
পটনা ও নয়াদিল্লি: পটনায় একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রয়াত বাবাকে নিয়ে বিতর্কিত মন্তব্য কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের। তাঁর সেই মন্তব্য নিয়ে তীব্র আক্রমণ করল বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন কংগ্রেসের বিরুদ্ধে রাজনৈতিক শালীনতার সীমা লঙ্ঘনের অভিযোগ তুলেছেন। খাড়্গের মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ার দাবিও জানিয়েছে গেরুয়া শিবির।
বিহারের প্রথম মুখ্যমন্ত্রী শ্রীকৃষ্ণ সিংহের ১৩৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই বিতর্কের সূত্রপাত। রবিবার সেখানে বক্তব্য রাখার সময় দর্শকাসনে উপস্থিত এক ব্যক্তি খাড়্গেকে বাধা দেন। অভিযোগ, ওই ব্যক্তি বলেন, মোদী কোথাও যাবেন না। এর জবাবে রীতিমতো উত্তেজিত হয়ে খাড়্গে বলেন, “মোদী কা বাপ ভি জায়েগা”। মোদীর বাবাও চলে যাবেন। একবার নয়, একই মন্তব্য দু’বার করেন তিনি। এরপরই অনুষ্ঠানস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সন্তোষ কুমার নামে ওই ব্যক্তিকে ঘিরে ধরে মারধর করা হয় বলে অভিযোগ। পরে তাঁকে অনুষ্ঠানস্থল থেকে বের করে দেওয়া হয়। তবে পরবর্তী সময়ে সন্তোষ দাবি করেন, তিনি আসলে বলতে চেয়েছিলেন, বিদ্রোহ না হলে মোদী যাবেন না। তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
খাড়্গেকে আক্রমণ অমিত শাহ ও নীতিন নবীনের-
খাড়্গের মন্তব্যের তীব্র নিন্দা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, প্রধানমন্ত্রীর প্রয়াত বাবাকে নিয়ে মন্তব্য করে রাজনৈতিক শালীনতার সীমা অতিক্রম করেছেন খাড়্গে। এক্স হ্যান্ডলে একটি পোস্টে শাহ লেখেন, মোদী এবং তাঁর পরিবারকে নিশানা করে বারবার আপত্তিকর ভাষা ব্যবহার করেছে কংগ্রেস। অতীতে মোদীর মা-কে নিয়ে মন্তব্য, তাঁকে ‘মৃত্যুর সওদাগর’ বলা এবং তাঁর পেশাগত পরিচয় নিয়ে কটাক্ষ করার প্রসঙ্গও তুলে ধরেন তিনি। শাহ বলেন, “রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস প্রতিদিনই শালীনতার সীমা অতিক্রম করে চলেছে।”
খাড়্গের মন্তব্যের নিন্দা করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনও। তাঁর বক্তব্য, এই মন্তব্য কংগ্রেসের ‘আদর্শগত দেউলিয়াপনা’র পরিচয়। উন্নয়ন, সরকারি নীতি এবং জনকল্যাণমূলক প্রকল্প নিয়ে সরকারের বিরুদ্ধে বলার মতো কোনও জোরালো বিষয় না থাকায় কংগ্রেস ব্যক্তিগত আক্রমণের পথ বেছে নিচ্ছে বলে দাবি করেন তিনি। খাড়্গের মন্তব্যকে লজ্জাজনক বলে উল্লেখ করে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে বিজেপি। এই মন্তব্যের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচিরও ঘোষণা করেছে কেন্দ্রের শাসকদল।
খাড়্গের বিরুদ্ধে সরব বিজেপির একাধিক নেতা-
এই ইস্যুতে কংগ্রেস সভাপতিকে আক্রমণ করেছেন বিজেপির আরও কয়েকজন নেতা। কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অভিযোগ, মোদীর নীতির সমালোচনা না করে তাঁকে ব্যক্তিগতভাবে নিশানা করছে কংগ্রেস। বিজেপির মুখপাত্র তুহিন এ সিনহা খাড়্গের মন্তব্যকে ‘বিরক্তিকর, অপরিণত এবং অশালীন’ বলে বর্ণনা করেছেন।
কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়ালের বক্তব্য, ভারত একটি গণতান্ত্রিক দেশ, কংগ্রেসের ‘দরবার’ নয় যে সেখানে নেতারা যখন-তখন অন্যদের অপমান করবেন। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংও কংগ্রেস নেতৃত্বকে নিশানা করেন। তাঁর বক্তব্য, আগে তিনি মনে করতেন, এই ধরনের মন্তব্য শুধু রাহুল গান্ধীই করেন। পাশাপাশি তাঁর দাবি, আগামী ৩০ বছর অন্তত ক্ষমতায় থাকবেন মোদী।