
রাজারহাট গোপালপুরে এই বিধানসভা নির্বাচনে সবুজ শিবিরের প্রার্থী গায়িকা অদিতি মুন্সী। লক্ষণীয় এই বছর ১১ জানুয়ারি তিনি মা হয়েছেন। আর ছেলের দু’ মাস বয়স হওয়ার পরই বিধানসভা নির্বাচনে প্রার্থী অদিতি। একদিকে গায়িকা হিসাবে সব কাজ সামলাচ্ছেন, অন্যদিকে চলছে প্রচারের কাজ। তাঁর সঙ্গে অনেক সময়ই থাকছেন সবুজ শিবিরের নামী মুখ দেবরাজ চক্রবর্তী। এরই মধ্যে ছেলেকে বড় করার দায়িত্ব পালন করছেন অদিতি-দেবরাজ জুটি।
তবে সন্তানের জন্মের পর তাঁর কোনও ছবি এখনও জনসমক্ষে আনেননি অদিতি বা দেবরাজ। এমনকী ছেলের জন্ম সংক্রান্ত কোনও ভিডিয়ো বা কিছুই সমাজ মাধ্যমে পোস্ট করেননি তাঁরা। তা হলে কবে সবাই অদিতির পুত্রকে দেখতে পাবেন? TV9 বাংলার প্রশ্নের উত্তরে অদিতি বললেন, ”আসলে ও খুব ছোট। সেই কারণে অপেক্ষা করছি। সকলের আশীর্বাদ ওর জন্যও চাই। তাই সকলের সামনে আনতে চাই। তবে খুব ছোট বলেই অপেক্ষা করছি।”
কোনও নির্দিষ্ট দিন ঠিক করে রেখেছেন কি ছেলেকে জনসমক্ষে আনার? বিধানসভা নির্বাচনের সঙ্গে সেই দিনের কোনও যোগ আছে নাকি? প্রশ্ন শুনে অদিতি হেসে বললেন, ”সেরকম একদমই নয়। এখনও অবধি কিছু ঠিক করিনি আমরা।” যেহেতু ছেলে খুব ছোট, তাই প্রচারে বেরিয়ে ছেলেকে মিস করেন, সে কথা জানালেন গায়িকা। তিনি বললেন, মাঝে-মাঝেই ভিডিয়ো কলে ছেলেকে দেখে নেন।
এমনিতে ভাত-ডাল-আলুভাজা খেতে পছন্দ করেন অদিতি। দুপুরের সময়ে। কিন্তু এখন দুপুরের খাবারে মাছ যোগ না করলে বাড়িতে একটু বকা খাচ্ছেন, মা হওয়ার পর থেকে, সে কথা হেসে জানালেন গায়িকা।