Boiler Blast: সবে বিকেলের শিফটে ঢুকেছিল, হঠাৎ বয়লারে বিস্ফোরণ, দেহের ৭০ শতাংশই ঝলসে গেল ৪০ শ্রমিকের
Haryana: শনিবার বিকেল ৫টা ৫০ মিনিট নাগাদ রেওয়ারি জেলায় লাইফ লং নামক একটি কোম্পানির কারখানায় বিপত্তি ঘটে। ওই কোম্পানির উৎপাদন ইউনিটের একটি বয়লার আচমকাই ফেটে যায়। সেই সময় প্রচুর শ্রমিক উপস্থিত থাকায়, অনেকেই আহত হন। কমপক্ষে ৪০ জন শ্রমিককে দ্বগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

রোহতক: কারখানায় ভয়ঙ্কর বিপত্তি। শ্রমিকরা কাজ করা কালীনই হঠাৎ ফেটে গেল বয়লার। ফুটন্ত রাসায়নিক গায়ে ছিটকে পুড়ে গেলেন কমপক্ষে ৪০ জন শ্রমিক। আহতদের সঙ্গে সঙ্গে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একজন শ্রমিকের অবস্থা সঙ্কটজনক। আহত অনেক শ্রমিকেরই দেহের প্রায় ৭০ শতাংশই পুড়ে গিয়েছে। তবে নিহতের খবর এখনও মেলেনি।
ভয়ঙ্কর এই দুর্ঘটনাটি ঘটেছে হরিয়ানায়। শনিবার বিকেল ৫টা ৫০ মিনিট নাগাদ রেওয়ারি জেলায় লাইফ লং নামক একটি কোম্পানির কারখানায় বিপত্তি ঘটে। ওই কোম্পানির উৎপাদন ইউনিটের একটি বয়লার আচমকাই ফেটে যায়। সেই সময় প্রচুর শ্রমিক উপস্থিত থাকায়, অনেকেই আহত হন। কমপক্ষে ৪০ জন শ্রমিককে দ্বগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল। তারাই আহত শ্রমিকদের উদ্ধার করেন।
রেওয়ারি হাসপাতালের সিভিল সার্জন ডঃ সুরেন্দর যাদব বলেন, বিস্ফোরণের সময় কারখানায় কর্মরত ৪০ জন শ্রমিক আহত হয়েছেন। এদের মধ্যে ২৩ জন রেওয়ারি সিভিল হাসপাতালে ভর্তি। বাকিদের বিভিন্ন প্রাইভেট হাসপাতালে ভর্তি করানো হয়েছে। একজনের অবস্থা সঙ্কটজনক। তাকে রোহতকের পোস্ট গ্রাজুয়েট ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্সে স্থানান্তরিত করা হয়েছে। আরও দুই রোগীকে স্থানান্তরিত করা হবে।
পুলিশের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনার সময় কারখানায় প্রায় ১৫০ শ্রমিক কর্মরত ছিলেন। কীভাবে হঠাৎ বয়লারে বিস্ফোরণ হল, তা জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে। অন্যদিকে শ্রমিকদের দাবি, ১০০-রও বেশি শ্রমিক আহত হয়েছেন। এখনও কিছু শ্রমিক কারখানার ভিতরে আটকে রয়েছেন।
