Blinkit: অনলাইনে আইসক্রিম অর্ডার করে খান? উপরে কী ঘুরে বেড়াচ্ছে দেখলে গা ঘিন ঘিন করবে…
Food Safety: সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, একদল যুবক কাছের একটি ব্লিনকিট স্টোর থেকে আইসক্রিম কিনতে গিয়েছিলেন। সেই সময় তাদের খোঁজে পড়ে যে আইসক্রিম ও প্যাকেটজাত খাবারের উপরে দিয়ে ইঁদুর ছুটে বেড়াচ্ছে।

মুম্বই: প্রথমে আরশোলা, তারপর টিকটিকি। এবার পাওয়া গেল আস্ত ইঁদুর। ব্লিনকিট স্টোরের আইসক্রিম ফ্রিজারের ভিতরে ইঁদুর। আইসক্রিম যেখানে রাখা, ঠিক তার উপরেই ইঁদুর বসে। একটা লোমও যদি খাবারে মেশে, তাহলে কী ভয়ঙ্কর অবস্থা হতে পারে, ভাবতে পারছেন?
মুম্বইয়ের থানে এলাকার কল্যাণ গোদরেজ হিলস এলাকায় একটি ব্লিনকিটের স্টোরের ভিতরে চরম অব্যবস্থাপনা ধরা পড়ল। এরপরই এই সমস্ত কুইক কমার্স আউটলেটে থাকা খাদ্যের সুরক্ষা ও পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্ন উঠেছে।
সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, একদল যুবক কাছের একটি ব্লিনকিট স্টোর থেকে আইসক্রিম কিনতে গিয়েছিলেন। সেই সময় তাদের খোঁজে পড়ে যে আইসক্রিম ও প্যাকেটজাত খাবারের উপরে দিয়ে ইঁদুর ছুটে বেড়াচ্ছে। তারা সেই ভিডিয়ো রেকর্ডও করে রাখে এবং তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে।
সাধারণ মানুষের নজরে ওই ভিডিয়ো আসতেই তারা মহারাষ্ট্র ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের কাছ থেকে কঠোর পদক্ষেপের দাবি করে।
প্রসঙ্গত, দিন কয়েক আগেই মহারাষ্ট্র এফডিএ রাজ্য জুড়ে বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ, অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্মে তল্লাশি চালায়। ব্লিনকিট, জ়েপ্টো ও ইন্সটামার্টের গোডাউন বা স্টোরে একাধিক খাদ্য সুরক্ষা ও পরিচ্ছন্নতা সংক্রান্ত নিয়ম লঙ্ঘন করা হচ্ছে, তা হাতেনাতে ধরা পড়ে। ১৪টি গোডাউনের লাইসেন্স বাতিল করে দেওয়া হয়।
