Chorbagan Pandal Stampede: চোরবাগানে মৃত্যু মিছিল! ক্ষতিপুরণের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী
Kolkata Chorbagan Stampede: সপ্তমীর আনন্দ নিমেষে পরিণত হল মৃত্যু মিছিলে। কলকাতার মণ্ডপে ভয়াবহ দুর্ঘটনার খবরে শোকস্তব্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিহত ও আহতদের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা করলেন তিনি। PMO-র তরফে কী বলা হয়েছে?

কলকাতার চোরবাগান সর্বজনীনে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। উৎসবের আনন্দ মুহূর্তের মধ্যে পরিণত হয়েছে বিষাদে। সপ্তমীর সন্ধ্যায় উত্তর কলকাতার অন্যতম জনপ্রিয় চোরবাগান পুজো মণ্ডপে ঘটে গিয়েছে এক ভয়াবহ দুর্ঘটনা। মণ্ডপে পদপিষ্ট হয়ে প্রাণ হারালেন ২০ জন দর্শনার্থী। আহত হয়েছেন একাধিক মানুষ। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা দেশে।
প্রধানমন্ত্রীর আর্থিক সাহায্য ঘোষণা
এই ভয়াবহ বিপর্যয়ের খবর পেয়েই গভীর শোকপ্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর দফতর (PMO) থেকে এক্স হ্যান্ডেল থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, কলকাতার এই পদপিষ্ট হওয়ার দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। যাঁরা নিজেদের প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্রতি সমবেদনা জানানো হয়েছে। সেই সঙ্গে ঘোষণা করা হয়েছে বড় অঙ্কের আর্থিক ক্ষতিপূরণও। জানা গিয়েছে, মৃতদের নিকটাত্মীয়কে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল (PMNRF) থেকে ২ লক্ষ টাকা করে দেওয়া হবে। পাশাপাশি যাঁরা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন, তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে সাহায্য দেওয়া হবে। আহতরা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন, সেই প্রার্থনাও করা হয়েছে প্রধানমন্ত্রীর তরফ থেকে। ওই বার্তায় আরও বলা হয়েছে যে, স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সব রকম ভাবে সাহায্য করছে।
- PMO-র তরফে দেওয়া বিবৃতি
কী ঘটেছিল সপ্তমীর সন্ধ্যায়?
মণ্ডপে অত্যাধিক ভিড়ের কারণেই এই মর্মান্তিক পরিণতি দেখতে হল সাধারণ মানুষকে। জানা গিয়েছে, মণ্ডপের একাংশ ভেঙে পড়ার রব ওঠে। এরপরই দর্শনার্থীরা আতঙ্কিত হয়ে নিজেদের প্রাণ বাঁচাতে দৌড়তে শুরু করেন। হুড়োহুড়ির জেরে একে অপরের গায়ের ওপর পড়ে যান বহু মানুষ। পদপিষ্ট হয়ে ঘটনাস্থলেই অনেকের মৃত্যু হয়। মৃতদের মধ্যে ২৭ বছরের এক তরুণী শ্রীপর্ণা পোদ্দারের পরিচয় পাওয়া গিয়েছে। এখনও পর্যন্ত ১৫ জন কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

