
বলিউডে সাফল্য কখন দরজায় কড়া নাড়ে, তা কেউ বলতে পারে না। কখনও বছর কেটে যায়, কখনও এক রাতেই বদলে যায় পরিচয়। অভিনেত্রী তৃপ্তি দিমরির জীবনে সেই রাতটা এসেছিল অ্যানিম্যাল মুক্তির পর। তার আগে তিনি বেশ প্রশংসা পেলেও সেই ভাবে বিশাল পরিসরে পরিচিতি পান নি। তবে তার পরে? তিনি ট্রেন্ড, তিনি চর্চা, তিনি ‘ন্যাশনাল ক্রাশ’ তকমার কেন্দ্রবিন্দু। আজ তাঁর জন্মদিন। এই বিশেষ দিনে ফিরে দেখা যাক পরিচিতি বাড়ার সঙ্গে সঙ্গে তাঁর অর্থনৈতিক অবস্থানের কতটা পরিবর্তন হয়েছে?
তৃপ্তির শুরুটা সহজ ছিল না। মুখ্য চরিত্র হিসেবে তাঁর প্রথম ছবি ‘লায়লা মজনু’ বক্স অফিসে বড় সাফল্য না পেলেও, অভিনয়ে নজর কেড়েছিলেন তিনি। তারপর ‘বুলবুল’,’কলা’ ছবিতে তার অভিনয়ও বেশ প্রশংসিত হয়। তবে‘অ্যানিমাল’ মুক্তির পর থেকেই তাঁর পরিচিতি বাড়তে থাকে। ছবিতে তাঁর অপেক্ষাকৃত কম সময়ের উপস্থিতি থাকলেও, আলোচনার কেন্দ্রে ছিলেন তিনিই। মুক্তির পর তাঁর সামাজিক মাধ্যমে অনুসারীর সংখ্যা কয়েক মিলিয়ন বেড়ে যায়। বিজ্ঞাপন জগতের দরজা খুলে যায় একের পর এক।
বিভিন্ন বিনোদন ও ট্রেড পোর্টালের রিপোর্ট অনুযায়ী, বর্তমানে তৃপ্তি দিমরির মোট সম্পত্তি আনুমানিক ৩০ থেকে ৪০ কোটির মধ্যে। সাধারণত পারিশ্রমিক, ব্র্যান্ড চুক্তি, সম্পত্তি ক্রয় এবং বাজারদর মিলিয়ে এই হিসেব করা হয়। ইন্ডাস্ট্রি সূত্রের দাবি, ‘অ্যানিমাল’-এর পরই অভিনেত্রীর পারিশ্রমিক এক লাফে অনেকটাই বেড়েছে। তিনি প্রতি ছবি থেকে প্রায় ৩ কোটির আশেপাশে পারিশ্রমিক নেন। পাশাপাশি একাধিক বিউটি ও ফ্যাশন ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হওয়ায় বিজ্ঞাপন থেকেও বড় অঙ্কের রোজকার করেন অভিনেত্রী। ২০২৪ সালে মুম্বইয়ের বান্দ্রায় একটি বিলাসবহুল বাংলো কিনেছেন তিনি। শাহরুখ খান, সলমন খান থেকে শুরু করে রণবীর কাপুর আলিয়া ভাট- সকলেরই আস্তানা বান্দ্রাতেই। আর সেখানে থাকছেন তৃপ্তিও।
সদ্যই মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি ‘ও রোমিও’। এখন ভক্তরা সকলেই অভিনেত্রীর নতুন ছবির অপেক্ষায়।