Bangladesh: বিক্ষোভের আগুনে বাংলাদেশের সর্বনাশ! ভারতের পৌষমাস শুরু
Bangladesh Garment Industry: বাংলাদেশের পোশাক শিল্পের সবচেয়ে বড় উদ্বেগ এখন এটাই। কারখানা মালিকদের আশঙ্কা, অস্থিরতার কারণে যে অর্ডার অন্য দেশে চলে যাচ্ছে, সেগুলির কিছু হয়তো আর বাংলাদেশে ফিরবে না। বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে।

নয়া দিল্লি ও ঢাকা: আগুন জ্বলছে বাংলাদেশে। সেই আন্দোলনের আঁচে এবার বাংলাদেশিদের রুজিরুটিতেও টান পড়ল। বড় ধাক্কা বাংলাদেশের পোশাক শিল্পে। ক্রমাগত শ্রমিক বিক্ষোভ, উৎপাদন ব্যাহত হওয়া এবং খরচ বাড়ার কারণে বিশ্বের নামী ফ্যাশন সংস্থাগুলি বাংলাদেশ থেকে অর্ডার সরিয়ে নিতে শুরু করেছে। জ়ারা (Zara), এইচ অ্যান্ড এম (H&M), মার্কস অ্যান্ড স্পেনসার (Marks & Spencer) এবং সিলিও (Celio)-সহ একাধিক আন্তর্জাতিক ব্র্যান্ড বাংলাদেশ থেকে তাদের অর্ডারের একটা বড় অংশ এশিয়ার অন্য দেশগুলিতে পাঠাচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি অর্ডার পাচ্ছে ভারত।
বাংলাদেশের তিনটি পোশাক কারখানা মালিকের দাবি, ১ থেকে ১৮ নভেম্বরের মধ্যে প্রায় ২৫৪ মিলিয়ন ডলার বা প্রায় ২,০০০ কোটি টাকার অর্ডার বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বাংলাদেশের পোশাক শিল্পের জন্য এটি বড় ধাক্কা বলে মনে করছেন শিল্পমহলের একাংশ।
কেন বাংলাদেশ থেকে অর্ডার সরছে?
বাংলাদেশের সবথেকে বড় শিল্প হল বস্ত্র উৎপাদন শিল্প। কম শ্রমমূল্যের কারণে আন্তর্জাতিক পোশাক সংস্থাগুলির অন্যতম বড় উৎপাদন কেন্দ্র বাংলাদেশ। কিন্তু বর্তমানে সেখানে একাধিক সমস্যা তৈরি হয়েছে। শ্রমিকদের বিক্ষোভ, মজুরি বৃদ্ধির দাবি, বিদ্যুৎ ও জ্বালানির ঘাটতি এবং রাজনৈতিক অনিশ্চয়তার কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে বারংবার।
বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (BGMEA)-এর হিসাব অনুযায়ী, সাম্প্রতিক বিক্ষোভের কারণে পোশাক শিল্পে ৪০০ মিলিয়ন ডলারেরও বেশি উৎপাদন ক্ষতি হয়েছে।
বাংলাদেশের মোট রফতানি আয়ের ৮০ শতাংশেরও বেশি আসে এই শিল্প থেকে। দেশের প্রায় ৪০ শতাংশ উৎপাদন শিল্পের কর্মসংস্থানও পোশাক শিল্পের সঙ্গে যুক্ত। ফলে এই অর্ডার সরিয়ে নেওয়ার ঘটনা দেশের অর্থনীতির উপরও প্রভাব ফেলতে পারে।
ভারতের লাভ-
বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া অর্ডারের সবচেয়ে বড় অংশই যাচ্ছে ভারতে। পাশাপাশি ভিয়েতনাম, কম্বোডিয়া এবং ইন্দোনেশিয়াতেও অর্ডার পাঠাচ্ছে আন্তর্জাতিক সংস্থাগুলি। শিল্পকর্তাদের মতে, দ্রুত পণ্য সরবরাহের ক্ষেত্রেও ভারত কিছুটা এগিয়ে রয়েছে। বাংলাদেশে একটি অর্ডার তৈরি ও সরবরাহ করতে যেখানে প্রায় ১২০ দিন সময় লাগতে পারে, সেখানে প্রতিদ্বন্দ্বী দেশগুলিতে তা ৬০ থেকে ৯০ দিনের মধ্যে করা সম্ভব। ভারত থেকে ক্রেতারা প্রায় এক সপ্তাহে দ্রুত পণ্য পেতে পারেন। ভিয়েতনাম ও কম্বোডিয়া কিছু ক্ষেত্রে সরবরাহের সময় ১৫ দিন পর্যন্ত কমাতে পারে।
মজুরি বাড়ানোর সিদ্ধান্ত-
বিক্ষোভ- আন্দোলন পরিস্থিতির মধ্যেই বাংলাদেশ সরকার পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে শ্রমিকদের দাবি ছিল, মজুরি দ্বিগুণেরও বেশি করা হোক। সেই দাবি পূরণ না হওয়ায় নতুন করে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। যদিও বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের সচিব আবদুর রহমান তরফদার মজুরি বৃদ্ধিকে ‘সন্তোষজনক’ বলে দাবি করেছেন। তাঁর আশা, আজ, শনিবার থেকে শ্রমিকরা কাজে ফিরবেন। তবে শিল্পকর্তাদের মতে, মজুরি বাড়ায় বাংলাদেশের কম শ্রমমূল্যের সুবিধা আরও কমে যাবে।
অর্ডার একবার গেলে ফিরবে তো?
বাংলাদেশের পোশাক শিল্পের সবচেয়ে বড় উদ্বেগ এখন এটাই। কারখানা মালিকদের আশঙ্কা, অস্থিরতার কারণে যে অর্ডার অন্য দেশে চলে যাচ্ছে, সেগুলির কিছু হয়তো আর বাংলাদেশে ফিরবে না। বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। ঢাকার আশপাশের কিছু পোশাক কারখানায় ইতিমধ্যেই ২০ থেকে ২৫ দিনের উৎপাদন পিছিয়ে গিয়েছে। সময়মতো অর্ডার সরবরাহ করতে কোথাও অতিরিক্ত সময় কাজ করানো বা ব্যয়বহুল বিমানপথে পণ্য পাঠানোর কথাও ভাবতে হচ্ছে।
আল্পস অ্যাপারেলস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর খান মনিরুল আলম জানিয়েছেন, ১ নভেম্বরের পর থেকে তাঁর বেশিরভাগ ক্রেতাই নতুন অর্ডার দেওয়া বন্ধ করেছেন। তাঁদের জানানো হয়েছে, অর্ডার অন্যত্র সরিয়ে নেওয়া, পিছিয়ে দেওয়া অথবা বাতিল করা হয়েছে।
রাজনৈতিক পরিস্থিতিও বড় কারণ
বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আন্তর্জাতিক ক্রেতাদের মধ্যে উদ্বেগ রয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে থাকা এবং তাঁর সম্ভাব্য বাংলাদেশে ফেরার বিষয়টি ঘিরে রাজনৈতিক উত্তেজনা আরও অস্থিরতা তৈরি করতে পারে বলে আশঙ্কা শিল্পমহলের।
বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক ব্র্যান্ডগুলির আস্থা ফেরানোই এখন বাংলাদেশের পোশাক শিল্পের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ, সাময়িকভাবে অন্য দেশে সরিয়ে নেওয়া অর্ডার যদি দীর্ঘমেয়াদি উৎপাদন চুক্তিতে পরিণত হয়, তাহলে বাংলাদেশের পোশাক শিল্প বড় বাজার হারাতে পারে।
