
বলিউডে একটা কথা খুব প্রচলিত- ‘নাম তো সুনা হি হোগা’। কিন্তু সেই নামের মহিমা যে কোন পর্যায়ে পৌঁছাতে পারে, তা এবার স্পষ্ট করে দিলেন অভিনেতা সৌরভ শুক্লা। বি-টাউনে এখন একটাই চর্চা, আর তা হল শাহরুখ খানের আগামী মেগা প্রজেক্ট ‘কিং’। এই ছবিকে ঘিরে উত্তেজনা এতটাই তুঙ্গে যে, সৌরভ রসিকতা করে বলেই ফেললেন, “শাহরুখের সঙ্গে কাজ করার সুযোগ পেতে অভিনেতারা যেকোনও ত্যাগ স্বীকার করতে রাজি!”
দীর্ঘদিন পর বড়পর্দায় বাদশা ফিরছেন তাঁর চিরচেনা রাজকীয় মেজাজে। সৌরভ শুক্লার মতে, শাহরুখের স্টার পাওয়ার আজও অমলিন। তিনি জানিয়েছেন, কিং খানের অফিস থেকে একটা ফোন যাওয়া বা তিনি নিজে কাউকে ডাকলে, না বলার সাধ্য এই ইন্ডাস্ট্রিতে খুব কম মানুষেরই আছে। এর আগে ‘বাদশাহ’ বা ‘হে রাম’-এর মতো হিট ছবিতে শাহরুখের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন সৌরভ। পুরনো সেই অভিজ্ঞতার রেশ টেনেই তিনি বলছেন, এই ছবির সঙ্গে যুক্ত হতে পারাটাই যেকোনও অভিনেতার কাছে বড় পাওনা।
কয়েকদিন আগে সৌরভের একটি মন্তব্য ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল। শোনা গিয়েছিল তিনি বলছেন, বলিউডের ৭০ শতাংশ মানুষ নাকি ‘কিং’ ছবিতে কাজ করছেন। তাঁর এই কথায় ভুল বুঝেছিলেন অনেকেই। ভক্তরা ধরে নিয়েছিলেন, একঝাঁক নামী তারকা রয়েছেন ছবিতে। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে ভুল ভেঙেছেন অভিনেতা। সৌরভের কথায়, “ইন্ডাস্ট্রি মানে শুধু অভিনেতা নয়। টেকনিশিয়ান থেকে শুরু করে নেপথ্যের কারিগর সকলেই বিশাল কর্মযজ্ঞের অংশ। আমি আসলে ছবির বিশালতা আর মানুষের উন্মাদনা বোঝাতে ওই কথাটি বলেছিলাম।”
বর্তমানে বড় ছবি মানেই একঝাঁক নামী অভিনেতা নেওয়ার চল বেড়েছে। এই প্রসঙ্গে সৌরভের মত কিছুটা আলাদা। তিনি মনে করেন, বড় তারকা থাকা মানেই যে বাকিরা গুরুত্বহীন, তা নয়। যদি প্রতিটি চরিত্রকে যথাযথ মর্যাদা দেওয়া হয় এবং গল্পের প্রয়োজনে ব্যবহার করা হয়, তবেই সেই ছবি সার্থক হয়। ‘কিং’-এর ক্ষেত্রেও তেমন কিছু হতে চলেছে বলেই ইঙ্গিত দিয়েছেন তিনি।
তবে সেই সাক্ষাৎকারে শাহরুখকে নিয়ে কথা বললেও নিজের চরিত্র নিয়ে মুখ খুলতে নারাজ সৌরভ শুক্লা। ছবিতে তাঁকে ঠিক কী ভূমিকায় দেখা যাবে, তা নিয়ে প্রশ্ন করা হলে তিনি রহস্যজনক হাসি হেসে জানান, “সেটা জানতে হলে ছবিটা মুক্তি পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। নির্মাতারা যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই সামনে আনছেন। আমি বরং আমার অন্য কাজ ‘খুলি কিতাব’ নিয়ে কথা বলতে পারি, কিন্তু ‘কিং’ নিয়ে আপাতত সব গোপন থাকাই ভালো!”