
মুম্বই: মুম্বইয়ের মেয়র পদে বসতে চলেছেন বিজেপির রীতু তাউড়ে (Ritu Tawde)। আজ, শনিবার (৭ ফেব্রুয়ারি) বিজেপির তরফে রীতুর নাম ঘোষণা করা হয়। ২৫ বছর পর মুম্বইয়ের মেয়র পদ শিবসেনার হাতছাড়া হয়েছে। এই পদে বসতে চলেছে বিজেপির প্রার্থী।
রীতু তাউড়ে মুম্বইয়ের ঘাটকোপারের কর্পোরেটর ছিলেন। পাশাপাশি তিনি বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশনের এডুকেশন কমিটির চেয়ারপার্সন পদেও ছিলেন। এবার তিনি মুম্বইয়ের মেয়র হতে চলেছেন। বিজেপি নেতা অমিত সটম আজ রীতু তাউড়ের নাম ঘোষণা করেন। প্রসঙ্গত, বিএমসি দেশের সবথেকে ধনী পুরসভা। ২০২৫-২৬ সালে এর বাজেট ছিল ৭৪,৪৫০ কোটি টাকা।
অন্যদিকে, শিবসেনার সঞ্জয় শঙ্কর ঘোরি ডেপুটি মেয়র পদে বসছেন। শিবসেনার রাহুল শেওয়ালে নাম ঘোষণা করেন। আগামী ১৫ মাসের জন্য তিনি ডেপুটি মেয়র পদে থাকবেন। শিবসেনা জানিয়েছে, ডেপুটি মেয়রের পদ চারজন কর্পোরেটরের মধ্যে ভাগ করা হবে।
প্রসঙ্গত, সঞ্জয় শঙ্কর ২০২২ সালে উদ্ধব ঠাকরের শিবসেনা থেকে একনাথ শিন্ডের শিবিরে যোগ দেন। এরপরই মহা বিকাশ আগাড়ি সরকারের পতন হয়।
গত জানুয়ারি মাসে মুম্বইয়ের পুরসভার ২২৭ আসনে নির্বাচন হয়। একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে বিজেপি ৮৯টি আসনে জয়ী হয়। শিবসেনা ২৯টি আসনে জয়ী হয়। দুই দল মিলিতভাবে সংখ্যাগরিষ্ঠতার সংখ্যা (১১৪) পার করে যায়।
অন্যদিকে, শিবসেনা (ইউবিটি) ১৯৯৭ সাল থেকে টানা ২৫ বছর ধরে পুরসভা নির্বাচনে জয়ী হয়ে মেয়র পদ ধরে রেখেছে। এবারের নির্বাচনে শিবসেনা (ইউবিটি) ৬৫টি আসনে জয়ী হয়। জোটসঙ্গী মহারাষ্ট্র নবনির্মাণ সেনা ৬টি আসন এবং এনসিপি (শরদ পওয়ার) ১টি আসনে জয়ী হয়। কংগ্রেস ২৪টি আসনে জয়ী হয়, এআইএমআইএম ৮টি এবং এনসিপি( অজিত পওয়ার) ৩টি আসনে জয়ী হয়।