AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

গঙ্গার নীচে মেট্রোর স্বপ্ন আজকের নয়, ১০০ বছর আগেই কলকাতায় শুরু হতে পারত এই যাত্রা

Kolkata Metro: বর্তমানে দেশের চতুর্থ বৃহত্তম মেট্রো নেটওয়ার্ক কলকাতা মেট্রো। সবথেকে বড় মেট্রো নেটওয়ার্ক হল দিল্লি মেট্রোর, এরপরে রয়েছে নাম্মা মেট্রো (বেঙ্গালুরু মেট্রো) ও তৃতীয় স্থানে রয়েছে হায়দরাবাদ মেট্রো। দেশে প্রথম মেট্রো চালানোর চিন্তাভাবনা শুরু করা হয় ১৯১৯ সালের সেপ্টেম্বরে, কলকাতায়।

গঙ্গার নীচে মেট্রোর স্বপ্ন আজকের নয়, ১০০ বছর আগেই কলকাতায় শুরু হতে পারত এই যাত্রা
শুরু থেকে এখন অবধি মেট্রোর পথচলা।
| Updated on: Mar 06, 2024 | 1:40 PM
Share

কলকাতা: কলকাতা মেট্রোর মুকুটে নয়া পালক। দেশের মধ্যে প্রথম আন্ডার-ওয়াটার মেট্রো (Under Water Metro) চালু হল কলকাতা (kolkata) থেকেই। ইস্ট-ওয়েস্ট রুটে আজ, ৬ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) হাত ধরে চালু হল এই মেট্রো। গঙ্গার নীচ থেকে এই মেট্রো চালু হয়েছে। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড অবধি এই মেট্রো চলবে। তারপর এসপ্ল্যানেড থেকে বদল করে নিতে পারবেন দমদম বা গড়িয়া যাওয়ার উদ্দেশে। ইস্ট-ওয়েস্ট মেট্রো যখন গঙ্গার নীচ থেকে ছুটছে, তখন প্রথম মেট্রো সম্পর্কেও কিছু তথ্য জেনে নেওয়া যাক-

কলকাতা মেট্রোর সূচনা ও রুট-

শুধু আন্ডার-ওয়াটারই নয়, দেশের মধ্যে প্রথম মেট্রোও চালু হয়েছিল কলকাতায়।  ১৯২০ সালে কলকাতা মেট্রো চালু করার পরিকল্পনা শুরু হয়, কিন্তু কাজ শুরু হয় ১৯৭০-র দশকে।  ১৯৮৪ সালে প্রথম মেট্রো চালু হয়। নেতাজি ভবন (ভবানীপুর) থেকে এসপ্লানেড অবধি। এরপরে ধীরে ধীরে তৈরি হয় লাইন-১, যা বর্তমানে নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর অবধি চলে। ২০২০ সালে মেট্রোর দ্বিতীয় লাইন চালু হয় ইস্ট-ওয়েস্ট করিডরে, যা সল্টলেকের সেক্টর-৫ থেকে ফুলবাগান অবধি চলে। ২০২২ সালে কলকাতা মেট্রোর তৃতীয় লাইন চালু হয় জোকা-এসপ্লানেড রুটের, যা বর্তমানে জোকা থেকে তারাতলা অবধি চলে।

গঙ্গার নীচে মেট্রো চালানোর পরিকল্পনা ছিল প্রথম থেকেই-

বর্তমানে দেশের চতুর্থ বৃহত্তম মেট্রো নেটওয়ার্ক কলকাতা মেট্রো। সবথেকে বড় মেট্রো নেটওয়ার্ক হল দিল্লি মেট্রোর, এরপরে রয়েছে নাম্মা মেট্রো (বেঙ্গালুরু মেট্রো) ও তৃতীয় স্থানে রয়েছে হায়দরাবাদ মেট্রো। প্রথম মেট্রো চালানোর চিন্তাভাবনা শুরু করা হয় ১৯১৯ সালের সেপ্টেম্বরে, শিমলার ইমপেরিয়াল কাউন্সিল ডব্লু.ই. ক্রামের নেতৃত্বে কমিটি তৈরি করা হয় কলকাতায় মেট্রো চালু করার জন্য। প্রাথমিকভাবে পরিকল্পনা ছিল পূর্বে বাগমারি থেকে পশ্চিমে হাওড়ার সালকিয়া অবধি মেট্রো চালু করার। হুগলি নদীর নীচ থেকে সুড়ঙ্গ তৈরি করে মেট্রো চালানোর পরিকল্পনা ছিল। সেই সময়ই আনুমানিক খরচ ধার্য করা হয়েছিল ৩৬.৪ কোটি টাকার, বর্তমানে যা ৭০ বিলিয়ন বা ৭ হাজার কোটি টাকার সমান।

১৯২৫-২৬ সালে এই মেট্রোর কাজ শেষ হওয়ার কথা ছিল। ভাড়া ধার্য করা হয়েছিল মাত্র ৩ আনা। তবে ১৯২৩ সালে অর্থাভাবে এই পরিকল্পনা বাতিল করে দেওয়া হয়।

কীভাবে শুরু হল কলকাতা মেট্রো?

১৯৪৯-৫০ সালে পশ্চিমবঙ্গের তৎকালীন প্রধানমন্ত্রী বিধান চন্দ্র রায় ফের মেট্রো চালু করার প্রস্তাব আনেন। ১৯৬৯ সালে মেট্রোপলিটন ট্রান্সপোর্ট প্রজেক্ট শুরু হয়। মাস্টার প্ল্যানে মোট ৯৭.৫ কিলোমিটারের মেট্রো রুটের প্রস্তাব দেওয়া হয়।  মোট তিনটি লাইন, দমদম-টালিগঞ্জ, বিধাননগর-রামরাজাতলা (যা বর্তমানে হাওড়া ময়দান অবধি চালু হয়েছে) ও দক্ষিণেশ্বর-নিউ গড়িয়ার রুট প্রস্তুত করা হয়।

সবথেকে বেশি গুরুত্ব পায় দমদম-টালিগঞ্জ রুট। ১৯৭২ সালের ১ জুন এই প্রকল্প অনুমোদন পায়। ওই বছরেরই ২৯ ডিসেম্বর মেট্রোর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়, ভিত্তি স্থাপন করেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। ১৯৮৪ সালে দেশের প্রথম মেট্রো চালু হয়। এসপ্লানেড থেকে নেতাজি ভবন (ভবানীপুর) অবধি মেট্রো চালু হয়। ১৯৯৫ সালের ২৭ সেপ্টেম্বর দমদম থেকে টালিগঞ্জ অবধি, ১৬.৪৫ কিমি রুটে মেট্রো চালু হয়। ২০০৯ সালে মেট্রোর রুট আরও সম্প্রসারণ করা হয়। মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে কবি নজরুল (গড়িয়া) অবধি মেট্রো চালু হয়। ২০১০ সালের ৭ অক্টোবর কবি সুভাষ (নিউ গড়িয়া) অবধি মেট্রো চালু হয়।  ২০১৩ সালের ১০ জুলাই দমদম থেকে নোয়াপাড়া অবধি মেট্রোর লাইন সম্প্রসারণ করা হয়। ২০১৪ সাল থেকে সোমর থেকে শনিবার, প্রতিদিন ভোর ৬টা ৪৫ মিনিট থেকে মেট্রো পরিষেবা শুরু হয়।

Follow Us