AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

The Bengal Files: বিজেপি জিততেই মুক্তি পাচ্ছে ‘দ্য বেঙ্গল ফাইলস’, কেন বাধা পড়েছিল ছবি মুক্তিতে?

The Bengal Files unofficial ban in West Bengal: বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri)-র বহুল চর্চিত ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’ কি সত্যিই রাজনৈতিক রোষের শিকার হয়েছিল? দীর্ঘ এক বছর ধরে বাংলায় কেন ব্রাত্য ছিল এই ছবি? ২০২৬-এর বিধানসভা নির্বাচনে ফলপ্রকাশের ৯৬ ঘণ্টার মধ্যেই বড় ধামাকা দিলেন পরিচালক। শাশ্বত চট্টোপাধ্যায় থেকে সৌরভ দাস— একঝাঁক টলি তারকাকে নিয়ে অবশেষে প্রেক্ষাগৃহে ফিরছে এই ছবি। জেনে নিন এর পেছনের গোপন কাহিনী।

The Bengal Files: বিজেপি জিততেই মুক্তি পাচ্ছে 'দ্য বেঙ্গল ফাইলস', কেন বাধা পড়েছিল ছবি মুক্তিতে?
কেন ছিল ‘অঘোষিত নিষেধাজ্ঞা’?
| Updated on: May 08, 2026 | 1:02 PM
Share

বিবেক অগ্নিহোত্রীর বিতর্কিত ছবি দ্য বেঙ্গল ফাইলস (The Bengal Files) অবশেষে মুক্তি পেতে চলেছে পশ্চিমবঙ্গে। বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri) এবং বিতর্ক- এই দুই শব্দ যেন সমার্থক। ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে তোলপাড় হওয়ার পর যখন তিনি দ্য বেঙ্গল ফাইলস (The Bengal Files) তৈরির ঘোষণা করেছিলেন, তখন থেকেই উত্তপ্ত হয়েছিল বাংলার মাটি। কিন্তু ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে যখন সারা দেশে এই ছবি মুক্তি পায়, তখন পশ্চিমবঙ্গের কোনও বড় সিনেমা হলে এই ছবি প্রদর্শিত হয়নি। কিন্তু কেন? ২০২৬-এর বিধানসভা নির্বাচনে রাজ্যে ক্ষমতার পালাবদল ঘটতেই সেই জট খুললেন খোদ পরিচালক।

কেন ছিল ‘অঘোষিত নিষেধাজ্ঞা’?

তৎকালীন তৃণমূল সরকারের পক্ষ থেকে সরকারিভাবে কোনও নিষেধাজ্ঞা জারি করা না হলেও, ছবিটির ওপর ছিল এক অদৃশ্য ‘অঘোষিত নিষেধাজ্ঞা’। পরিচালক বিবেকের দাবি, সেই সময় রাজনৈতিক চাপে হল মালিকরা এই ছবি দেখাতে রাজি হননি। ভয় দেখানো হয়েছিল বিজ্ঞাপন দেওয়া বা ট্রেলার লঞ্চের ক্ষেত্রেও। বিবেক জানান, গত বছর ট্রেলার লঞ্চের সময় তাঁদের ওপর শারীরিক হামলা পর্যন্ত চালানো হয়েছিল এবং ডজন ডজন এফআইআর (FIR) করা হয়েছিল তাঁর নামে। এমনকি রাজভবনে গিয়ে রাজ্যপালের হাত থেকে পুরস্কার গ্রহণ করতেও সে সময় বেশ ভয় পান তিনি।

কারা আছেন এই ছবিতে?

এই ছবিটিকে ঘিরে বিতর্কের কেন্দ্রে ছিলেন টলিউডের বেশ কিছু জনপ্রিয় মুখ। ‘বাঙালি বিরোধী’ তকমা দিয়ে যাঁদের সোশ্যাল মিডিয়ায় তীব্র আক্রমণের মুখে পড়তে হয়েছিল।

শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee): ছবির অন্যতম প্রধান মুখ। সেই সময়ের উত্তাল রাজনৈতিক প্রেক্ষাপটে তাঁর চরিত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সৌরভ দাস (Saurav Das): ‘মন্টু পাইলট’ খ্যাত এই অভিনেতার ছবিটিতে কাজ করা নিয়ে কম জলঘোলা হয়নি। এক বছর ধরে প্রবল চাপের মুখে ছিলেন তিনি। ক্ষমতার পালা বদল হতে সেই বিষয়ে মুখও খুলেছেন সৌরভ।

পল্লবী যোশী (Pallavi Joshi): বিবেক অগ্নিহোত্রীর স্ত্রী তথা জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী এই ছবিতে একটি অত্যন্ত প্রভাবশালী চরিত্রে অভিনয় করেছেন।

অনুপম খের (Anupam Kher): ছবির বিষয়বস্তুকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে এই বর্ষীয়ান অভিনেতাকে।

ঠিক কী নিয়ে বিতর্ক তৈরি হয়?

ছবির বিষয়বস্তু নিয়ে বড় বিতর্ক ছিল ঐতিহাসিক চরিত্র গোপাল মুখোপাধ্যায় ওরফে ‘গোপাল পাঁঠা’-কে ঘিরে। তাঁর পরিবারের তরফে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছিল। অভিযোগ ছিল, ছবিতে এই ঐতিহাসিক চরিত্রকে নেতিবাচকভাবে দেখানো হয়েছে। এই বিতর্কের জেরে ছবির অভিনেতা থেকে পরিচালক- সকলকেই আইনি জটিলতায় বিপাকে পড়তে হয়েছিল।

বিজেপির জয়ের পরেই কী বলেন পরিচালক?

২০২৬ আর নির্বাচনে বিজেপির জয় ঘোষণার ঠিক ৯৬ ঘন্টার মাথাতেই একটি ভিডিয়ো বার্তার মাধ্যমে জমে থাকা ক্ষোভ উগরে দিয়েছেন বিবেক। তিনি জানিয়েছেন শত বাধা এলেও তিনি দমে যাওয়ার পাত্র নন। এবার শুধু কলকাতা নয় জেলার স্তরের মানুষের কাছেও এই ছবি পৌঁছে দেওয়ার কথা ভাবছেন বিবেক। তিনি স্পষ্ট ভাবে জানিয়েছেন রাজনৈতিক পরিস্থিতির জন্যই ছবিটিকে কোণঠাসা করা হয়েছিল। এবার প্রেক্ষাগৃহে বসে দর্শক নিজেই সত্যি আর প্রোপাগান্ডার বিচার করবেন বলে মনে করেন পরিচালক।

আগামী শুক্রবার থেকেই গোটা বাংলায় মুক্তি পাচ্ছে এই ছবি। ছবি মুক্তি নিয়ে ইতিমধ্যেই বেশ জল্পনা তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ায়। রীতিমত শোরগোল পরে গিয়েছে দর্শক মহলে। এখন দেখার বিষয় প্রেক্ষাগৃহে দর্শকদের মনে কতটা প্রভাব ফেলতে পারে এই ছবি।

Follow Us