গ্যাস কম লাগবে! বিক্রি করার কৌশল পাল্টে ফেলল এই সব সংস্থা

LPG Crisis: বন্ধ হয়ে গিয়েছে হরমুজ প্রণালী। থমকে গিয়েছে গ্যাস ও তেল সরবরাহ। প্রভাব পড়েছে দেশেও। তেলের ভাঁড়ারে টান পড়েছে। দাম বেড়েছে এলপিজি সিলিন্ডারের। এই পরিস্থিতিতে রান্নার বিকল্প পদ্ধতি খুঁজছেন অনেকে। পিছিয়ে নেই বিভিন্ন সংস্থাও। নানা সংস্থা বিজ্ঞাপন দিয়ে শেখাচ্ছে, এলপিজির বিকল্প কী হতে পারে, কীভাবে কম গ্যাস খরচ করেই রান্না করা সম্ভব।

গ্যাস কম লাগবে! বিক্রি করার কৌশল পাল্টে ফেলল এই সব সংস্থা

|

Mar 20, 2026 | 6:58 PM

কলকাতা: রাজায় রাজায় যুদ্ধ হচ্ছে, প্রাণ যাচ্ছে উলু-খাগড়ার। ইরান-ইজরায়েল-আমেরিকার সংঘাতে ভয়ঙ্কর সঙ্কটের মুখে পড়েছে গোটা বিশ্বই। বন্ধ হয়ে গিয়েছে হরমুজ প্রণালী। থমকে গিয়েছে গ্যাস ও তেল সরবরাহ। প্রভাব পড়েছে দেশেও। তেলের ভাঁড়ারে টান পড়েছে। দাম বেড়েছে এলপিজি সিলিন্ডারের। এই পরিস্থিতিতে রান্নার বিকল্প পদ্ধতি খুঁজছেন অনেকে। পিছিয়ে নেই বিভিন্ন সংস্থাও। নানা সংস্থা বিজ্ঞাপন দিয়ে শেখাচ্ছে, এলপিজির বিকল্প কী হতে পারে, কীভাবে কম গ্যাস খরচ করেই রান্না করা সম্ভব।

এলপিজি সঙ্কট দেখা দিতেই একাধিক সংবাদপত্রের প্রথম পাতা জুড়ে একটি বিজ্ঞাপন নজর কেড়েছে সবার। তাতে লেখা, Some Cylindrical Problems Needs a Rectangular Solutions। এই বিজ্ঞাপনটি ছিল প্রেস্টিজ কোম্পানির। এলপিজি সঙ্কটের মাঝে আমজনতার কাছে বিকল্প হিসাবে  উঠে এসেছে ইন্ডাকশন কুকার। সেই ইন্ডাকশনের বিজ্ঞাপনই ছিল এটি। বলা চলে, এক ঢিলে দুই পাখি মেরেছে প্রেস্টিজ। দেশের সঙ্কট নিয়ে বার্তা এবং জনগণকে বিকল্প পথ বলা হল, আবার নিজের পণ্যের বিজ্ঞাপনও করা হল।

এখানেই শেষ নয়। ইন্ডাকশন কুকটপের পাশাপাশি হকিন্সের ফ্যুয়েল সেভার গ্যাস স্টোভের বিজ্ঞাপনেও রয়েছে চমক। হকিন্সের বিজ্ঞাপনে বলা হয়েছে কীভাবে গ্যাসের আয়ু বা মেয়াদ দ্বিগুণ করতে পারবেন। হকিন্সের দাবি, ৯০০ গ্রাম ভাত আর ৩৫০ গ্রাম অড়হর ডাল রান্না করতে সাধারণ গ্যাস স্টোভ আর খোলা পাত্রে ১২৬ গ্রাম গ্যাস খরচ হয়। সাধারণ গ্যাস স্টোভ আর প্রেশার কুকারে রান্না করতে ৯৬ গ্রাম গ্যাস খরচ হয়। সেখানেই হকিন্স ফ্যুয়েল সেভার গ্যাস স্টোভ আর হকিন্সের পদ্ধতি মেনে হকিন্স কুকারে রান্না করলে ৫৬ গ্রাম গ্যাস খরচ হবে।

বদলাচ্ছে বিজ্ঞাপনের ভাষা। দেশবাসী যখন জ্বালানি সঙ্কট নিয়ে লড়াই করছে, সেই সময় শুধু নিজের পণ্যের বিজ্ঞাপন না দিয়ে, তার সঙ্গে কীভাবে গ্যাস বাঁচাতে হয়, তাও শেখাচ্ছে সংস্থাগুলি। জনগণের প্রয়োজনীয়তা বুঝে, জনগণের মনে গেঁথে যাওয়ার মতো বিজ্ঞাপন দিচ্ছে এই সংস্থাগুলি।

Follow Us