PM Narendra Modi: মোদীই এবার টিপস দেবেন বিরোধীদের, শুনুন কী বললেন…

PM Narendra Modi in Parliament: সংসদে বিরোধীদের নাটক না করার পরামর্শও দিয়েছেন প্রধানমন্ত্রী। সরাসরি আক্রমণ করে বলেছেন, "ড্রামা করার অনেক জায়গা আছে, সংসদে ড্রামা নয়, ডেলিভার করুন। স্লোগান দেওয়ার জন্য গোটা দেশ ফাঁকা পড়ে আছে, যেখানে হেরে গিয়েছেন, সেখানে বলেছেন। যেখানে হারবেন, সেখানে গিয়েও বলুন।"

PM Narendra Modi: মোদীই এবার টিপস দেবেন বিরোধীদের, শুনুন কী বললেন...
সংসদের বাইরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।Image Credit source: PTI

|

Dec 01, 2025 | 12:53 PM

নয়া দিল্লি: বিহারে শোচনীয় হার বিরোধী জোটের। তার আগে মহারাষ্ট্র, গুজরাট, মধ্য প্রদেশেও ধরাশায়ী হয়েছে কংগ্রেস (Congress)। বিরোধীদের এই লজ্জাজনক দশা যেন আর চোখে দেখতে পারছেন না প্রধানমন্ত্রী মোদী (PM Narendra Modi)। তাদের রণনীতিতে পরিবর্তন করার পরামর্শ দিলেন তিনি। চাইলে বিরোধীদের টিপস দিতেও রাজি তিনি। বিরোধীরা কি এবার প্রধানমন্ত্রীর স্ট্রাটেজিতেই চলবে?

সংসদের শীতকালীন অধিবেশন শুরু হয়েছে। প্রথা মেনেই অধিবেশন শুরুর আগে সংসদের বাইরে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তাঁর বক্তব্যে উঠে আসল বিরোধীদের পরাজয় ও হতাশার কথা। প্রতিবারই অধিবেশনের আগে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তাতে বিরোধীদের উদ্দেশেও বিশেষ বার্তা থাকে। এবার কার্যত বিরোধীদের মনোবল বাড়ানোর দায়িত্বই যেন নিয়ে নিলেন প্রধানমন্ত্রী। দিতে চাইলেন টিপস।

এ দিন সংসদের শীতকালীন অধিবেশনের শুরুতেই প্রধানমন্ত্রী বিরোধী দলগুলিকে কার্যত একহাত নেন। বিহারের নির্বাচনের ফলাফলের প্রসঙ্গে নাম না করেই কংগ্রেসকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, “বিগত কিছু সময় ধরে লক্ষ্য করছি, সংসদে নির্বাচনের প্রচার বা হারের হতাশা, দুঃখপ্রকাশ করতে ব্যবহার করা হচ্ছে। এমনই অবস্থা যে অনেকে ক্ষমতায় থাকা সত্ত্বেও কাজ করছেন না। যাবতীয় রাগ সংসদে এসে বের করছেন। সংসদকে রাজ্যের রাজনীতির জন্য ব্যবহার করার চল শুরু হয়েছে। কিছুজন এটা শুরু করেছে। তাদের এটা ভাবা উচিত যে বিগত ১০ বছর ধরে এই যে খেলা খেলছেন, দেশ তা গ্রহণ করছে না।”

বিরোধীদের টিপ্পনি কেটে প্রধানমন্ত্রী বলেন, “আপনাদের রণনীতিতে পরিবর্তন করুন। কীভাবে পারফর্ম করতে হবে, আমি টিপস দিতে রাজি আছি। কিন্তু সাংসদদের অধিকারে হস্তক্ষেপ করবেন না। নতুন সাংসদদের কথা বলার সুযোগ দিন। নিজেদের নিরাশা-হারের বলি সাংসদদের করবেন না। রাষ্ট্র উন্নতির পথে চলছে। এই সংসদও সেই লক্ষ্যে কাজ করবে।

সংসদে বিরোধীদের নাটক না করার পরামর্শও দিয়েছেন প্রধানমন্ত্রী। সরাসরি আক্রমণ করে বলেছেন, “ড্রামা করার অনেক জায়গা আছে, সংসদে ড্রামা নয়, ডেলিভার করুন। স্লোগান দেওয়ার জন্য গোটা দেশ ফাঁকা পড়ে আছে, যেখানে হেরে গিয়েছেন, সেখানে বলেছেন। যেখানে হারবেন, সেখানে গিয়েও বলুন।”

প্রধানমন্ত্রীর পাল্টা জবাবে কংগ্রেস সাংসদ প্রিয়ঙ্কা গান্ধী বলেন যে এসআইআর ও বায়ুদূষণ বড় বিষয়। তিনি বলেন, “আমাদের আলোচনা করতে দিন। সংসদ কীসের জন্য? এটা নাটক নয়। এই বিষয় তোলা বা এই নিয়ে কথা বলা কোনও নাটক নয়। ড্রামা হল জনগণের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গণতান্ত্রিক আলোচনা করতে না দেওয়া।”

মোদীর এই কথায় চটেছেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়ও। ডায়মন্ড হারবারে ‘সেবাশ্রয় ২’-এর উদ্বোধনী মঞ্চ থেকে তিনি বলেন, “এসআইআর-এর জন্য বাংলায় ৪০ জনের মৃত্যু হয়েছে। আমরা এসআইআর-এর বিরোধী নই, কিন্তু এই অপরিকল্পিত উদ্যোগের বিরোধী। ছয় মাস ধরে এসআইআর করুন, আমাদের কোনও সমস্যা নেই। কিন্তু বিএলওদের সঠিক ভাবে প্রশিক্ষণ দিন। আর আমরা এই সব নিয়ে আলোচনা চাইলে আমাদের দাবিকে ড্রামা বলা হয়।”

প্রসঙ্গত, এই প্রথম নয়, এর আগেও প্রতি সংসদ অধিবেশনের আগেই প্রধানমন্ত্রী যখনই বক্তব্য রেখেছেন, বিরোধীদের উদ্দেশে বিশেষ বার্তা দিয়েছেন। এর আগে বাদল অধিবেশনের সময়ও প্রধানমন্ত্রী যখন অপারেশন সিঁদুর নিয়ে বক্তব্য রেখেছিলেন সংসদের বাইরে, সেই সময়ও বিরোধীদের উদ্দেশে বলেছিলেন যে পহেলগাঁও হামলা এবং ভারত-পাকিস্তান সংঘাতের সময় বিরোধীরা যে ঐক্য দেখিয়েছিল, দেশের স্বার্থে সকলে একজোট হয়েছিল, সংসদের অধিবেশনেও যেন সেই ঐক্য দেখায়।

বাজেট অধিবেশনের আগেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকল সাংসদদের বলেছিলেন যে লড়াই শেষ করে, দলীয় রাজনীতি থেকে ঊর্ধ্বে উঠে যেন সকলে মিলে দেশের উন্নয়নে একসঙ্গে আলোচনায় অংশ নেন। গঠনমূলক পদক্ষেপ করেন।

Follow Us