Rabies Death: বকুনির ভয়ে লুকিয়েছিল কুকুরের কামড়ের কথা, ১ মাস পর জলাতঙ্কে মৃত্যু কিশোরের
Ghaziabad: পরিবারের দাবি, কেউ কথা বলতে গেলেও আতঙ্কিত হয়ে পড়ছিল ওই কিশোর। ভয়ে নানা চিৎকার করছিল। ১ সেপ্টেম্বর থেকে খাওয়া-দাওয়াও সম্পূর্ণরূপে বন্ধ করে দেয় কিশোর।

গাজিয়াবাদ: বাড়ির সামনেই ঘুরঘুর করত ৫-৬টা নেড়ি কুকুর। এক প্রতিবেশী তাদের খাবারও দিত রোজ। কুকুরকে আদর করতে গিয়েই ঘটে বিপদ। অষ্টম শ্রেণির পড়ুয়াকে কামড়ে দেয় একটি কুকুর। বাড়িতে বললে মা-বাবা বকবে, এই ভয়ে গোটা ঘটনাই পরিবারের কাছ থেকে লুকিয়ে রেখেছিল ১৪ বছরের কিশোর। সেটাই কাল হল। জলাতঙ্কে আক্রান্ত হয়ে মৃত্যু হল কিশোরের। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের গাজিয়াবাদে (Ghaziabad)। জানা গিয়েছে, ওই কিশোরকে এক মাস আগে কুকুর কামড়েছিল। সেখান থেকেই জলাতঙ্ক (Rabies) হয় তাঁর।
চলতি সপ্তাহের সোমবার মৃত্যু গাজিয়াবাদের চরণ সিং কলোনির বাসিন্দা শাহবাজের (১৪)। প্রাথমিক রিপোর্টে জানা যায়, জলাতঙ্কে আক্রান্ত হয়েছিল ওই কিশোর। গত এক-দেড় মাস আগে কিশোরকে একটি পথকুকুর কামড়েছিল। কিন্তু বাড়িতে জানতে পারলে বকাবকি করবে, এই ভয়ে কুকুরের কামড়ের কথা লুকিয়ে রাখে কিশোর। কিন্তু দিন চারেক পরই এক এক করে জলাতঙ্কের উপসর্গ দেখা দিতে শুরু করে। হাওয়া ও জল দেখলেই আতঙ্কিত হয়ে পড়ে ওই কিশোর। ঘরের মধ্যে অন্ধকারে থাকতে শুরু করে।
পরিবারের দাবি, কেউ কথা বলতে গেলেও আতঙ্কিত হয়ে পড়ছিল ওই কিশোর। ভয়ে নানা চিৎকার করছিল। ১ সেপ্টেম্বর থেকে খাওয়া-দাওয়াও সম্পূর্ণরূপে বন্ধ করে দেয় কিশোর। পরিবারের সদস্যরা চিকিৎসার জন্য তাঁকে দিল্লি, গাজিয়াবাদ, মিরাটের একাধিক হাসপাতালে নিয়ে যান। এমনকী, এইমসেও নিয়ে যাওয়া হয়। সোমবার তাঁকে বুলন্দশহরে নিয়ে যাওয়া হয় আয়ুর্বেদিক চিকিৎসার জন্য। ফেরার সময় অ্যাম্বুলেন্সেই মৃত্যু হয় ওই কিশোরের।
জানা গিয়েছে, যে কুকুরটি কামড়েছিল কিশোরকে, তা প্রতিবেশীর। আগেও ওই কুকুর অন্য়দের কামড়েছিল। কিশোরের মৃত্যুর পরই পরিবারের তরফে ওই প্রতিবেশী মহিলার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। ইতিমধ্যেই গাজ়িয়াবাদ মিউনিসিপাল কর্পোরেশনের তরফে ওই মহিলাকে বিনা অনুমতিতে কুকুর রাখার নোটিস পাঠানো হয়েছে। কুকুরগুলির ভ্যাকসিন দেওয়া রয়েছে কি না, তাও জানতে চাওয়া হয়েছে। যদি তিনদিনের মধ্যে তিনি জবাব না দেন, তবে ৫ হাজার টাকা জরিমানা করা হবে বলেও জানানো হয়েছে।
