদিকে, সংগঠনের একটি অংশ মনে করছে শেষ মুহূর্তে ছবি ছাড়ার জন্য অভিনেতার জবাবদিহি করা উচিত।
বর্তমানে বিষয়টিতে কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি IMPPA। সংগঠনের সভাপতি অভয় সিনহা জানিয়েছেন, “দ্বিতীয় বৈঠকে উভয় পক্ষের বক্তব্য শোনা হয়েছে। এখন IMPPA-র লিগ্যাল টিম বিষয়টি পর্যালোচনা করছে, তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।” আদালতের বাইরে দুই পক্ষ কোনও সমঝোতায় না পৌঁছলে, ‘ডন ৩’ কেন্দ্রিক এই বিরোধ একটি বড় আইনি লড়াইয়ের রূপ নিতে চলেছে বলেই মনে করছেন বলিউড বিশেষজ্ঞরা।
