
বলিউডের অন্দরের রাজনীতির বেড়াজাল কাটিয়ে নিজের পরিচিতি তৈরি করতে সমর্থ হয়েছেন অভিনেত্রী তাপসী পান্নু। সম্প্রতি তাঁর ছবি ‘আশি’ মুক্তি পেয়েছে। অন্যধারার ছবিতে অভিনয় করেও দর্শকদের পছন্দের তালিকায় প্রথম সারিতে রয়েছেন তাপসী। মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির আউটসাইডার হিসাবে কাজ শুরু করে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয় তাঁকে।
ইতিমধ্যেই ‘নাম শাবানা’, ‘বেবি’, ‘থাপ্পড় ‘ ‘মুল্ক’ এর মত ছবিতে অভিনয় দিয়ে দর্শকদের ভালোবাসা পেয়েছেন। ‘থাপ্পড়’-এর আওয়াজ গোটা দেশের মেয়েদের কানে পৌঁছে গিয়েছিল। ‘আশি’ ছবিতেও তাপসীর অভিনয় দর্শকদের ভাবতে বাধ্য করছে। তবে এই জায়গায় পৌঁছনোর পরও প্রতিদিন তাঁকে নতুন কাজ পেতে যুদ্ধ করতে হয়। তিনি TV9 বাংলার প্রশ্নের উত্তরে বলেন, “প্রতিটি ছবি মুক্তির পর আমায় নতুন ছবি পেতে অনেক অপেক্ষা করতে হয়। সমাজের সব জায়গাতেই বৈষম্য রয়েছে। আমি তার শিকার হয়েছি বারবার। বহু ছবি থেকে বাদ পড়েছি, কারণ সেই ছবির নায়কের পছন্দের তালিকায় আমি ছিলাম না। পরিচালক আমার নাম বললে, তখন জনৈক সুপারস্টার বলেছেন, তাঁর সঙ্গে আমার সেই টিউনিং নেই, তাই অন্য কাউকে নিতে। ছবির স্ক্রিপ্ট শুনে লুক সেটের পরও ছবির থেকে বাদ পড়েছি। এই ‘আশি ‘ ছবির মুক্তির পর এই ছবির কালেকশন এর উপর নির্ভর করবে আগামী কাজ পাওয়া। দক্ষিণের ইন্ডাস্ট্রিতে একটা সময় আমায় অপয়া বলে কাজ থেকে বাদ দিয়ে দিত। আজও শুধু সিনেমা নয়, কোনও বিজ্ঞাপনের জন্য কোনও ম্যানেজার আমার নাম বললে নায়করা ব্র্যান্ডের থেকেও বাদ দেয়। আমায় পছন্দ নয় বলে।”
তাপসী আরও বলেন , “আমি তো নতুন যাঁরা ইন্ডাস্ট্রিতে কাজ করতে আসছেন, তাঁদের বলব, আমার রাস্তা অনুসরণ করলে প্রতিদিন যুদ্ধের জন্য তৈরি থাকো। অনেক ছবি হাতছাড়াও হতে পারে। “