AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ritobroto Mukherjee: ‘বিগত ১০টা দিন আমার ও আমার পরিবারের জন্য অত্যন্ত কঠিন কেটেছে’, কী হয়েছে ঋতব্রতর?

Tollywood Actor Health Update: পরিস্থিতি এমনই যে, অত্যন্ত কম সময়ের ব্যবধানে তাঁর চোখে দুটি বড় অস্ত্রোপচার (Surgery) করাতে হয়েছে। চিকিৎসকদের কড়া পরামর্শে বর্তমানে তিনি সম্পূর্ণ বেডরেস্টে রয়েছেন। শারীরিক অবস্থার এমন অবনতির কথা জানিয়ে আপাতত অনুরাগীদের কোনও প্রকার যোগাযোগ না করার অনুরোধ জানিয়েছেন তিনি।

Ritobroto Mukherjee: 'বিগত ১০টা দিন আমার ও আমার পরিবারের জন্য অত্যন্ত কঠিন কেটেছে', কী হয়েছে ঋতব্রতর?
| Updated on: Sep 12, 2026 | 1:47 PM
Share

চোখের জটিল শারীরিক সমস্যায় জেরবার টলিউডের তরুণ ও জনপ্রিয় অভিনেতা ঋতব্রত মুখোপাধ্যায়। পরিস্থিতি এমনই যে, অত্যন্ত কম সময়ের ব্যবধানে তাঁর চোখে দুটি বড় অস্ত্রোপচার (Surgery) করাতে হয়েছে। চিকিৎসকদের কড়া পরামর্শে বর্তমানে তিনি সম্পূর্ণ বেডরেস্টে রয়েছেন। শারীরিক অবস্থার এমন অবনতির কথা জানিয়ে আপাতত অনুরাগীদের কোনও প্রকার যোগাযোগ না করার অনুরোধ জানিয়েছেন তিনি।

শুক্রবার গভীর রাতে সোশাল মিডিয়ায় এক আবেগঘন পোস্টের মাধ্যমে নিজের এই কঠিন লড়াইয়ের কথা প্রকাশ্যে আনেন ঋতব্রত। তিনি জানান, গত ১০ দিন ধরে তাঁর এবং তাঁর পরিবারের ওপর দিয়ে এক কঠিন ঝড় বয়ে যাচ্ছে। ফেসবুকের দেওয়ালে অভিনেতা লেখেন, “আমার চোখে সম্প্রতি দু’টি বড় অস্ত্রোপচার হয়েছে। বর্তমানে চিকিৎসকের পরামর্শ মেনে আমি পুরোপুরি বিশ্রামে আছি। বিগত ১০টা দিন আমার ও আমার পরিবারের জন্য অত্যন্ত কঠিন কেটেছে। তবে লড়াইয়ের এই পথ আর কতটা দীর্ঘ, তা আমাদের এখনও অজানা।”

ইন্ডাস্ট্রি ও অনুরাগীমহলের প্রতি বিশেষ আর্জি জানিয়ে ঋতব্রত যোগ করেন, “আশা করি আপনারা আমাদের এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিটা উপলব্ধি করতে পারবেন। আপাতত দয়া করে কেউ আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন না। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে এবং চিকিৎসকদের সবুজ সংকেত পেলে আমি নিজেই আবার সবার সামনে আসব।”

বর্তমানে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলে জানা গেলেও, ঠিক কী কারণে বা চোখের ঠিক কী সমস্যার জন্য জরুরি ভিত্তিতে এই জোড়া অস্ত্রোপচার করাতে হল, তা অবশ্য স্পষ্ট করেননি অভিনেতা। তবে এই খবরের পর থেকেই টলিপাড়ার সতীর্থ এবং ভক্তদের মধ্যে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে।

প্রখ্যাত অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায়ের ছেলে হলেও নিজের অভিনয় দক্ষতা ও স্বতন্ত্র কণ্ঠের জোড়েই টলিউডের মূল স্রোতে পা রেখেছেন ঋতব্রত। বড় পর্দা থেকে শুরু করে ওয়েব সিরিজ কিংবা জনপ্রিয় অডিও ড্রামা—প্রতিটি ক্ষেত্রেই নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি। সম্প্রতি তাঁর অভিনীত ‘ব্রহ্মচারী বয়েজ’ এবং ‘ভার্জিনপুর’ কাজগুলি বেশ প্রশংসিত হয়েছে। তবে চোখের এই আচমকা অস্ত্রোপচারের কারণে আপাতত শুটিং ও লাইমলাইট থেকে কিছুদিন দূরেই থাকতে হচ্ছে এই তরুণ তুর্কিকে।

Follow Us