Durga Idol Immersion: বিসর্জনের শোভাযাত্রায় মর্মান্তিক দুর্ঘটনা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ৩ জনের
এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, এদিন বিকেল ৩টে পর্যন্ত ওই এলাকায় বিদ্যুৎ ছিল না। বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হওয়ার পর, দুর্গা প্রতিমা নিয়ে বিসর্জনের জন্য রওনা হন ওই আয়োজকরা। কখন যে ওই রডটি হাই-টেনশন তারের সংস্পর্শে এসেছে, তা তাঁরা টের পাননি। ঘটনার খবর পেয়ে পুলিশ ও প্রশাসনিক টিম ঘটনাস্থলে পৌঁছে যায়। আপাতত যাঁরা দগ্ধ হয়েছেন, তাঁদের চিকিৎসা চলছে।

গোরক্ষপুর: দুর্গা প্রতিমা বিসর্জনের সময়ই মর্মান্তিক দুর্ঘটনা। হাইটেনশন তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু তিনজনের। আহত ৯ জন। বুধবার বিকেলে ঘটনাটি ঘটে উত্তর প্রদেশের গোরক্ষপুরের গুলরহিয়া থানা এলাকায়। আহতদের চিকিৎসার জন্য বিআরডি মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।
গোরক্ষপুরের জেলা ম্যাজিস্ট্রেট দীপক মিনা জানিয়েছেন, এদিন একটি ট্রলিতে করে দুর্গা প্রতিমা বিসর্জনের জন্য নিয়ে যাচ্ছিলেন আয়োজকরা। যাওয়ার পথেই ট্রলির সঙ্গে যুক্ত থাকা একটি লম্বা ধাতব রড উপরের হাই-টেনশন বিদ্যুৎ লাইনের সংস্পর্শে আসে। সঙ্গে সঙ্গে ট্রলিতে বসে থাকা সকলেই বিদ্যুৎস্পৃষ্ট হন।
চন্দন, লাকি এবং ভিকি নামে তিনজনের মৃত্যু হয়েছে এই ঘটনায়। তাঁদের বয়স ১৭ থেকে ২১ বছরের মধ্যে বলে জানিয়েছে পুলিশ। নিহতদের মধ্যে দু’জন একই পরিবারের সদস্য ছিলেন। এই ঘটনায় পরিবারগুলিতে শোকের ছায়া নেমে এসেছে।