Annamalai BJP Exit: তামিলনাড়ুতে অস্তিত্ব সঙ্কটে বিজেপি, দল ছাড়ছেন আন্নামালাই! নিজের পার্টি তৈরি করবেন?
Tamil Nadu BJP crisis: আইপিএস অফিসার থেকে রাজনীতিবিদ হয়েছিলেন আন্নামালাই। বিজেপিতে তাঁর উত্থানও চোখে পড়ার মতো ছিল। তবে হঠাৎ ছন্দপতন। শোনা যাচ্ছে, তামিলনাডুর নির্বাচনে পরাজয়ের পরই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন আন্নামালাই।

চেন্নাই: বিজেপি(BJP)-তে বড় ভাঙন? শোনা যাচ্ছে, বিজেপি ছাড়তে চলেছেন কে আন্নামালাই (K Annamalai)। তামিলনাড়ু বিজেপির প্রাক্তন সভাপতি নিজের দল গঠন করতে পারেন। আজ, মঙ্গলবার তিনি দিল্লিতে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে দেখা করতে। কিন্তু হঠাৎ কেন দল ছাড়তে চাইছেন আন্নামালাই?
আইপিএস অফিসার থেকে রাজনীতিবিদ হয়েছিলেন আন্নামালাই। বিজেপিতে তাঁর উত্থানও চোখে পড়ার মতো ছিল। তবে হঠাৎ ছন্দপতন। শোনা যাচ্ছে, তামিলনাডুর নির্বাচনে পরাজয়ের পরই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন আন্নামালাই। তিনি জাতীয় স্তরে নিজের রাজনৈতিক দল তৈরি করবেন। সেই কারণে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তাঁকে যা যা প্রস্তাব দিয়েছিল, সবই খারিজ করে দিয়েছেন আন্নামালাই।
সূত্রের খবর, ইতিমধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন ও সম্পাদক বিএল সন্তোষের সঙ্গে দেখা করেছেন। আজ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে দল ছাড়ার কথা জানাবেন। তাঁকে দিল্লি যাওয়ার আগে বিমানবন্দরেই প্রশ্ন করা হয়েছিল নতুন দল তৈরির সম্ভাবনা নিয়ে। তখন তিনি বলেছেন, “আমি দু’দিনের মধ্যে সব প্রশ্নের উত্তর দেব।”
জানা গিয়েছে, এআইএডিএমকে-র সাধারণ সম্পাদক এডাপ্পাদি পালানিস্বামী এবং আন্নামালাইয়ের মধ্যে মতপার্থক্যের কারণে এই পরিবর্তন আনা হয়েছে । এছাড়াও, আন্নামালাইকে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেওয়া হয়নি। আন্নামালাই কোয়েম্বাটুর পূর্ব আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছিলেন, তাঁকে সেই আসনে লড়তে দেওয়া হয়নি। সেই আসনে প্রার্থী করা হয়েছিল বনথি শ্রীনিবাসনকে। এরপরই প্রশ্ন উঠেছিল যে বিজেপির মধ্যেই কি উপেক্ষা করা হচ্ছে আন্নামালাইকে।
সূত্রের খবর, আন্নামালাইকে দলে রাখতে বিজেপির শীর্ষ নেতৃত্ব নানা চেষ্টা করেছিল। তাঁকে রাজ্যসভার আসন দেওয়ার কথাও বলা হয়েছিল, কিন্তু সেই প্রস্তাব খারিজ করে দিয়েছেন আন্নামালাই। আন্নামালাই দাবি করেছেন যে বিজেপিতে তাঁর কোনও ভবিষ্যৎ বা সুযোগ নেই। বিজয়ের টিভিকে যোগ দেওয়ার জল্পনাও খারিজ করে দিয়েছেন। তার বদলে নিজের দল তৈরি করতেই আগ্রহী আন্নামালাই। ইতিমধ্যেই ‘উই দ্য লিডারস’ নামে একটি অলাভজনক নেতৃত্ব উদ্যোগ পরিচালনা করেন, এটিকে বৃহত্তর রাজনৈতিক দলে পরিণত করতে পারেন।
