Arvind Kejriwal: সাড়ে ৬টায় ঘুম থেকে উঠে চা-পাঁউরুটি… জেলে কী হবে অরবিন্দ কেজরীবালের রুটিন?
Arvind Kejriwal-ED: জানা যাচ্ছে, টিভি দেখতে পারবেন তিনি। ১৮ থেকে ২০টি চ্যানেল দেখা যাবে সেখানে, খবর, খেলা দেখা যাবে। এছাড়া জরুরি পরিস্থিতির জন্য ২৪ ঘণ্টা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী থাকবেন সেখানে। হবে নিয়মিত চেক আপ। এছাড়া কেজরীবালের আইনজীবী বিশেষ ডায়েটের আবেদন করেছেন।

নয়া দিল্লি: ইডি হেফাজত শেষে তিহাড় জেলে ঠাঁই হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের। তিনি চতুর্থ আপ নেতা, যাঁকে জেল হেফাজতে থাকতে হচ্ছে। আদালতের নির্দেশ অনুযায়ী, ইডি হেফাজত শেষে জেলে যেতে হচ্ছে কেজরীবালকে। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত জেলে থাকবেন তিনি। গত ২১ মার্চ তাঁকে আবগারি মামলায় গ্রেফতাকর করা হয়।
জানা গিয়েছে, তিহাড়ের ২ নম্বর জেলে থাকতে হবে কেজরীবালকে। ১ নম্বর জেলে রয়েছেন দিল্লির প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া, ৭ নম্বর জেলে রয়েছেন প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সত্যোন্দ্র জৈন ও ৫ নম্বর জেলে রয়েছেন রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং।
জেলে থাকাকালীন কী হবে দিল্লির মুখ্যমন্ত্রীর রুটিন?
জানা যাচ্ছে, সকাল সাড়ে ৬টায় ঘুম থেকে উঠতে হয় তিহাড়ে। তখন বন্দিদের দেওয়া হয় চা ও কয়েক টুকরো পাঁউরুটি। এরপর শুনানি থাকলে আদালতে নিয়ে যাওয়া হবে কেজরীবালকে। অথবা নিজের আইনজীবীদের সঙ্গে কথা বলতে পারবেন তিনি। সকাল সাড়ে ১০ টা থেকে ১১ টার মধ্যে হয় মধ্যাহ্নভোজ। সাধারণ মেনুতে থাকে পাঁচটি রুটি বা ভাত, একটু ডাল ও একটু সবজি।
খাওয়ার পর দুপুর ৩ টে পর্যন্ত গরাদের অন্দরেই থাকেন বন্দিরা। এরপর ফের তাঁদের দেওয়া হয় এক কাপ চা আর খান দুয়েক বিস্কুট। বিকেল ৪টেয় আইনজীবীদের সঙ্গে দেখা করতে পারবেন কেজরী। সন্ধ্যায় মিলবে নৈশভোজের খাবার। আবারও দেওয়া হবে ভাত বা রুটি, ডাল ও সবজি।
কী সুবিধা পাবেন কেজরীবাল?
জানা যাচ্ছে, টিভি দেখতে পারবেন তিনি। ১৮ থেকে ২০টি চ্যানেল দেখা যাবে সেখানে, খবর, খেলা দেখা যাবে। এছাড়া জরুরি পরিস্থিতির জন্য ২৪ ঘণ্টা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী থাকবেন সেখানে। হবে নিয়মিত চেক আপ। এছাড়া কেজরীবালের আইনজীবী বিশেষ ডায়েটের আবেদন করেছেন। এছাড়া রামায়ণ, গীতার কপি দেওয়া হবে কেজরীবালকে।
