Vivek Agnihotri on Mamata Banerjee defeat: এবার বাংলা কীভাবে বদলে যাবে? বললেন ‘বেঙ্গল ফাইলস’-এর পরিচালক
Vivek Agnihotri on Mamata Banerjee defeat: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল সামনে আসতেই ফের একবার চর্চায় উঠে এলেন ‘দ্য কাশ্মীর ফাইলস’ খ্যাত এই পরিচালক।মমতা বন্দ্যোপাধ্যায়ের হার ও শুভেন্দু অধিকারীর জয় নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী।

বিবেক অগ্নিহোত্রী চিরকালই স্পষ্ট বক্তা হিসেবে পরিচিত। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল সামনে আসতেই ফের একবার চর্চায় উঠে এলেন ‘দ্য কাশ্মীর ফাইলস’ খ্যাত এই পরিচালক। ভবানীপুর কেন্দ্রে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয়কে কেন্দ্র করে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এক দীর্ঘ ও আবেগঘন পোস্ট শেয়ার করেছেন বিবেক। তাঁর দাবি, এই জয় আসলে বাংলার মানুষের জয়, যারা দীর্ঘদিন ধরে ‘ভয়ে’ দিন কাটাচ্ছিলেন তাঁদের জয়।
বিবেক অগ্নিহোত্রী তাঁর ইনস্টাগ্রাম পোস্টে একটি পুরনো ভিডিয়ো শেয়ার করেছেন, যেখানে তাঁকে তাঁর ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’ মুক্তির সময়কার প্রতিকূলতা নিয়ে কথা বলতে দেখা গিয়েছে। পরিচালক লিখেছেন, “আর কখনও নয়। যারা জানেন না তাদের জানাই, ‘দ্য কাশ্মীর ফাইলস’ মুক্তির পর মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বাংলায় কার্যত নিষিদ্ধ করেছিলেন। সিনেমা হল থেকে ছবি নামিয়ে দেওয়া হয়েছিল এবং আমাকে রাজ্যে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল।”
View this post on Instagram
বিবেকের অভিযোগ আরও গুরুতর। তিনি দাবি করেছেন যে, গত বছর তাঁর ‘দ্য বেঙ্গল ফাইলস’ ছবিটি পশ্চিমবঙ্গে সম্পূর্ণ নিষিদ্ধ করার চেষ্টা হয়েছিল। ট্রেলার লঞ্চ আটকে দেওয়া থেকে শুরু করে তাঁর ওপর হামলা এবং একের পর এক এফআইআর- কিছুই বাদ যায়নি। এমনকি রাজ্যপালের হাত থেকে পুরস্কার নিতে আসার পথেও তাঁকে বাধার সম্মুখীন হতে হয়েছিল বলে অভিযোগ করেছেন তিনি।
তবে দমে যাওয়ার পাত্র নন বিবেক। ভোটের আগে বাংলায় নিজের ছবির প্রচার নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন তিনি। পরিচালকের কথায়, “আমরা হাল ছাড়িনি। এই নির্বাচনের সময় আমরা নিশ্চিত করেছি যাতে বাংলার ঘরে ঘরে ‘আন্ডারগ্রাউন্ড’ উপায়ে ‘দ্য বেঙ্গল ফাইলস’ পৌঁছে দেওয়া যায়। আমি খুশি যে আমরা লড়াই করেছি।” মমতা বন্দ্যোপাধ্যায়ের হার নিশ্চিত হতেই বাংলার মানুষকে অভিনন্দন জানিয়ে বিবেক বলেন, “অভিনন্দন বাংলার সাহসী মানুষ। এবার আপনারা নির্ভয়ে, মাথা উঁচু করে বাঁচতে পারবেন।”
উল্লেখ্য, ১৯৪৬ সালের ‘গ্রেট ক্যালকাটা কিলিং’ বা কলকাতার দাঙ্গার প্রেক্ষাপটে তৈরি এই ছবিটি নিয়ে প্রথম থেকেই বিতর্ক তুঙ্গে ছিল। যদিও তৃণমূল সরকারের পক্ষ থেকে সরাসরি কোনও সরকারি নিষেধাজ্ঞার কথা জানানো হয়নি, তবে প্রেক্ষাগৃহের মালিকরা নিরাপত্তার অভাব বোধ করায় ছবিটি প্রদর্শনে অনীহা দেখিয়েছিলেন। বিবেক অগ্নিহোত্রীর এই সাম্প্রতিক মন্তব্য এখন রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার খোরাক জোগাচ্ছে।
