AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Swarup Biswas: খুনের হুমকি থেকে টাকা তোলার অভিযোগ, স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে বিস্ফোরক টেকনিশিয়ানরা

Tollywood technicians controversy: মেকআপ শিল্পী সিমরন পালের দাবি, স্বরূপ বিশ্বাস তাঁকে খুনের হুমকি দিয়েছেন। পরিচালক সুব্রত সেন প্রশ্ন তুলেছেন, ফেডারেশনের ফান্ডে যে ৭৫ লক্ষ টাকা ছিল, তা কেন অডিটে দেখানো হয়নি, তা নিয়ে। ফেডারেশনের মধ‍্যে দুর্নীতির কথা বারবার উঠে এসেছে সরকার বদলের পর।

Swarup Biswas: খুনের হুমকি থেকে টাকা তোলার অভিযোগ, স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে বিস্ফোরক টেকনিশিয়ানরা
| Edited By: | Updated on: May 22, 2026 | 12:51 PM
Share

টলিপাড়ায় এত দিন শুটিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে টেকনিশিয়ানদের ফেডারেশন। এই সংগঠনের সভাপতির পদে ছিলেন স্বরূপ বিশ্বাস। তাঁর কাজের মেয়াদ ফুরিয়েছে। ২১টা গিল্ড নিয়ে যে ফেডারেশন, সেখানে নতুন কমিটি তৈরি করার জন‍্য আবার নির্বাচন প্রয়োজন। তবে রাজ‍্যে সরকার বদলের পর, পরিস্থিতি ক্রমশ জটিল হয়েছে।

তৃণমূল কংগ্রেসের আমলে বিজেপি ঘনিষ্ঠরা বা বিশেষ কয়েকজন পরিচালক, স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে কথা বলেছিলেন। রাজ‍্যে সরকার বদল হতেই এবার একের পর এক টেকনিশিয়ানও বিস্ফোরক সব অভিযোগ করছেন স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে।

মেকআপ শিল্পী সিমরন পালের দাবি, স্বরূপ বিশ্বাস তাঁকে খুনের হুমকি দিয়েছেন। পরিচালক সুব্রত সেন প্রশ্ন তুলেছেন, ফেডারেশনের ফান্ডে যে ৭৫ লক্ষ টাকা ছিল, তা কেন অডিটে দেখানো হয়নি, তা নিয়ে। ফেডারেশনের মধ‍্যে দুর্নীতির কথা বারবার উঠে এসেছে সরকার বদলের পর। কিছুক্ষেত্রে স্যোশাল মিডিয়ায় ফেডারেশনের আর্থিক দুর্নীতি নিয়ে সরব হয়েছেন টেকনিশিয়ানদের কেউ-কেউ। সম্প্রতি বিধায়ক পাপিয়া অধিকারী আর রুদ্রনীল ঘোষের উপস্থিতিতে বৈঠকে নানা অভিযোগ জমা পড়ে ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে।

এবার মেকআপ গিল্ড এক নজরকাড়া বিজ্ঞপ্তি দিল। সূত্রের খবর, মেকআপ গিল্ডের কার্যকরী কমিটির প্রধান, একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন, ‘ওয়েলফেয়ার’-এর নামে যে টাকা নেওয়া হতো, তা ফেরত দেওয়া হবে। টেকনিশিয়ানদের কারও-কারও দাবি, নানা উপায়ে টেকনিশিয়ানদের কাছ থেকে টাকা নেওয়া হতো।

এই ঘটনায় নানা প্রশ্ন উঠছে। এত দিন ফেডারেশনে পরোক্ষভাবে যে রাজনৈতিক ছায়া ছিল, তা সরে গিয়েছে, তাই কি গিল্ডের কমিটির প্রধানরা ভয় পেয়ে টাকা ফেরত দেওয়ার উদ্যোগ নিচ্ছেন?

এ ব‍্যাপারে প্রশ্ন করা হলে, মেকআপ আর্টিস্ট সুভাষ বিশ্বাস অভিযোগ করেন, বহুদিন ধরে মেকআপ গিল্ডের কমিটির প্রধান বাপি মালাকার নানাভাবে কাজ আটকে দিয়েছেন। বহুবার ফেডারেশনে জানিয়ে কোনও লাভ হয়নি। তিনি বলেন, ‘’সদস্য পদের জন‍্য টাকা দেওয়ার পরও টেকনিশিয়ান ওয়েলফেয়ার-এর নাম করে পারিশ্রমিক থেকে দুই শতাংশ টাকা কেটে নেওয়া হতো। এখন পালাবদলের ফলে হঠাৎই সেই টাকা ফেরত দেওয়ার কথা বলছে মেকআপ গিল্ড।”

ভেন্ডার্স গিল্ডের সদস্য সৈকত দাস জানালেন, “একটা সময় ভেন্ডার্স গিল্ডের সঙ্গে ফেডারেশনের চুক্তি ছিল বিভিন্ন শর্তের বিনিময়ে। সেই শর্তগুলো ফেডারেশন কোনও সময় মানেনি। তাই জন্য ভেন্ডারস গিল্ড তাদের চুক্তি থেকে বেরিয়ে আসে। নানাভাবে ফেডারেশন কাজ করতে বাধা দিয়েছে। অনেক ভেন্ডারকে ব্যান করে রেখেছে। যেটার প্রতিবাদস্বরূপ চুক্তি ভেঙে দেওয়া হয়েছে এবং ভেন্ডাররা তাদের ইচ্ছামতো কাজ করছেন।’’ নাম প্রকাশে অনিচ্ছুক আরও কিছু মেকআপ শিল্পী ওয়েলফেয়ার ফান্ডের কথা বলে, টাকা তোলার বিষয়টির উল্লেখ করলেন। এখন হঠাৎ কেন, সেই টাকা ফেরত দেওয়ার বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে, তা নিয়ে অবাক গিল্ডের সদস‍্যরা।

Follow Us