
অভিনেত্রী তাপসী পান্নু সম্প্রতি দক্ষিণী চলচ্চিত্রে কাজ করার সময় অভিনেত্রীদের যে অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়, সে বিষয়ে খোলাখুলি কথা বলেছেন। তিনি জানান, তামিল ও তেলুগু ছবিতে অনেক সময় পরিচালকেরা নায়িকাদের পর্দায় উপস্থিতি আরও উজ্জ্বল করে তুলতে প্যাডেড ব্রা পরতে বলেন। তাপসীর মতে, এমন প্রস্তাবের ফলে দর্শকের মনোযোগ শরীরের একটি নির্দিষ্ট অংশের দিকে সরে যায়।
একটা পডকাস্টে আলোচনার সময় তাঁকে জিজ্ঞাসা করা হয়, কেন ভোজপুরি ও দক্ষিণী সিনেমার গানের দৃশ্যে নাভির ওপর এত জোর দেওয়া হয়। এর জবাবে তাপসী স্বীকার করেন, তিনিও বহুবার এই প্রবণতা বোঝার চেষ্টা করেছেন। তাঁর পর্যবেক্ষণ, দক্ষিণী ছবিতে দৃশ্যধারণে প্রায়ই নাভিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়, অন্যদিকে হিন্দি সিনেমায় বেশি গুরুত্ব পায় ক্লিভেজ।
তাপসী বলেন, “দক্ষিণী ছবির শুটিংয়ে অনেক সময় বলা হয়, ‘প্যাডেড ব্রা পরো।’ সমস্যা হয়, সেটে পরিচালক এই কথা কাকে বলবেন, কারণ সেখানে সাধারণত এক বা দুইজন নারীই থাকেন। ফলে পরিচালক সহকারী পরিচালককে বলেন, তিনি আবার স্টাইলিং টিম বা হেয়ার টিমের কোনও মহিলা সদস্যকে জানান, আর শেষে সেই বার্তা অভিনেত্রীর কাছে পৌঁছায়।”
তিনি আরও বলেন, “ভাবুন তো, গানের শুটিংয়ের সময় সেটে মাঝপথে কাউকে উঠে যেতে হচ্ছে, আর সবাই তাকিয়ে আছে—কী পরিবর্তন হলো দেখার জন্য। তারপর বলা হচ্ছে, ‘কোনও পার্থক্য বোঝা যাচ্ছে না, আবার গিয়ে বদলে এসো।’ কতটা বিব্রতকর পরিস্থিতি হতে পারে, ভাবা যায়! এভাবেই বিষয়গুলো ঘটে।” তাপসী আরও উল্লেখ করেন, অনেক নির্মাতা বিশ্বাস করেন যে দর্শকদের কল্পনা ও ভিজ্যুয়াল আকর্ষণ বাড়াতে পর্দায় শরীরের নির্দিষ্ট অংশকে বিশেষভাবে তুলে ধরা প্রয়োজন।