BSNL কর্তা ঘাটে স্নান করবেন, তার জন্য অফিসারদের জোগাড় করতে হবে তোয়ালে-আন্ডারগারমেন্ট! শুনে রেগে লাল কেন্দ্রীয় মন্ত্রী

Jyotiraditya Scindia: বিএসএনএল কর্তা ২০টি কাজের নির্দেশ দিয়েছিলেন প্রায় ৫০ জন অফিসারকে। উত্তর প্রদেশের প্রয়াগরাজে পৌঁছে তিনি প্রথমে সঙ্গমে স্নান করতে যাবেন বলে প্ল্যান করেছিলেন। এরপর বোট সফরে যাওয়া, বড়ে হনুমান মন্দির, অক্ষয়ভাট ও পাতালপুরী মন্দিরে যাওয়ার কথা ছিল।   

BSNL কর্তা ঘাটে স্নান করবেন, তার জন্য অফিসারদের জোগাড় করতে হবে তোয়ালে-আন্ডারগারমেন্ট! শুনে রেগে লাল কেন্দ্রীয় মন্ত্রী
BSNL-র ডিরেক্টর বিবেক বনসল।Image Credit source: X

|

Feb 25, 2026 | 3:57 PM

নয়া দিল্লি: বিএসএনএলের ডিরেক্টরের অফিস ট্যুরেই লম্বা ফিরিস্তি। শুনেই ক্ষাপ্পা কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। কড়া পদক্ষেপের নির্দেশ দিলেন বিএসএনএলের ডিরেক্টর বিবেক বনসলের বিরুদ্ধে। গোটা বিতর্কই শুরু হয় ওই সরকারি আধিকারিকের উত্তর প্রদেশ সফর নিয়ে।

সরকারি সূত্রে খবর,  কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এই বিষয়টি জানতে পেরে অবাক হয়ে যান। গোটা ঘটনাকে তিনি দুঃখজনক ও কোনওভাবেই গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করেছেন।

জানা গিয়েছে, বিএসএনএল বোর্ডের ডিরেক্টর বিবেক বনসলের ২৫-২৬ ফেব্রুয়ারি প্রয়াগরাজ যাওয়ার কথা ছিল। দুই দিনের সফরের জন্য তিনি যে লম্বা ফিরিস্তি দেন, তা ভাইরাল হতেই সফর বাতিল হয়ে যায়।

কী ফিরিস্তি দিয়েছিলেন?

বিএসএনএল কর্তা ২০টি কাজের নির্দেশ দিয়েছিলেন প্রায় ৫০ জন অফিসারকে। উত্তর প্রদেশের প্রয়াগরাজে পৌঁছে তিনি প্রথমে সঙ্গমে স্নান করতে যাবেন বলে প্ল্যান করেছিলেন। এরপর বোট সফরে যাওয়া, বড়ে হনুমান মন্দির, অক্ষয়ভাট ও পাতালপুরী মন্দিরে যাওয়ার কথা ছিল।

সঙ্গমে স্নানের জন্য তিনি আলাদাভাবে ‘স্নান কিট’ রেডি করতে বলেছিলেন, যাতে তোয়ালে থেকে আন্ডারগারমেন্ট, চপ্পল, চিরুণি, আয়না ও তেলের বোতলের উল্লেখ ছিল। ঘাটে ব্যবহারের জন্য একটি বেডশিটও রেডি রাখতে বলা হয়েছিল।

এখানেই শেষ নয়, হোটেল ও সার্কিট হাউসে তাঁর জন্য ড্রাই ফ্রুট, ফলের ঝুড়ি, শেভিং কিট, তোয়ালে, টুথপেস্ট, ব্রাশ, সাবান, শ্য়াম্পু, চিরুণি, তেল তৈরি রাখতে বলা হয়েছিল। এত কিছুর ফিরিস্তি আসার পরই সফর বাতিল করে দেওয়া হয় ওই সরকারি আধিকারিকের। তাঁকে শোকজ নোটিস পাঠানো হয়েছে। সাতদিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

সূত্রের খবর, ওই বিএসএনএল কর্তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারে সরকার। তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।

১৯৮৭ ব্যাচের ইন্ডিয়ান টেলিকমিউনিকেশ সার্ভিস অফিসার। ইলেকট্রনিক্সে ইঞ্জিনিয়ার ডিগ্রি, কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর ও এমবিএ ডিগ্রি আছে। ৩৪ বছরের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তাঁর।