SIR Tribunal: সরে যেতে চান প্রাক্তন বিচারপতিরা! আপাতত শুরু হচ্ছে না ট্রাইব্যুনালের কাজ
Election Commission: প্রায় ৪৯ লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এরপর বৈধ ভোটাররা ট্রাইব্যুনালে আবেদন জানাতে পারবেন। সেই ট্রাইব্যুনাল নিয়ে কাটছে না জট। এবার ট্রাইব্যুনালে থাকা প্রাক্তন বিচারপতিরাই অসন্তোষ প্রকাশ করলেন।

কলকাতা: সুপ্রিম কোর্টে জানানোর পরও শুরু করা যাচ্ছে না ট্রাইব্যুনালের কাজ। বুধবার সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন জানায় যে বুধবার ট্রেনিং শেষ করে, বৃহস্পতিবার থেকে ট্রাইব্যুনালের কাজ শুরু করা হবে। বুধবার বিকেল ৫টা থেকে সেই ট্রাইব্যুনাল নিয়ে বৈঠকও ছিল মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে। সেই বৈঠক ভেস্তে গেল এদিন।
১৯ জন প্রাক্তন বিচারপতি ও প্রাক্তন বিচারকদের নিয়ে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে আগেই। কোথায় বসে তাঁরা কাজ করবেন, সেই জায়গা নির্ধারণের কাজও শেষ হয়েছে। জোকার সরকারি ভবনে ট্রাইব্যুনালের বসার কথা। বিচারাধীন তালিকায় থাকা যে সব ভোটারের নাম বাদ যাবে, তাঁরা চাইলে ট্রাইব্যুনালে আবেদন জানাতে পারবেন। তাঁদের বৈধতা নিয়ে সিদ্ধান্ত নেবে ট্রাইব্যুনাল। অনলাইনে ও অফলাইনে- দুভাবেই আবেদন জানানো যাবে।
বুধবারের বৈঠক ভেস্তে যাওয়ায় আগামিকাল, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে না ট্রাইবুনালের কাজ। সূত্রের খবর, অবসরপ্রাপ্ত বিচারপতিদের একাধিক প্রশ্নের জবাবে এদিন নিরুত্তর থেকেছে কমিশন। ট্রাইব্যুনালের সদস্যদের একাংশ কার্যত অসন্তোষ প্রকাশ করায় বৈঠক মুলতুবি হয়ে যায়। আবার কবে বৈঠক বসবে, সে ব্যাপারে কিছু জানা যায়নি। তীব্র বিরক্তিতে কয়েকজন অবসরপ্রাপ্ত বিচারপতি ট্রাইবুনাল থেকে সরে যেতে চেয়েছেন বলেও সূত্রের খবর।
সূত্রের খবর, এদিন প্রাক্তন বিচারপতিরা জানতে চেয়েছেন, এসওপি কোথায়? পরিকাঠামো কী আছে? কোনও ভোটার যদি অভিযোগ করেন যে বিএলও নথি গ্রহণ করেননি, তাহলে কী হবে? প্রত্যেক ভোটারের বলার সুযোগ দেওয়া দরকার বলেও উল্লেখ করেন ট্রাইব্যুনালের সদস্যরা। কিন্তু সব প্রশ্নের সদুত্তর পাননি তাঁরা।
‘কমিশন এভাবে কোনও প্রশ্নের উত্তর না দিতে পারলে, ট্রাইবুনালে কাজ করা যাবে না’, সাফ জানিয়ে দেন এক অবসরপ্রাপ্ত মহিলা বিচারপতি। সহমত পোষণ করেন বাকি বিচারপতিদের একাংশ। বিরক্ত আর এক প্রাক্তন বিচারপতি বলেন, ‘কমিশন কি আদৌ সমাধান করতে চাইছে কিছু?’ বৈঠক মুলতুবি হয়ে যায়। ফের কবে বৈঠক জানায়নি কমিশন।
