AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সীতা হিসেবে মানাচ্ছে না! অবশেষে কটাক্ষ নিয়ে মুখ খুললেন সাই পল্লবী

Sai Pallavi Ramayana Sita: সীতার চরিত্রটি সাইয়ের কাছে নিছক কাজের বাইরে একান্তই ব্যক্তিগত এক যাত্রা। তাঁর মতে, কোনও চরিত্রে ডুব দিলে তার ছাপ অভিনেতার অজান্তেই মনের কোণে থেকে যায়। এই চরিত্রের কারণে তাঁর নিজের ভেতরেও কিছু বদল এসেছে। তবে সেই পরিবর্তন একান্তই নিজের, যা নিয়ে খোলাখুলি কথা বলতে নারাজ তিনি।

সীতা হিসেবে মানাচ্ছে না! অবশেষে কটাক্ষ নিয়ে মুখ খুললেন সাই পল্লবী
| Updated on: Nov 28, 2026 | 4:44 PM
Share

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এ সীতার ভূমিকায় সাই পল্লবী। প্রথম লুক সামনে আসার পর থেকেই সোশাল মিডিয়ায় তাঁকে ঘিরে চলছে চর্চা আর বিতর্ক। কখনও তাঁর সাজে আপত্তি, কখনও বা চরিত্রের উপস্থাপনায় খুঁত ধরছেন দর্শকদের একাংশ। কিন্তু এই লাগাতার সমালোচনায় কতটা বিচলিত অভিনেত্রী? সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই প্রশ্নেরই স্পষ্ট জবাব দিয়েছেন সাই।

তাঁর কথায়, সীতার চেহারা ও সৌন্দর্য নিয়ে অনলাইনে যেসব কথা উঠছে, তা তাঁর অজানা নয়। সাই বলেন, “সীতাদেবীকে ঠিক কতটা সুন্দর হতে হবে, তা নিয়ে নানা মতামত চোখে পড়েছে। আমি বিষয়গুলো এড়িয়ে যাইনি। তবে বাইরের কথা যদি আপনার মনের শান্তি কেড়ে নেয়, তা হলে বুঝতে হবে নিজেকে আরও শক্ত করতে হবে।”

সাইয়ের বিশ্বাস, কমবেশি সব মানুষের মনেই কিছু না কিছু দ্বিধা বা নিরাপত্তাহীনতা কাজ করে। কিন্তু ভেতর থেকে দৃঢ় থাকলে তবেই চারপাশের সমালোচনা সামলানো যায়, কিংবা নেতিবাচক কথাগুলোকে সহজেই দূরে সরিয়ে রাখা সম্ভব হয়।

সীতার চরিত্রটি সাইয়ের কাছে নিছক কাজের বাইরে একান্তই ব্যক্তিগত এক যাত্রা। তাঁর মতে, কোনও চরিত্রে ডুব দিলে তার ছাপ অভিনেতার অজান্তেই মনের কোণে থেকে যায়। এই চরিত্রের কারণে তাঁর নিজের ভেতরেও কিছু বদল এসেছে। তবে সেই পরিবর্তন একান্তই নিজের, যা নিয়ে খোলাখুলি কথা বলতে নারাজ তিনি।

নিজের কাজের ধরন ও চরিত্র নির্বাচনের ক্ষেত্রেও বরাবরই সোজাসাপ্টা সাই পল্লবী। তাঁর সাফ কথা, কেবল পর্দার গ্ল্যামার বাড়ানোর জন্য তিনি কোনও ছবি করতে চান না। যে চরিত্রের আলাদা কোনও ওজন নেই, কিংবা যে কোনও অভিনেত্রীকেই বসিয়ে দেওয়া যায়, তেমন প্রস্তাব এড়িয়ে চলতেই ভালোবাসেন তিনি।

অভিনেত্রী জানান, তিনি সবসময় গল্প ও চরিত্রের গভীরে পৌঁছতে চান। শুরুর দিকে মনের মতো কাজের অপেক্ষায় দীর্ঘদিন বসে থাকতে হয়েছে তাঁকে। সেই দিনগুলো মোটেও সহজ ছিল না। গতানুগতিক বাণিজ্যিক ছবির স্রোতে গা ভাসাবেন, নাকি নিজের নীতিতে অটল থাকবেন—এই দোলাচলেও ভুগেছেন। তবু নিজের বিশ্বাসেই আস্থা রেখেছেন। এমনকি, বহু তারকার মতো বিশাল টিম বা ম্যানেজার রাখার পথেও হাঁটেননি সাই। পরিচালকদের সঙ্গে সরাসরি কথা বলে কাজকে সহজ ও স্বচ্ছ রাখতেই তাঁর স্বস্তি।

সিনেমায় নারী-পুরুষের বৈষম্য নিয়েও নিজের পর্যবেক্ষণ তুলে ধরেছেন সাই। তাঁর মতে, পর্দায় পুরুষ অভিনেতাদের নানা বয়স ও চেহারায় সাদরে গ্রহণ করা হয়, অথচ নায়িকাদের ক্ষেত্রে সবসময় নিখুঁত লুকের চাপ থাকে। এই মানসিকতার বদল হওয়া জরুরি বলে মনে করেন তিনি। সীতার লুক বিতর্কের মাঝেই সাইয়ের এই মন্তব্য ফের নতুন করে চর্চা শুরু করেছে।

Follow Us