
বদ্রীনাথ বা কেদারনাথের সেই বরফেঢাকা পাহাড়, আর মন্দিরের সামনে দাঁড়িয়ে সারা আলি খানের ভক্তিভরে প্রণাম জানানোর ছবি প্রায়ই সমাজমাধ্যমে দেখা যায়। কখনও জাহ্নবী কাপুরের সঙ্গে পাহাড়ে ট্রেকিং, আবার কখনও একা একাই মহাদেবের আশীর্বাদ নিতে পৌঁছে যান সইফ-কন্যা। কিন্তু এবার উত্তরাখণ্ডের সেই চেনা পথে সারার জন্য অপেক্ষা করছে বড় এক আইনি সমস্যা। স্রেফ ভক্তি থাকলেই হবে না, এবার থেকে কেদারনাথ বা বদ্রীনাথ মন্দিরে প্রবেশ করতে গেলে সারা আলি খানকে জমা দিতে হতে পারে একটি বিশেষ হলফনামা বা অ্যাফিডেভিট।
কী সেই নতুন নিয়ম?
আসলে বদ্রী-কেদার মন্দির কমিটি (BKTC) অ-হিন্দুদের প্রবেশাধিকার নিয়ে এক কঠোর সিদ্ধান্ত নিয়েছে। কমিটির চেয়ারম্যান হেমন্ত দ্বিবেদী জানিয়েছেন যে, ২০২৬ সালের চারধাম যাত্রা শুরুর আগেই ৪৭টি মন্দিরে অ-হিন্দুদের প্রবেশের ক্ষেত্রে নতুন নিয়ম লাগু হচ্ছে। নিয়মটি হল— কোনও অ-হিন্দু যদি এই মন্দিরগুলোতে প্রবেশ করতে চান, তবে তাঁকে লিখিতভাবে জানাতে হবে যে তিনি সনাতন ধর্মের প্রতি বিশ্বাসী। শুধু তাই নয়, এর সপক্ষে তাঁকে একটি হলফনামাও জমা দিতে হবে।
সারা আলি খানকে নিয়ে কী বললেন চেয়ারম্যান?
সারা আলি খান জন্মসূত্রে মুসলিম বাবার সন্তান হলেও তাঁর মা অমৃতা সিং হিন্দু। সারা নিজেকে বারবার ‘ধর্মনিরপেক্ষ’ হিসেবে পরিচয় দিয়েছেন এবং হিন্দু দেবদেবীর প্রতি তাঁর অগাধ ভক্তি কারও অজানা নয়। এই প্রসঙ্গেই হেমন্ত দ্বিবেদী সরাসরি সারার নাম উল্লেখ করে জানিয়েছেন, সারা যদি সনাতন ধর্মের প্রতি তাঁর শ্রদ্ধা ও ভক্তির কথা জানিয়ে হলফনামা দেন, তবেই তাঁকে মন্দিরের গর্ভগৃহে পুজো দেওয়ার অনুমতি দেওয়া হবে।
২০১৮ সালে ‘কেদারনাথ’ সিনেমা দিয়েই বলিউডে হাতেখড়ি হয়েছিল সারার। প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে সেই সিনেমার শুটিংয়ের সময় থেকেই এই জায়গার সঙ্গে তাঁর এক আত্মিক টান তৈরি হয়। এক সাক্ষাৎকারে সারা জানিয়েছিলেন, একবার জাহ্নবীর সঙ্গে কেদারনাথে ট্রেকিং করতে গিয়ে তাঁরা প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন। খাড়া পাহাড়ের ঢালে আটকে পড়েছিলেন তাঁরা, শেষে উদ্ধারকারী দল গিয়ে তাঁদের নামিয়ে আনে। এত কিছুর পরেও বারবার পাহাড়ের এই পবিত্র ভূমিতে ফিরে গিয়েছেন তিনি। কিন্তু এবারের যাত্রা যে আগের চেয়ে অনেকটা আলাদা হতে চলেছে, তা বলাই বাহুল্য। এখন দেখার, চারধাম যাত্রা শুরু হলে সারা আলি খান এই নতুন নিয়ম মেনে হলফনামা জমা দিয়ে কেদারনাথ দর্শন করেন কি না। আপাতত এই নতুন নিয়ম নিয়ে গোটা দেশেই চর্চা তুঙ্গে।