অমিতাভ-শাহরুখের খরচে প্রযোজকরা কাহিল? বিস্ফোরক মন্তব্য করলেন তাপসী পান্নু

প্রযোজকদের নিয়ে সেই ইন্টারভিউতে বিস্ফোরক মন্তব্য করেছেন তাপসী। অভিনেত্রীর কথায়, "যে সব প্রযোজকরা ইন্টারভিউতে এসে তারকাদের ডিমান্ড বা এনট্যুরেজ কস্ট নিয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন, তাঁরাই আবার ওই একই অভিনেতাদের কাজ দিচ্ছেন। যদি এই খরচ নিয়ে আপনাদের এতই সমস্যা থাকে, তবে নিয়ম বদলান।

অমিতাভ-শাহরুখের খরচে প্রযোজকরা কাহিল? বিস্ফোরক মন্তব্য করলেন তাপসী পান্নু
Image Credit source: facebook

Mar 11, 2026 | 12:30 PM

তারকাদের একঝাঁক ব্যক্তিগত সহকারী, মেকআপ আর্টিস্ট আর বাউন্সারের বিশাল বহরের খরচ মেটাতে গিয়েই কি নাভিশ্বাস উঠছে প্রযোজকদের? গত কয়েক মাস ধরে মায়ানগরীর অন্দরে কান পাতলে এই ‘এনট্যুরেজ কস্ট’ বা সহকারীদের খরচ নিয়ে বিস্তর অভিযোগ শোনা যাচ্ছে। তবে এবার এই বিতর্কে ঘি ঢাললেন অভিনেত্রী তাপসী পান্নু। খোদ শাহরুখ খান বা অমিতাভ বচ্চনের মতো মহাতারকাদের উদাহরণ টেনে তিনি যা জানালেন, তাতে অনেকেরই চোখ কপালে উঠতে বাধ্য।

কী বলেছেন তাপসী?

সম্প্রতি এক সাক্ষাৎকারে তাপসী জানান, ইন্ডাস্ট্রিতে একটা ধারণা তৈরি হয়েছে যে প্রত্যেক বড় তারকাই সেটে ৪-৫ জন সহকারী নিয়ে ঘোরেন এবং তাঁদের যাবতীয় বিলাসিতার খরচ প্রযোজককে বইতে হয়। তাপসী স্পষ্ট বলেন, “আমি ইন্ডাস্ট্রির দুই বড় সুপারস্টার শাহরুখ খান এবং অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করেছি। এমনকি অক্ষয় কুমারের সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা আছে। আমি নিজে দেখেছি, শাহরুখ স্যারের আশেপাশে কিন্তু খুব বেশি মানুষ থাকে না। এটা একটা ভুল ধারণা যে সব বড় তারকারই বিশাল ব্যক্তিগত সহকারীর গ্রুপ থাকে।”

প্রযোজকদের দ্বিচারিতা?

প্রযোজকদের নিয়ে সেই ইন্টারভিউতে বিস্ফোরক মন্তব্য করেছেন তাপসী। অভিনেত্রীর কথায়, “যে সব প্রযোজকরা ইন্টারভিউতে এসে তারকাদের ডিমান্ড বা এনট্যুরেজ কস্ট নিয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন, তাঁরাই আবার ওই একই অভিনেতাদের কাজ দিচ্ছেন। যদি এই খরচ নিয়ে আপনাদের এতই সমস্যা থাকে, তবে নিয়ম বদলান। একদিকে কাজ দেবেন আর অন্যদিকে বাইরে এসে অভিযোগ করবেন—এটা তো দ্বিচারিতা।”

তিনি আরও যোগ করেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে অভিনেতারা যদি অবাস্তব দাবি করেন, তবে তাঁদের কাজ দেওয়া বন্ধ করা উচিত। কিন্তু বাস্তবে যা ঘটছে সেটাই সামনে আসছেন না বলে মনে করেন তিনি।

বিতর্কের প্রেক্ষাপট

বলিউডে তারকাদের সহকারীদের খরচ নিয়ে অভিযোগ এই প্রথম নয়। এর আগে অনুরাগ কাশ্যপ, করণ জোহর এবং সুজিত সরকারের মতো পরিচালকরাও এই ক্রমবর্ধমান খরচের বিরুদ্ধে সরব হয়েছিলেন। বরুণ ধাওয়ান বা কৃতি শ্যাননের মতো নবীন প্রজন্মের তারকারাও স্বীকার করেছেন যে অপ্রয়োজনীয় বাজেট কমিয়ে ছবির বাজেটে ভারসাম্য আনা জরুরি। কিন্তু তাপসীর দাবি অনুযায়ী, বল এখন প্রযোজকদের কোর্টে। তাঁরা প্রশ্রয় না দিলে কোনও তারকার পক্ষেই এমন কাজ করা সম্ভব নয়।

Follow Us