AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ravi Kishan: ‘মেরে ফেলতে চেয়েছিলেন বাবা, মা বলেছিল পালিয়ে যা…!’ জীবনের কোন অজানা কথা বললেন রবি কিষণ

Ravi Kishan Mumbai Struggle: শো-এর সাম্প্রতিক পর্বে অক্ষয় কুমারের সঙ্গে আড্ডায় বসে নিজের জীবনের কঠিন সংগ্রামের দিনগুলোর স্মৃতিচারণ করেন রবি কিষাণ— জানান, কীভাবে বাবার প্রচণ্ড রাগের হাত থেকে বাঁচতে তাঁর মা তাঁকে বাড়ি থেকে পালিয়ে যেতে সাহায্য করেছিলেন।

Ravi Kishan: 'মেরে ফেলতে চেয়েছিলেন বাবা, মা বলেছিল পালিয়ে যা...!' জীবনের কোন অজানা কথা বললেন রবি কিষণ
| Updated on: Nov 26, 2026 | 4:00 PM
Share

অভিনেতা তথা রাজনীতিবিদ রবি কিষণের জন্য ২০২৬ সালটি অত্যন্ত সাফল্যের বছর হয়ে উঠেছে। কাজের প্রশংসার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও তিনি এখন অন্যতম জনপ্রিয় মুখ। সেই জনপ্রিয়তার হাত ধরেই করণ জোহরের টক শো ‘কফি উইথ করণ’-এর অন্তিম বর্ষে অভিষেক ঘটল তাঁর। শো-এর সাম্প্রতিক পর্বে অক্ষয় কুমারের সঙ্গে আড্ডায় বসে নিজের জীবনের কঠিন সংগ্রামের দিনগুলোর স্মৃতিচারণ করেন রবি কিষাণ— জানান, কীভাবে বাবার প্রচণ্ড রাগের হাত থেকে বাঁচতে তাঁর মা তাঁকে বাড়ি থেকে পালিয়ে যেতে সাহায্য করেছিলেন।

করণ জোহরের সঙ্গে কথোপকথনে ‘লাপাতা লেডিজ’ খ্যাত অভিনেতা জানান, অভিনয়ের প্রতি ঝোঁক তাঁর বাবার একেবারেই পছন্দ ছিল না। রবি কিষাণের কথায়, “আমার বাবা পুরোহিত ছিলেন এবং তাঁর দুধের ব্যবসা ছিল। তিনি চেয়েছিলেন আমি ব্যবসায় যোগ দিই অথবা সরকারি চাকরি করি। কিন্তু আমি শখের থিয়েটার করতাম। একটি রামলীলা অনুষ্ঠানে আমি শাড়ি পরেছিলাম, আর তা দেখার পর বাবা আমাকে চামড়ার বেল্ট দিয়ে ভীষণ মারধর করেছিলেন। তিনি বলেছিলেন, ‘তুই কি মেয়েদের মতো নাচিয়ে হতে চাস?’ নব্বইয়ের দশকে সিনেমাকে সম্মানজনক পেশা হিসেবে মেনে নেওয়া হত না।”

অভিনয়কে পরিবারের জন্য লজ্জার বিষয় বলে মনে করতেন তাঁর বাবা। সেই রাতের ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরে রবি কিষাণ বলেন, “আমি বাবাকে বলেছিলাম, ‘না বাবা’। এরপর মা আমাকে ওখান থেকে পালিয়ে যেতে সাহায্য করেন, কারণ বাবা ভেবেছিলেন আমি পরিবারের সম্মান নষ্ট করেছি এবং তিনি আমাকে মেরেই ফেলতেন।”

কীভাবে মা তাঁকে মুম্বই পাঠিয়েছিলেন, তা জানিয়ে অভিনেতা আরও বলেন, “সেই রাতে মা ভেবেছিলেন বাবা আমাকে মেরে ফেলবেন। মা আমার হাতে ৫০০ টাকা গুঁজে দিয়ে বলেছিলেন, ‘ট্রেন ধরে চলে যা, নাহলে উনি তোকে মেরে ফেলবেন। তুই পালিয়ে যা।’ এভাবেই খুব কম বয়সে আমি মুম্বই পৌঁছে যাই।”

ভোজপুরি ও হিন্দি সিনেমায় কাজের জন্য সুপরিচিত রবি কিষাণ একাধারে অভিনেতা, রাজনীতিবিদ ও টেলিভিশন ব্যক্তিত্ব। ১৯৯২ সালে ‘পীতাম্বর’ ছবির মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন তিনি। পরবর্তীতে ভোজপুরি ছবির অন্যতম জনপ্রিয় তারকা হয়ে ওঠার পাশাপাশি তেলুগু, তামিল ও কন্নড় ছবিতেও কাজ করেছেন। তাঁর উল্লেখযোগ্য হিন্দি ছবিগুলোর মধ্যে রয়েছে ‘তেরে নাম’, ‘ফির হেরা ফেরি’, ‘রাবণ’, ‘তনু ওয়েডস মনু’, ‘মুক্কাবাজ’ এবং ‘লাপাতা লেডিজ’।

অভিনয়ের পাশাপাশি ২০১৭ সালে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন রবি কিষাণ এবং ২০১৯ সাল থেকে উত্তরপ্রদেশের গোরক্ষপুরের সাংসদ হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যক্তিগত জীবনে প্রীতি শুক্লার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ এই অভিনেতার চার সন্তান রয়েছে।

Follow Us