Malda: ‘যেভাবে পেরেছে কেটেছে’, পরপর হাঁসুয়ার কোপ মেরে মৃত্যু নিশ্চিত করতে ২ রাউন্ড গুলিও চালানো হল মালদহে
BJP worker Murder: মৃতের ভাই জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই রাজনৈতিক কারণে সমীর ঘোষকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছিল। এমনকী ভয়ে বাড়ি থেকে বেরতেন না তিনি। কিন্তু দশমীর দিন তিনি একা বাড়িতে ছিলেন। সেই সময় ১০-১১ জন দুষ্কৃতী বাড়িতে ঢুকে খুন করেছে বলে অভিযোগ পরিবারের।

মালদহ: দশমীর সন্ধ্যায় ভয়াবহ খুনের অভিযোগ উঠল মালদহে। বিজেপি কর্মীকে কুপিয়ে খুন করার অভিযোগ। মৃত্যু নিশ্চিত করতে ২ রাউন্ড গুলিও চালানো হয় বলে অভিযোগ উঠেছে। মালদহের ইংরেজবাজার থানার রামকেলি এলাকার ঘটনা। মৃত বিজেপি কর্মীর নাম সমীর ঘোষ(২৭)। অভিযোগের আঙুল তৃণমূল কর্মীদের দিকে।
মৃতের ভাই জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই রাজনৈতিক কারণে সমীর ঘোষকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছিল। এমনকী ভয়ে বাড়ি থেকে বেরতেন না তিনি। কিন্তু দশমীর দিন তিনি একা বাড়িতে ছিলেন। সেই সময় ১০-১১ জন দুষ্কৃতী বাড়িতে ঢুকে খুন করেছে বলে অভিযোগ পরিবারের।
অভিযোগ এলাকার এক তৃণমূল কর্মী ও তাঁর দলের লোকজন এদিন ঢুকে পড়েছিল সমীরের বাড়িতে। মৃতের ভাই বিবেক ঘোষ জানিয়েছেন, তাঁর দাদা অনেকদিন ধরেই বিজেপির কর্মী ছিলেন। অভিযুক্তরা তৃণমূলের কর্মী বলে দাবি করেন তিনি। তাঁর কথায়, সমীরের সঙ্গে এলাকার তৃণমূলকর্মীদের দীর্ঘদিনের বিবাদ ছিল। তার জেরেই দশমীর দিন তাঁর দাদার উপর হামলা চালানো হয়।
পাল্টা এলাকার তৃণমূল কর্মীদের দাবি, তাঁদের পরিবারের সদস্যদের উপর হামলা চালানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। আহত অবস্থায় বেশ কয়েকজনকে মালদহ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।
কী কারণে খুন তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে। তদন্ত শুরু করা হয়েছে। আত্মীয়দের বক্তব্যের উপর ভিত্তি করে অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
