Taratala Bulldozer Action: জিনজিরা বাজারে বুলডোজার অভিযান, পোর্ট ট্রাস্টের জমি দখলমুক্ত করতে অ্যাকশন
Taratala Eviction Drive: অভিযানের মূল কারণ হিসেবে জানা যাচ্ছে, পোর্ট ট্রাস্টের ওই জমিটি 'কোকা-কোলা ' কোম্পানিকে লিজে দেওয়া হয়েছে। কিন্তু জমিতে স্থায়ী ও অস্থায়ী দখলদারি থাকায় জমি হস্তান্তর বা মূল কাজের প্রক্রিয়া আটকে ছিল। ফলে বকেয়া জমি সম্পূর্ণ দখলমুক্ত করতেই প্রশাসনিক স্তরে কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

কলকাতা: তারাতলায় জিনজিরা বাজার এলাকায় কলকাতা পোর্ট ট্রাস্টের জমিতে গড়ে ওঠা বেআইনি দখলদারি সরাতে পুলিশের উপস্থিতিতে চলল বুলডোজার অভিযান। একাধিক বুলডোজার নামিয়ে একের পর এক অবৈধ দোকান ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। বছরের পর বছর ধরে পোর্ট ট্রাস্টের এই জমি বেআইনিভাবে দখল করে একাধিক দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠান চলছিল বলে প্রশাসনিক সূত্রের খবর। আচমকা এই উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি হয়।
অভিযানের মূল কারণ হিসেবে জানা যাচ্ছে, পোর্ট ট্রাস্টের ওই জমিটি ‘কোকা-কোলা ‘ কোম্পানিকে লিজে দেওয়া হয়েছে। কিন্তু জমিতে স্থায়ী ও অস্থায়ী দখলদারি থাকায় জমি হস্তান্তর বা মূল কাজের প্রক্রিয়া আটকে ছিল। ফলে বকেয়া জমি সম্পূর্ণ দখলমুক্ত করতেই প্রশাসনিক স্তরে কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তারাতলা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত থেকে পুরো এলাকা ঘিরে ফেলে এবং উচ্ছেদ প্রক্রিয়া সম্পন্ন করে।
তবে প্রশাসনিক এই পদক্ষেপে ভেঙে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। দোকানদারদের দাবি, তাঁরা দীর্ঘ কয়েক দশক ধরে সেখানে ব্যবসা চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন। এভাবে বিকল্প কোনও ব্যবস্থা না করে হঠাৎ বুলডোজার চালিয়ে দোকান গুঁড়িয়ে দেওয়ায় তাঁদের রুটিরুজি মারাত্মক সংকটের মুখে পড়েছে। অনেকেই পুনর্বাসনের দাবি তুলেছেন।
