বিনোদন দুনিয়ায় ফের খারাপ খবর, প্রয়াত গায়ক হরমান, কী হয়েছিল?
শনিবার সকালে পঞ্জাবে নিজের গ্রাম খিয়ালায় ফিরছিলেন গায়ক হরমান। গ্রামে ঢোকার ঠিক আগে মানসা পাতিয়ালা রোডের উপরেই একটি ট্রাকের সঙ্গে গায়কের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতটাই জোরে সংঘর্ষ হয় যে গাড়ি দুমড়ে-মুচড়ে যায়।

একের পর এক খারাপ খবর বিনোদন দুনিয়ায়। এবার পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় পঞ্জাবি গায়ক হরমান সিধু। মাত্র ৩৭ বছর বয়সে এভাবে প্রাণ হারাবেন গায়ক, তা বিশ্বাস করতে পারছেন না তাঁর অনুরাগীরা। মূলত, ,সোশাল মিডিয়ায় হাত ধরেই জনপ্রিয়তা অর্জন করেছিলেন এই গায়ক। তাঁর অ্য়ালবাম জনপ্রিয় হয় নতুন প্রজন্মের সঙ্গীতপ্রেমীদের মধ্যে।
কী ভাবে ঘটল এই দুর্ঘটনা?
সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, শনিবার সকালে পঞ্জাবে নিজের গ্রাম খিয়ালায় ফিরছিলেন গায়ক হরমান। গ্রামে ঢোকার ঠিক আগে মানসা পাতিয়ালা রোডের উপরেই একটি ট্রাকের সঙ্গে গায়কের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতটাই জোরে সংঘর্ষ হয় যে গাড়ি দুমড়ে-মুচড়ে যায়। জানা গিয়েছে, ঘটনাস্থলেই প্রাণ হারান গায়ক।
খুব অল্প সময়ের মধ্যেই হরমান নাম করে পঞ্জাবি সঙ্গীত মহলে। সোশাল মিডিয়ায় হাত ধরে হরমান বেশ জনপ্রিয়। তাঁর গাওয়া পেপার ইয়া পেয়ার, বেবে বাপু, মুলতান ভার্সে রাশিয়া, কোই চক্কর নেহি দারুণ জনপ্রিয় নতুন প্রজন্মের মধ্যে। অনুরাগীরা এখনও বিশ্বাসই করতে পারছেন না যে, তাঁদের প্রিয় গায়ক আর নেই।
তবে জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে বিতর্কেও জড়িয়ে ছিলেন হরমন। ২০১৮ সালে হরমন ও তাঁর কয়েকজন বন্ধুকে মাদক রাখার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। একদিনের পুলিশ হেফাজতেও থাকেন সেই সময়ে পঞ্জাবি গায়ক। পরে সিধু নিজের কাছে মাদক রাখার বিষয়টি স্বীকারও করেন। এমনকী পাঞ্জাব পুলিশের কাছে তিনি এও স্বীকার করেছিলেন যে, গত ছয় থেকে সাত মাস ধরে তিনি মাদকাসক্ত।
