Full Boiled vs Half Boiled Egg: জানেন হাফ বয়েল না ফুল বয়েল কোন ডিমে পুষ্টি বেশি?
Egg Side Effects: সকালে যেভাবে ডিম খাচ্ছেন, তা কি আদৌ আপনার শরীরে কাজে লাগছে? নরম কুসুমের লোভে হাফ বয়েল খেয়ে অজান্তেই নিজের বড় বিপদ ডেকে আনছেন না তো! গবেষণার চমকে দেওয়া এই তথ্য জানলে আজই বদলে ফেলবেন ডিম খাওয়ার অভ্যাস।

সকালের তাড়াহুড়োয় অফিস যাওয়া হোক বা রাতের হালকা খাবার, বাঙালির পাতে ডিম (Egg) থাকবেই। পকেট বাঁচিয়ে এমন পুষ্টিকর খাবার সত্যিই আর দুটো নেই। কিন্তু রোজ যে ডিম খাচ্ছেন, তা কি সঠিক নিয়মে খাচ্ছেন? কেউ নরম কুসুমের লোভে হাফ বয়েল খান, তো কেউ আবার জিম করে পেশি বানানোর আশায় কাঁচা ডিম খেয়ে ফেলেন। আপনার এই অভ্যাসগুলো শরীরের ভালো করছে নাকি বিপদ ডেকে আনছে? গবেষণার তথ্য জানলে কিন্তু চমকে যাবেন।
কী বলছে গবেষণা?
বিজ্ঞান পত্রিকা ‘দ্য জার্নাল অব নিউট্রিশন’-এ প্রকাশিত এক গবেষণায় দেখা গিয়েছে, ভালোভাবে সেদ্ধ বা রান্না করা ডিম থেকে আমাদের শরীর প্রায় ৯১ শতাংশ প্রোটিন শুষে নিতে পারে। সেখানে কাঁচা ডিম খেলে শরীর পায় মাত্র ৫১ শতাংশ প্রোটিন! অর্থাৎ, ডিম পুরোপুরি সিদ্ধ করলে তবেই তার আসল শক্তি শরীরে কাজে লাগে। কাঁচা বা আধকাঁচা খেলে অর্ধেক প্রোটিনই জলে যায়।
একটি মাঝারি মাপের ৫০ গ্রামের ডিমে প্রায় ৬ গ্রাম খাঁটি প্রোটিন থাকে। ছোটদের বেড়ে ওঠা থেকে শুরু করে বড়দের শরীর গঠন, সবেতেই এই প্রোটিন দারুণ কাজ দেয়। শুধু তাই নয়, ডিমে রয়েছে ওমেগা-৩, জিঙ্ক, সোডিয়াম, পটাশিয়াম, ফোলেট এবং ভিটামিন ডি ও বি। নিয়মিত ডিম খেলে শরীর ভেতর থেকে চাঙ্গা থাকে।
হাফ বয়েল নাকি ফুল বয়েল?
চামচ দিয়ে নরম কুসুম কেটে খেতে দারুণ লাগে ঠিকই। কিন্তু খাদ্য সুরক্ষা সংক্রান্ত একাধিক গবেষণায় দেখা গিয়েছে, হাফ বয়েল বা অর্ধসিদ্ধ ডিমে ‘সালমোনেল্লা’ নামে এক ধরনের ক্ষতিকর জীবাণু লুকিয়ে থাকতে পারে। এর থেকে পেট খারাপ, বমি বা ডায়ারিয়ার মতো সমস্যা হওয়া খুব স্বাভাবিক। ডিম অন্তত ৭ থেকে ১০ মিনিট ভালোভাবে ফুটিয়ে পুরো সিদ্ধ করে নিলে এই জীবাণু পুরোপুরি নষ্ট হয়ে যায়। তাই সুস্থ থাকতে ফুল বয়েল ডিমই সেরা।
কাঁচা ডিমে ‘অ্যাভিডিন’ নামে এক ধরনের প্রোটিন থাকে। এটি শরীরের দরকারি ভিটামিন ‘বায়োটিন’-কে কাজ করতে বাধা দেয়। এর ফলে অকালে চুল পড়তে শুরু করে এবং ত্বকের জেল্লা কমে যায়। ডিম সিদ্ধ করলে এই ক্ষতিকর প্রভাব আর থাকে না।
পোচ বা ভাজা কি চলতে পারে?
রোজ একঘেয়ে সিদ্ধ ডিম খেতে ভালো না লাগলে ভাজা বা পোচ খেতেই পারেন। তবে নন-স্টিক প্যানে খুব সামান্য তেল দেবেন। সবচেয়ে ভালো হয় জলে পোচ বা ওয়াটার পোচ বানিয়ে খেলে। এতে তেলের ভয় থাকে না, আবার স্বাদেও হিট!
চর্বি বাড়ার ভয়ে অনেকেই ডিমের কুসুম ফেলে দেন। কিন্তু পুষ্টিবিজ্ঞানের গবেষণা বলছে, সুস্থ মানুষ রোজ একটা গোটা ডিম অনায়াসেই খেতে পারেন। এতে শরীরের দরকারি ফ্যাটের চাহিদা মেটে। তবে রক্তে কোলেস্টেরলের মাত্রা খুব বেশি থাকলে কুসুম এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ।
(বিঃদ্রঃ এই প্রতিবেদনটি সাধারণ সচেতনতার উদ্দেশ্যে লেখা হল। শরীরে কোনও বিশেষ সমস্যা থাকলে খাদ্যাভ্যাস বদলানোর আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
