BJP Campaign: জেলায় জেলায় ১০ হাজার জমায়েতের টার্গেট, এবার নয়া স্ট্র্যাটেজি বিজেপির
BJP Vs Opposition over SIR Row: জানা গিয়েছে, কর্মসূচিতে আলাদাভাবে টার্গেট করা হবে ছাত্র এবং যুব সমাজকে। এই কর্মসূচির অংশ হিসাবে প্রতিবাদ মিছিল, জনসভা, বড় শহরের সাংবাদিক বৈঠক, বুদ্ধিজীবী সম্মেলন এবং সোশ্যাল মিডিয়া ড্রাইভ করা হবে।

নয়া দিল্লি: এসআইআর (SIR) এবং নির্বাচন কমিশনের (ECI) বিরুদ্ধে এককাট্টা বিরোধীরা। একসঙ্গে তারা আন্দোলনে নেমেছে। এবার বিরোধীদের উপরে পাল্টা চাপ তৈরি করতে প্রচারে পথে নামছে বিজেপি (BJP)-ও। ‘লোকতন্ত্র বাঁচাও, ভিড়তন্ত্র হঠাও’ নামে চলতি সপ্তাহ থেকেই শুরু হচ্ছে প্রথম পর্যায়ের প্রতিবাদ কর্মসূচি। এটি চলবে ৫ নভেম্বর পর্যন্ত।
জানা গিয়েছে, কর্মসূচিতে আলাদাভাবে টার্গেট করা হবে ছাত্র এবং যুব সমাজকে। এই কর্মসূচির অংশ হিসাবে প্রতিবাদ মিছিল, জনসভা, বড় শহরের সাংবাদিক বৈঠক, বুদ্ধিজীবী সম্মেলন এবং সোশ্যাল মিডিয়া ড্রাইভ করা হবে।
দলীয় সূত্রে খবর, দেশব্যাপী বিভিন্ন জায়গায় ছাত্র এবং যুব সমাজকে সামিল করে মোট দুই হাজার প্রতিবাদ মিটিং করা হবে। জেলাভিত্তিক প্রতিবাদ মিছিলে ১০ হাজার মানুষের জমায়েত নিশ্চিত করার জন্য কেন্দ্রীয় নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে।
গতকাল অর্থাৎ ২৩ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বুদ্ধিজীবী, সমাজকর্মী, তথাকথিত শিক্ষিত সম্প্রদায়কে নিয়ে প্রত্যেক বিধানসভা এলাকাভিত্তিক চলবে ‘রাষ্ট্রীয় চিন্তন সংবাদ’ কর্মসূচি। এই বুদ্ধিজীবী সম্মেলনে অন্তত ২০০ জন আমন্ত্রিতকে সামিল করতে হবে। এছাড়াও ‘ডেমোক্রেসি বনাম মোবোক্রেসি’ শিরোনামে ছাত্র এবং যুব সমাজের জন্য দ্বিতীয় পর্যায়ের আলাদা কর্মসূচির রূপরেখা তৈরি হচ্ছে। বিতর্কসভা, প্রবন্ধ প্রতিযোগিতা, সোশ্যাল মিডিয়া পোস্ট সহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হবে।
কর্মসূচিতে পার্টি নেতৃত্বের বক্তব্য এবং প্যামফ্লেট, হ্যান্ডবুক, প্ল্যাকার্ড, ফেস্টুনে লেখা কী হবে, তার রূপরেখা ঠিক করে দিয়ে পার্টি নেতৃত্বের জন্য ইন্টার্নাল নোট ইতিমধ্যেই ইস্যু করেছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। এবার এই কর্মসূচিতে কতটা সফল হয়, তা-ই দেখার।
