
দক্ষিণী ছবির জনপ্রিয় তারকা রশ্মিকা মন্দানা ও বিজয় দেবেরাকোন্ডাকে নিয়ে ফের চড়ছে বিয়ের জল্পনা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভাইরাল ভিডিয়োকে ঘিরে এই মুহূর্তে তোলপাড় অনুরাগী মহল। ভিডিওতে দেখা যাচ্ছে, রাজস্থানের উদয়পুরের একটি রাজকীয় প্রাসাদে জোরকদমে সাজসজ্জার কাজ চলছে। ফুল, আলো, মণ্ডপ সব মিলিয়ে এটি যে কোনও বড়সড় বিয়ের প্রস্তুতি তা বলাই বাহুল্য। বলিপাড়ায় গুঞ্জন সেই রাজকীয় তোড়জোড় নাকি রশ্মিকা ও বিজয়ের বিয়ের।
ভাইরাল ভিডিয়োতে দাবি করা হয়েছে, আগামীকালই নাকি উদয়পুরে বিয়ে সারতে চলেছেন এই তারকা জুটি। ভিডিয়োটি সামনে আসার পর থেকেই নেটমাধ্যমে শুরু হয়েছে জোর জল্পনা। কেউ বলছেন, এতদিনের গুঞ্জনের অবসান হতে চলেছে, আবার কেউ বিষয়টি নিয়ে যথেষ্ট সন্দেহ প্রকাশ করেছেন।
তবে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই খবরের কোনও নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি। রশ্মিকা মান্দানা কিংবা বিজয় দেবেরাকোন্ডা, কেউই এখনও পর্যন্ত বিয়ে নিয়ে কোনও মন্তব্য করেননি। তাঁদের ঘনিষ্ঠ মহল বা টিমের তরফ থেকেও কোনও বিবৃতি আসেনি। ফলে ভাইরাল ভিডিয়োটি সত্যিই তাঁদের বিয়ের প্রস্তুতির, নাকি অন্য কোনও অনুষ্ঠানের জন্য তা স্পষ্ট নয়।
উল্লেখ্য, রশ্মিকা ও বিজয়কে বহুদিন ধরেই একসঙ্গে দেখা যায়। কখনও বিদেশ ভ্রমণ, কখনও পারিবারিক অনুষ্ঠানে উপস্থিতি সব মিলিয়ে তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা নতুন নয়। যদিও দুজনেই বারবার নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে মুখে কুলুপ এঁটেছেন। সম্পর্কের কথা কখনও প্রকাশ্যে স্বীকার করেননি, আবার সরাসরি অস্বীকারও করেননি।
এই পরিস্থিতিতে উদয়পুরের ভাইরাল ভিডিয়ো নতুন করে বিয়ে নিয়ে জল্পনা তৈরি করেছে। অনুরাগীদের একাংশ বিশ্বাস করছেন, গোপনীয়তা বজায় রেখেই হয়তো বিয়ের আয়োজন সেরে ফেলতে চাইছেন এই তারকা জুটি। আবার অনেকে মনে করছেন, কোনও বড় শুটিং বা পারিবারিক অনুষ্ঠানকে ভুল করে বিয়ের প্রস্তুতি বলে ধরে নেওয়া হচ্ছে।
অফিসিয়াল ঘোষণা না আসা পর্যন্ত এই খবরকে নিশ্চিত বলা যায় না। এখন শুধু সময়ের অপেক্ষা এই ভাইরাল ভিডিয়ো সত্যি নাকি নিছক গুঞ্জন, তা স্পষ্ট হবে খুব শীঘ্রই।