
কিছু দিন আগেই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল, যে ভিডিয়ো দেখে রে-রে করে উঠেছিল গোটা সমাজমাধ্যম। মুম্বইয়ের পাপারাৎজি ও শিল্পা শেট্টি মিলে নাকি অপমান করেছেন তাঁকে– উঠেছিল এমনই অভিযোগ। সত্যিই কি তাই? ছবি শেয়ার করে সবটা বুঝিয়ে দিলেন ঋতুপর্ণা। এই ঘটনার বেশ কিছু দিন পর বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন তিনি। যে ছবিতে দেখা যাচ্ছে হাসিমুখে দাঁড়িয়ে আছেন ঋতুপর্ণা। সঙ্গেই রয়েছেন শিল্পা শেট্টি। অপমানিত যে তিনি বোধ করেননি সেই তথ্যই ফাঁস করেননি। এরই পাশাপাশি ঋতুপর্ণা জানিয়েছেন, হোটেলের লাউঞ্জে কথা হয়েছে তাঁদের। পাশাপাশি বসেছিলেনও তাঁরা। হাজির ছিলেন ভাগ্যশ্রীও। তাঁর সঙ্গেও কথা হয়েছে ঋতুপর্ণার। তাই যা ছড়ানো হচ্ছে তা নেহাতই গুজব– এমনটাই দাবি তাঁর।
ঠিক কী ঘটেছিল মুম্বইয়ের ওই পার্টিতে? ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছিল, শিল্পাকে দেখা মাত্রই ঘিরে ধরে পাপারাৎজি। উঠতে থাকে একের পর এক ছবি। ঋতুপর্ণা বুঝতে না পেরে চলে আসেন ক্যামেরার সামনে। ঢাকা পড়ে যান শিল্পা। হাত দিয়ে বিরক্তির অঙ্গভঙ্গিও করতে দেখা যায় তাঁকে, ভিডিয়ো অন্তত দাবি করছে এমনটাই। আর এমন সময়ই, পাপারাৎজির ভিড় থেকে ঋতুপর্ণাকে উদ্দেশ্য করে এমন কিছু বলা হয় যা শুনে মনখারাপ তাঁর ভক্তদের। একজন পরিষ্কার বলেন, “আরে পাসিং মত দে”, অর্থাৎ সামনে দিয়ে যাস না! আর একজন বলে ওঠেন, “ফ্রেম কিউ কাট রহা হ্যায় ইয়ে?” এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান তাঁর ভক্তরা। যদিও ঋতুপর্ণার দাবি, যা দেখা যাচ্ছে, তা মোটেও সঠিক না। শিল্পার সঙ্গে সব ঠিকই আছে তাঁর। অপমানিত হননি তিনি।