অভিনয় থেকে বিরতি নিচ্ছেন সৌরভ শুক্লা, হঠাৎ এমন কেন সিদ্ধান্ত অভিনেতার?
সৌরভ কিন্তু শুধু ভাবছেন না, বরং কোমর বেঁধে মাঠে নেমে পড়েছেন। তাঁর পরিচালিত আগামী ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে দুই কিংবদন্তি অভিনেতা পঙ্কজ কাপুর এবং ডিম্পল কাপাডিয়াকে। এমন দুই পাওয়ারহাউস পারফরমারকে নিজের নির্দেশনায় কাজ করানোটা সৌরভের জন্য বড় চ্যালেঞ্জ তো বটেই।

অভিনয়ের দুনিয়ায় তিনি এক জাঁদরেল শিল্পী। তাঁর টাইমিং আর অভিনয়ের ধার বারবার মুগ্ধ করেছে দর্শকদের। কিন্তু খোদ সৌরভ শুক্লর মনের ভেতর নাকি অন্য এক খিদে দানা বাঁধছে। সম্প্রতি শাহরুখ খানের মেগা প্রজেক্ট ‘কিং’-এর শুটিং শেষ করেছেন তিনি। আর এই শুটিং শেষ হতেই অভিনেতা জানিয়ে দিলেন, এবার থেকে তিনি ক্যামেরার সামনের চেয়ে পেছনের কাজ অর্থাৎ ছবি পরিচালনাতেই বেশি মন দিতে চান।
নিয়মিত অভিনয় মানেই নিশ্চিত রোজগার আর আর্থিক স্বচ্ছলতা। হঠাৎ এই পথ থেকে সরে দাঁড়ালে কি পকেটে টান পড়বে না? অভিনেতা অকপটে স্বীকার করেছেন, “আর্থিক দিকে প্রভাব পড়তে পারে ঠিকই, কিন্তু একজন সৃজনশীল মানুষের খিদে তো আর শুধু টাকা দিয়ে মেটে না। অভিনয় করে অনেক কিছু পেয়েছি, কিন্তু নিজের গল্প বলার যে তাগিদ আমার ভেতরে কাজ করছে, তা অভিনয়ের মাধ্যমে সম্ভব নয়। তাই নিজের পরিচালনার দিকেই এখন বেশি ফোকাস করতে চাই।”
সৌরভ কিন্তু শুধু ভাবছেন না, বরং কোমর বেঁধে মাঠে নেমে পড়েছেন। তাঁর পরিচালিত আগামী ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে দুই কিংবদন্তি অভিনেতা পঙ্কজ কাপুর এবং ডিম্পল কাপাডিয়াকে। এমন দুই পাওয়ারহাউস পারফরমারকে নিজের নির্দেশনায় কাজ করানোটা সৌরভের জন্য বড় চ্যালেঞ্জ তো বটেই।
কেরিয়ারের এই পর্যায়ে এসে অভিনয় কমিয়ে পরিচালনার দিকে ঝুঁকে পড়াকে অনেকে ‘হঠকারী’ বা ‘ভুল’ সিদ্ধান্ত মনে করতেই পারেন। সৌরভ অবশ্য সে সব নিয়ে মাথা ঘামাচ্ছেন না। তাঁর সাফ কথা, “অনেকের কাছে এটা বোকামি মনে হতে পারে। কিন্তু আমি তো একসঙ্গে দুই জায়গায় থাকতে পারব না। পরিচালনা আমাকে সেই তৃপ্তিটা দেবে যা কেবল অভিনয়ের মাধ্যমে পাওয়া সম্ভব নয়। তাই আপাতত ক্যামেরার নেপথ্যেই আমার আসল ঘরবাড়ি।”
বলিউড আপাতত অধীর অপেক্ষায়। অভিনেতা সৌরভকে তো বারবার দেখা গিয়েছে, এবার পরিচালক সৌরভের চোখে পঙ্কজ কাপুর আর ডিম্পল কাপাডিয়াকে দেখার নতুন অভিজ্ঞতা কেমন হয়, সেটাই এখন দেখার।
