Sohini Sarkar: জানেন সোহিনীর হবু সন্তানের কী নাম রাখতে চান শোভন? নামটা শুনলে হাসি আর থামবে না!
Sohini Sarkar Pregnancy: গর্ভাবস্থার চূড়ান্ত সময়ে দাঁড়িয়েও নতুন ছবি ‘বেগুনি রঙের আলো’-র প্রচারে শহর চষে ফেলছেন অভিনেত্রী সোহিনী সরকার। হবু মায়ের এই পেশাদারিত্ব দেখে হাততালি দিচ্ছেন অনুরাগীরা। সম্প্রতি ছবির এক প্রচার অনুষ্ঠানে এসে গর্ভকালীন নানা মিষ্টি অনুভূতি ও ব্যক্তিজীবনের মজার অভিজ্ঞতার ঝুলি উপুড় করে দিলেন নায়িকা।

আট মাসের অন্তঃসত্ত্বা, অথচ উদ্দীপনায় এতটুকু ভাঁটা পড়েনি। গর্ভাবস্থার চূড়ান্ত সময়ে দাঁড়িয়েও নতুন ছবি ‘বেগুনি রঙের আলো’-র প্রচারে শহর চষে ফেলছেন অভিনেত্রী সোহিনী সরকার। হবু মায়ের এই পেশাদারিত্ব দেখে হাততালি দিচ্ছেন অনুরাগীরা। সম্প্রতি ছবির এক প্রচার অনুষ্ঠানে এসে গর্ভকালীন নানা মিষ্টি অনুভূতি ও ব্যক্তিজীবনের মজার অভিজ্ঞতার ঝুলি উপুড় করে দিলেন নায়িকা।
সিনেমার সঙ্গে বাস্তব জীবনের প্রেগন্যান্সির মিল-অমিল নিয়ে বলতে গিয়ে হাসতে হাসতে সোহিনী স্মরণ করেন পুরনো এক স্মৃতির কথা। তিনি বলেন, “প্রীতি জিন্টা আর সইফ আলি খানের সেই সিনেমাটার কথা মনে আছে? ‘সালাম নমস্তে’! ওখানে অন্তঃসত্ত্বা প্রীতির ঘন ঘন বেলজিয়াম ডার্ক চকোলেট খাওয়ার তীব্র বাসনা হতো। ভেবেছিলাম আমার ক্ষেত্রেও বোধহয় ওরকম ক্রেভিংস হবে! কিন্তু বাস্তবে দেখছি উল্টো পুরাণ। আমার বদলে সব ক্রেভিংস হচ্ছে শোভনের (গঙ্গোপাধ্যায়)। কে যে আসল প্রেগন্যান্ট, তা বোঝা দায়! আমার বাহানা করে ঘরে নানান খাবার আনছে, জিজ্ঞেস করছে আইসক্রিম খাব কি না; আর আমাকে অল্প একটু গালমন্দ বুঝিয়ে বাকিটা নিজেই সাবাড় করে দিচ্ছে!”
তবে শুধু খাওয়া-দাওয়াই নয়, হবু সন্তানের নাম নিয়েও শোভন যা কাণ্ড ঘটিয়েছেন, তা শুনে হেসে আকুল উপস্থিত সবাই। সোহিনী জানান, শোভন নাকি বাচ্চার নাম প্রস্তাব করেছেন ‘টুল’! নামটার ব্যাখ্যা দিতে গিয়ে গায়ক যুক্তি দিয়েছেন, “টুলের ওপর দাঁড়ালে তো মানুষ উঁচুতে উঠতে পারে!” স্ত্রীর পাল্টা খোঁচা, “উঁচুতে উঠতে গেলে তো সিঁড়ি বা মই-ও ব্যবহার করা যায়!” পাশেই উপস্থিত পরিচালক-অভিনেত্রী মানসী সিনহা ঠাট্টা করে যোগ করেন, “এর চেয়ে ছোট আর কোনও নাম খুঁজে পাওয়া সম্ভব ছিল না বোধহয়!” সোহিনীর সংযোজন, “মেয়ে হলে শেষমেশ হয়তো ‘টুলি’ হবে, আর ছেলে হলে ‘টুল’!”
নিজে এখনও বাচ্চার কোনও নাম না ভাবলেও সোহিনী বেশ আশঙ্কায় আছেন এক বিশেষ মানুষকে নিয়ে। কারণ, তাঁর দিদিশাশুড়ি অর্থাৎ শোভনের ঠাকুমা নাকি হবু সন্তানকে নিয়ে আগাম এত আলোচনা মোটেই পছন্দ করছেন না।
চলতি পুজোতেই মুক্তি পেতে চলেছে সোহিনী অভিনীত আরও এক বড় ছবি ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’, যেখানে প্রথমবারের মতো যিশু সেনগুপ্তের বিপরীতে দেখা যাবে তাঁকে। তবে ছবির প্রিমিয়ার বা জমকালো উদযাপনে তিনি যে উপস্থিত থাকতে পারছেন না, তা সাফ জানিয়ে দিয়েছেন। কারণ একটাই—পুজোর ঢাক বাজার আগেই হয়তো তাঁর কোলে আসতে চলেছে পরিবারের নতুন সদস্য!
