বিজয় দেবেরকোন্ডার সঙ্গেই সাতপাকে বাঁধা পড়ছেন রশ্মিকা, নিজেই দিলেন সিলমোহর?
সূত্রের খবর, রশ্মিকা ও বিজয়ের এই বিয়েতে তেলুগু বা হিন্দি চলচ্চিত্র জগতের কোনও সতীর্থকেই আমন্ত্রণ জানানো হয়নি। উদয়পুরে অত্যন্ত ঘরোয়া এবং ব্যক্তিগতভাবে এই অনুষ্ঠান সম্পন্ন হবে। তবে বন্ধুবান্ধব এবং সহকর্মীদের জন্য পরবর্তীকালে মুম্বই ও হায়দরাবাদে দুটি বিশাল রিসেপশন পার্টির পরিকল্পনা করেছেন এই তারকা জুটি।

২০২৬ সালের সবথেকে আলোচিত বিয়ের খবর কি তবে নিশ্চিত? দীর্ঘদিন লুকোছাপা আর গুঞ্জনের পর অবশেষে বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে নিজের বিয়ের খবরে শিলমোহর দিলেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মান্দানা। উদয়পুরে এক গোপন অনুষ্ঠানের মাধ্যমে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন বলে যে খবর রটেছিল, তা এবার হয়তো সত্যি হতে চলেছে।
সম্প্রতি ‘বলিউড হাঙ্গামা’-র পক্ষ থেকে রশ্মিকা মান্দানাকে বিয়ের আগাম অভিনন্দন জানিয়ে একটি বার্তা পাঠানো হয়। জল্পনা উসকে দিয়ে ‘থামা’ অভিনেত্রী সেই শুভেচ্ছাবার্তা গ্রহণ করেন এবং হাসিমুখের ইমোজিসহ ‘ধন্যবাদ’ লিখে উত্তর দেন। রশ্মিকার এই সংক্ষিপ্ত উত্তরই ভক্তদের বুঝিয়ে দিয়েছে যে, আগামী ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখেই বসতে চলেছে এই রাজকীয় বিয়ের আসর।
সূত্রের খবর, রশ্মিকা ও বিজয়ের এই বিয়েতে তেলুগু বা হিন্দি চলচ্চিত্র জগতের কোনও সতীর্থকেই আমন্ত্রণ জানানো হয়নি। উদয়পুরে অত্যন্ত ঘরোয়া এবং ব্যক্তিগতভাবে এই অনুষ্ঠান সম্পন্ন হবে। তবে বন্ধুবান্ধব এবং সহকর্মীদের জন্য পরবর্তীকালে মুম্বই ও হায়দরাবাদে দুটি বিশাল রিসেপশন পার্টির পরিকল্পনা করেছেন এই তারকা জুটি। বিয়ের জন্য দুজনেই কাজ থেকে সাময়িক বিরতি নিয়েছেন। তবে কেরিয়ারের মধ্যগগনে থাকা রশ্মিকাকে বিয়ের পর খুব দ্রুত আবার সেটে ফিরতে হবে। জানা গিয়েছে, বিয়ের পিঁড়িতে বসার আগে একটি বিজ্ঞাপনের শুটিংয়ের মাধ্যমে পেশাদার দায়বদ্ধতাও পূরণ করবেন বিজয় ও রশ্মিকা।
বিয়ের ছবি বা ভিডিও যাতে কোনও ভাবেই ফাঁস না হয়, তার জন্য ‘নো ফোন পলিসি’ বা মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছেন এই জুটি। এমনকি একটি প্রথম সারির ওটিটি প্ল্যাটফর্ম তাঁদের বিয়ের ভিডিওর এক্সক্লুসিভ স্বত্বের জন্য কোটি টাকার প্রস্তাব দিলেও, বিজয় তা সবিনয়ে প্রত্যাখ্যান করেছেন। বিজয়ের স্পষ্ট বার্তা, নিজের জীবনের বিশেষ এই মুহূর্তটিকে তিনি কোনও ভাবেই বাণিজ্যিক রূপ দিতে চান না; বরং পরিবার ও প্রিয়জনদের উপস্থিতিতে এটিকে নিভৃত এবং পবিত্র রাখতে চান। দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয় ‘ভি-রশ্মিকা’ জুটিকে একসঙ্গে দেখার জন্য এখন প্রহর গুনছেন লক্ষ লক্ষ অনুরাগী।
