
জীবনে ভালো-মন্দ যেন মুদ্রার দু’ পিঠ। কিছুদিন আগেই বেশ খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ি। তিনি হারিয়েছেন বাবা-মাকে। তবে আবার ঘুরে দাঁড়াচ্ছেন অভিনেত্রী। কিছুদিন আগে জন্মদিন পালন করেছেন। কাছের বন্ধুদের জন্যই দিনটা সুন্দর হয়েছে, সে কথা লিখেছেন অভিনেত্রী।
একটা ইনস্টাগ্রাম পোস্টে সম্পূর্ণা লেখেন, ”এই জন্মদিনটা অন্যরকম ছিল। কঠিন ছিল। বাবা-মাকে ছাড়া। কিন্তু তাঁদের কাছে কৃতজ্ঞ যাঁরা আমাকে এই জন্মদিনে অনেক ভালোবাসা দিলেন। এবং অনিন্দ্য তোমাকে ধন্যবাদ সব সময়ে আমার পাশে থাকার জন্য। আমাকে হাসানোর জন্য।”
সম্পূর্ণা অনিন্দ্য বিশ্বাস নামে যে বন্ধুকে ট্যাগ করেছেন ইনস্টাগ্রামে, তিনি পেশায় পাইলট। টলিপাড়ায় তারপর থেকেই চর্চা, দু’ জনে নাকি প্রেমের সম্পর্কে রয়েছেন। কিন্তু তা প্রকাশ্যে আনেননি এত দিন। সম্পূর্ণার এই পোস্ট নাকি স্বীকারোক্তির প্রথম ধাপ।এই বিষয়ে বিস্তারিত জানার জন্য অভিনেত্রীকে ফোন করা হয়েছিল। তিনি ফোন ধরেননি। তাঁকে মেসেজ পাঠিয়ে বিস্তারিত জানতে চাওয়া হলেও, কোনও উত্তর দেননি। সম্পূর্ণার ঘনিষ্ঠ এক ব্যক্তির বক্তব্য, ”বিষয়টা ব্যক্তিগত পর্যায়ে রয়েছে। তবে বন্ধুত্বের বয়স এক বছরের বেশি। দুর্গাপুজোর সময়ে দু’ জনকে শহরের এক নামী পুজোয় একসঙ্গে যেতে দেখা গিয়েছিল। এখন বিষয়টা বন্ধুত্ব নাকি প্রেমের পর্যায়ে রয়েছে, সেটা সম্পূর্ণার পক্ষেই বলা সম্ভব।”
বন্ধুত্বও যদি হয়, সম্পূর্ণা যে একজন ভালো বন্ধু পেয়েছেন, সে কথা স্পষ্ট। এই মুহূর্তে বাংলা ধারাবাহিক বা সিনেমায় অপেক্ষাকৃত কম দেখা যাচ্ছে অভিনেত্রীকে। তবে তিনি পুরোদমে অভিনয় করতে চান, এমনই জানা গেল।