NEET-র পর এবার ফাঁস হয়ে গেল TET পরীক্ষার প্রশ্নপত্রও! ২৪ ঘণ্টা আগে বাতিল পরীক্ষা
TET Paper Leak: পরীক্ষা হওয়ার ২৪ ঘণ্টা আগেই থানে এলাকায় এই প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছিল। পুলিশ খবর পেয়ে ওই এলাকায় হানা দিয়ে প্রশ্নপত্র উদ্ধার করে এবং বেশ কয়েকজনকে আটক করা হয়। প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ায় কাউন্সিলের তরফে আগামিকালের পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মুম্বই: নিটের পর আরও এক বড় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস (Paper Leak)। মহারাষ্ট্রে টিচার্স এলিজিবিলিটি টেট বা টেট (TET) পরীক্ষা বাতিল হয়ে গেল। রবিবার টেট পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু পরীক্ষার ২৪ ঘণ্টা আগেই প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে।
আজ, শনিবার (২৭ জুন) মহারাষ্ট্র স্টেট এগজামিনেশন কাউন্সিলের তরফে অফিসিয়াল বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ২৮ জুন রাজ্যের ১০২৮টি কেন্দ্রে যে টেট পরীক্ষা হওয়ার কথা ছিল, স্বচ্ছতা এবং বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে।
কাউন্সিলের সূত্রে খবর, শনিবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে ভিওয়ান্ডি পুলিশ এক জায়গায় তল্লাশি চালায়। সেখানে কয়েকজনের কাছ থেকে সিল করা টেট প্রশ্নপত্রের কয়েকটি পাতা উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গেই মহারাষ্ট্র স্টেট এগজামিনেশন কাউন্সিলের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করা হয় এবং ওই প্রশ্নপত্রগুলি আসল কি না, তা যাচাই করতে বলা হয়। পরে জানা যায়, ওই প্রশ্নপত্রগুলি আসল। এরপরই পরীক্ষা বাতিল করে দেওয়া হয়। ভিওয়ান্ডি পুলিশ স্টেশনে ক্রিমিনাল কেস-ও দায়ের করা হয়েছে।
জানা গিয়েছে, পরীক্ষা হওয়ার ২৪ ঘণ্টা আগেই থানে এলাকায় এই প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছিল। পুলিশ খবর পেয়ে ওই এলাকায় হানা দিয়ে প্রশ্নপত্র উদ্ধার করে এবং বেশ কয়েকজনকে আটক করা হয়।
প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ায় কাউন্সিলের তরফে আগামিকালের পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামিকালের পরীক্ষা বাতিল হয়ে, পরে কবে পরীক্ষা হবে তা এখনও জানানো হয়নি। অফিসিয়াল ওয়েবসাইটে পরীক্ষার পরবর্তী তারিখ জানিয়ে দেওয়া হবে। এমনটাই জানিয়েছে কাউন্সিল।
আগামিকালের টেট পরীক্ষায় মহারাষ্ট্রের প্রায় ৪.২৮ লাখ পরীক্ষার্থীর বসার কথা ছিল। হঠাৎ একদিন আগে পরীক্ষা বাতিল হয়ে যাওয়ায় তৈরি হয়েছে অনিশ্চয়তা। পুলিশ এই প্রশ্ন ফাঁসের তদন্ত শুরু করেছে।
প্রসঙ্গত, এর আগে গত বছর কোলাপুরেও টেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছিল।
